০১:১৪ পি.এম
ঢাকা, ৯ জুন, ২০২৬ : সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে দীর্ঘকাল ধরে চলা মতবিরোধের কারণে ফ্রান্স এবং জার্মানি যৌথভাবে পরিচালিত যুদ্ধবিমান কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বার্লিন সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। ইউরোপের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রচেষ্টার জন্য এটি অত্যন্ত বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানিয়েছে। ২০১৭ সালে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস) প্রকল্পটি উদ্বোধন করা হয়েছিল। এর লক্ষ্য ছিল ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান এবং জার্মানি ও স্পেনের ব্যবহৃত ইউরোফাইটার বিমানের বিকল্প তৈরি করা।
রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির বিশেষ পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো যখন প্রতিরক্ষার ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতার চেষ্টা করছে, তখন এ প্রকল্পটি সেই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি বলে মনে করা হচ্ছিল।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
তবে বহু বিলিয়ন ডলারের এই কর্মসূচি শুরু থেকেই সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মতবিরোধের কারণে সমস্যায় পড়েছিল। এর মধ্যে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং জার্মানি ও স্পেনের প্রতিনিধিত্বকারী এয়ারবাসের মধ্যে বিরোধ ছিল।
জার্মান সরকারের একজন কর্মকর্তা এএফপি’কে জানান, চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ বিষয়ে একমত হয়েছেন যে, যৌথ যুদ্ধবিমান নির্মাণে সংশ্লিষ্ট কোম্পানিগুলো আর কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে না।
তিনি বলেন, ‘তারা বাস্তবতাকে স্বীকার করেছেন।’ তবে ওই কর্মকর্তা বলেন, প্রকল্পের অন্যান্য অংশ চালু থাকবে। তিনি জানান, ‘এফসিএএসের মূল অংশকে একটি ইউরোপীয় ব্যবস্থা হিসেবে এগিয়ে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, এটি হবে একটি ‘স্নায়ুতন্ত্র’, যা যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য উপাদানকে একীভূত কাঠামোর মধ্যে যুক্ত করবে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
তিনি জানান, আসন্ন এক বৈঠকে ফ্রান্স ও জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় সংযুক্ত কয়েকটি বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ প্রকল্পকে কেন্দ্র করে ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতার একটি পরিকল্পনা তৈরি করবে।
ভূরাজনৈতিক অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বিচ্ছিন্ন সামরিক সক্ষমতাকে আরও সমন্বিত করার দাবি আরও জোরালো হচ্ছিল। এমন পরিস্থিতিতেই এফসিএএস বাতিলের খবর এলো।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
এফসিএএস প্রকল্পটি টিকিয়ে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হয়েছে। মার্চ মাসে একজন ফরাসি ও একজন জার্মান মধ্যস্থতাকারীকে প্রকল্পটি রক্ষার জন্য প্রস্তাব তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তারা কোনো সমাধানে পৌঁছাতে পারেননি।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এদিকে দাসো অ্যাভিয়েশনের প্রধান বারবার জানিয়েছেন, প্রতিষ্ঠানটি চাইলে একাই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারে এবং তিনি যৌথ ব্যবস্থাপনার পক্ষে নন।
প্রকল্পের সমাপ্তি এমন একটি সময় এসেছে, যখন মের্ৎস ও মাখোঁ দুজনেই প্রকাশ্যে এর সফলতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।
চলতি বছরের শুরুতে মের্ৎস বলেছিলেন, ‘যৌথ ইউরোপীয় প্রকল্প, বিশেষ করে জার্মানি-ফ্রান্স প্রকল্প বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
অন্যদিকে এপ্রিল মাসে মের্ৎসের সঙ্গে বৈঠকের পর মাখোঁ প্রকল্পটি বন্ধ হওয়ার দাবিকে নাকচ করেছিলেন। তার বক্তব্য ছিল, ‘আমরা এগিয়ে যাচ্ছি। ইউরোপের এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্য, অধিক স্বাধীনতা এবং বৃহত্তর সার্বভৌমত্ব প্রয়োজন।’
আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা চাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন