ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হামে ৮ মাস পর মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ


হামে ৮ মাস পর মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

হামের প্রকোপ শুরু হওয়ার পর দীর্ঘ আট মাসেরও বেশি সময় পেরিয়ে অবশেষে দেশের জনগণের জন্য একটি স্বস্তির খবর এসেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত কিংবা সন্দেহজনক কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটি প্রথম মৃত্যুশূন্য দিন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

যদিও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে, তবে সংক্রমণ পুরোপুরি থামেনি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২১ জন।

আরও পড়ুন: হাম ও উপসর্গে ৮ মাস পর মৃত্যু শূন্য দিন

নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত রোগীর সব কটিই দেশের তিনটি বিভাগে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন শনাক্ত হয়েছেন, সিলেট বিভাগে ৩৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে। দেশের বাকি পাঁচ বিভাগ–ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

তবে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে দেশের আটটি বিভাগেই। ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।

আরও পড়ুন: হজযাত্রীদের জন্য ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র হত্যা মামলায় প্রচার প্রকাশনা লীগের সভাপতি আবুল গ্রেপ্তার, রিমান্ড চেয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


ছাত্র হত্যা মামলায় প্রচার প্রকাশনা লীগের সভাপতি আবুল গ্রেপ্তার, রিমান্ড চেয়েছে পুলিশ

২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় বাংলাদেশ আওয়ামী প্রচার ও প্রকাশনা লীগের সভাপতি হিসেবে পরিচিত হাজী মোহাম্মদ আবুল হোসেন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লকের নিজ বাসা থেকে গভীর রাতে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) পাওয়া তথ্য অনুযায়ী, বেলা ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবুল হোসেনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তিনি মালিবাগের গুলবাগে তিন খুনের মামলার আসামি বলেও দাবি করা হয়েছে।

এদিকে, তার ছোট ছেলে নিবিড় আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। শাজাহানপুরে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাংলা ট্রিবিউনের ২০২৩ সালের ২৩ জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হাবিব আহসান আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দাবি করেন, যুক্তরাষ্ট্র থেকে নিবিড় তাকে রুবেলের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া নিবিড়ের বিরুদ্ধে মৌচাক ও মালিবাগ এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

আবুল হোসেনের বড় ছেলে আবির হোসেনের বিরুদ্ধে মৌচাক ও ফরচুন মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি, ফোনে হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও তোলা হয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে রমনা থানা পুলিশ গ্রেপ্তার করেছিল বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, আবুল হোসেন ও তার সহযোগীদের কারণে তারা দীর্ঘদিন ধরে আতঙ্কে রয়েছেন। এখনো তাদের হুমকি ও হয়রানি করা হচ্ছে। এতে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা।
ভুক্তভোগী ব্যবসায়ীরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। পাশাপাশি চাঁদাবাজি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভেচ্ছা জানালেন শোভিতা, স্বামী নাগাকে ‘প্রেমিক’ বললেন জন্মদিনে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


শুভেচ্ছা জানালেন শোভিতা, স্বামী নাগাকে ‘প্রেমিক’ বললেন জন্মদিনে

দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের ৪০তম জন্মদিন উপলক্ষে স্ত্রী শোভিতা ধুলিপালা ভালোবাসায় পরিপূর্ণ শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেছেন। সেখানে নাগাকে ‘প্রেমিক’ বলে উল্লেখ করেছেন শোভিতা।

ছবিগুলোতে তাদের একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। অন্য একটি ছবিতে নাগা চৈতন্যকে একটি বিশেষ আয়নার সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে শোভিতা লেখেন, ‘হ্যাপি বার্থডে লাভার।’

২০২৪ সালে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে ঐতিহ্যবাহী তেলেগু রীতিতে নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে সম্পন্ন হয়। একই বছরের ৮ আগস্ট তাদের বাগ্‌দান অনুষ্ঠিত হয়।

বিয়ের পর কাজ ও সংসার কীভাবে সামলাচ্ছেন, সেই বিষয়ে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শোভিতা আলোচনা করেছেন। তিনি জানান, বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তামিলনাড়ুতে শুটিংয়ে চলে যেতে হয়েছিল তাকে। সেখানে তিনি ১৫০ দিনের বেশি সময় কাটান। বিয়ের প্রথম বছরে মাসে একবার নাগার সঙ্গে দেখা হতো তার।

শোভিতা বলেন, তাদের সম্পর্কের সংযোগ অটুট রাখতে কী প্রয়োজন, তা তারা গুরুত্ব সহকারে দেখেন। সময়ের সঙ্গে নিজেদের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তারা।

সম্পর্ক নিয়ে জনমতের চাপ কীভাবে সামলান, সে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী। তার মতে, সমাজের প্রতিক্রিয়া আবহাওয়ার মতো—বদলে যায়। তাই বাইরের কথার চেয়ে নিজের বাস্তবতা সম্পর্কে সচেতন থাকা এবং মানসিকভাবে স্থির থাকা গুরুত্বপূর্ণ।

কাজের ক্ষেত্রে শোভিতাকে সর্বশেষ দেখা গেছে অ্যামাজন প্রাইমের অরিজিনাল সিরিজ ‘চীকাটিলো’তে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোগল স্থাপত্যশৈলীর অনন্য মিশ্রণ প্রধান বিচারপতির বাসভবনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


মোগল স্থাপত্যশৈলীর অনন্য মিশ্রণ প্রধান বিচারপতির বাসভবনে

রাজধানীর রমনা সবুজ ছায়াঘেরা উদ্যানের পাশে একটি ঐতিহাসিক স্থাপনা দাঁড়িয়ে আছে গৌরবের সাথে। এই ভবনটি শতবর্ষ পেরিয়ে গেছে এবং এটি দেশের সর্বোচ্চ বিচার বিভাগের প্রধানের বাসভবন হিসেবে পরিচিত। এটি ঢাকার স্থাপত্য ইতিহাস ও প্রশাসনিক বিবর্তনের একটি জীবন্ত সাক্ষী।

ভবনটির নির্মাণ শুরু হয়েছিল ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। ঢাকাকে নবগঠিত ‘পূর্ববঙ্গ ও আসাম’ প্রদেশের রাজধানী ঘোষণা করার পর ব্রিটিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য রমনা এলাকায় বেশ কিছু দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়। এর ধারাবাহিকতায় ১৯০৮ সালে ১৯ হেয়ার রোডে এই ভবনটি নির্মিত হয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর ভবনটি বিভিন্ন সময়ে প্রশাসনিক ও আবাসিক কাজে ব্যবহৃত হয়েছে।

শতবর্ষী এই স্থাপনার নির্মাণশৈলী স্থাপত্যপ্রেমীদের মুগ্ধ করে। এতে মোগল আমলের রাজকীয় খিলান ও নকশার সঙ্গে ইউরোপীয় রেনেসাঁ বা ধ্রুপদি স্থাপত্যরীতির স্তম্ভ, প্রশস্ত বারান্দা এবং উঁচু ছাদের এক অনবদ্য সংমিশ্রণ ঘটানো হয়েছে। ইন্দো-সারাসেনিক ঘরানার এই স্থাপত্যশৈলী তৎকালীন ঢাকার ঔপনিবেশিক নগর-পরিকল্পনার একটি উজ্জ্বল উদাহরণ।

সদ্য সাবেক রেজিস্টার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী জানান, প্রধান বিচারপতির ডুপ্লেক্স বাসভবনটিতে ১৮২টি জানালা রয়েছে, যা এর নির্মাণশৈলীর একটি অনন্য নিদর্শন। বাসভবনের ভেতরেই একটি পূর্ণাঙ্গ সুসজ্জিত ব্যক্তিগত কার্যালয় বা অফিস কক্ষ রয়েছে। জরুরি মুহূর্তে বা ছুটির দিনে কোর্ট বন্ধ থাকলেও তিনি এখান থেকে অত্যন্ত সংবেদনশীল বা বিশেষ দাপ্তরিক ফাইল সই ও বিচারিক কাজ পরিচালনা করতে পারেন।

ভবনের ভেতরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আন্তর্জাতিক প্রতিনিধিদল কিংবা সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের সঙ্গে একান্ত বৈঠক বা সৌজন্য সাক্ষাতের জন্য বিশেষ আভিজাত্যপূর্ণ লাউঞ্জ ও সাক্ষাৎকার কক্ষের সুবিধা রয়েছে।

শতবর্ষী এই ভবনের ভেতরে মোগল ও ইউরোপীয় ধ্রুপদি স্থাপত্যরীতির প্রাচীন রূপ ধরে রেখে আধুনিকীকরণ ও সংস্কার করা হয়েছে। এর ড্রয়িংরুম ও ডাইনিং স্পেসগুলো রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়নের জন্য উপযুক্ত আভিজাত্যে সাজানো হয়েছে।

এছাড়া, মূল ভবনের চারপাশে সুপরিসর মাঠ ও সবুজে ঘেরা চমৎকার বাগান রয়েছে। গাছপালায় ঘেরা এই প্রাকৃতিক পরিবেশ প্রধান বিচারপতির ব্যক্তিগত সময় কাটানো এবং নিভৃত চিন্তাভাবনার জন্য অত্যন্ত সহায়ক।

ইতিহাসের নানা বাঁক পেরিয়ে ১৯৫০-এর দশকের শুরু থেকে ভবনটি স্থায়ীভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি এবং স্বাধীন বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই আঙিনা দেশের বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি ও ঐতিহাসিক মুহূর্তের নীরব সাক্ষী হয়ে আছে।

সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় ভবনটিতে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির মৌলিক কাঠামো ও ঐতিহ্য স্থায়ীভাবে রক্ষার উদ্যোগ নেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তার উদ্যোগে ‘পুরাকীর্তি আইন, ১৯৬৮’-এর বিধান অনুযায়ী ভবনটির মালিকানা ও ব্যবহারস্বত্ব বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুকূলে অক্ষুণ্ণ রেখে এটিকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ হিসেবে ঘোষণার কার্যক্রম শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সুপ্রিম কোর্ট প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সমন্বয়ে ইতিমধ্যেই এর কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

বাড়িটির বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ডিজি সাবিনা আলম জানান, তৎকালীন প্রধান বিচারপতির অনুরোধে আমরা পূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা বাড়িটি পরিদর্শন করেছিলাম। পরে এ বিষয়ে কী অগ্রগতি হয়েছিল তা আর জানা যায়নি।

তবে অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান, বাড়িটির বিষয়ে একটি সার্ভে হয়েছিল। সে রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় সম্পদ

স্থাপত্যবিদ ও ইতিহাসবিদদের মতে, দ্রুত নগরায়ণের এই যুগে ঢাকার ঐতিহ্যবাহী ভবনগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। প্রধান বিচারপতির বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হলে তা একটি অমূল্য জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি পাবে। এর ফলে ভবনটির মূল নকশা ও স্থাপত্যিক সৌন্দর্য যেমন সুরক্ষিত থাকবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও এই স্থাপনার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে।

বাড়িটিকে প্রত্নতাত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তরের বিষয়ে মূল উদ্যোক্তা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ বিষয়ে আমার দেশকে বলেন, ঐতিহাসিক স্থাপনাটি যথাযথ সংরক্ষণ জরুরি। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সংরক্ষণের এ উদ্যোগটি নিয়েছিলাম।

বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পূর্ত ঢাকা রমনা-১ ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী অমিয় সাহা শুভ আমার দেশকে বলেন, বাড়িটি এখনো পর্যন্ত তাদের রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে বাড়িটি হস্তান্তরের বিষয়টি এখনো তাদের কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ৮ কেজি হেরোইন ও বিদেশি পিস্তলসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


রাজশাহীতে ৮ কেজি হেরোইন ও বিদেশি পিস্তলসহ ৪ জন আটক

রাজশাহী, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজশাহীতে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন, যার মূল্য ৮ কোটি টাকা, এবং দু’টি বিদেশি পিস্তল, গুলিসহ ম্যাগজন, টাকাসহ চারজনকে আটক করেছে এসআরবি-৫।

আজ সোমবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫) রাজশাহীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মহানগরে অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৫ এর একটি যৌথ আভিযানিক দল রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. ময়না বেগম এবং শাহাদত হোসেনকে আটক করে। তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

তিনি আরও জানান, অপর একটি আভিযানিক যৌথ দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রাণীগর হাটপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত আহসান আলী এবং আব্দুর রহিমকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বসতবাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে দু’টি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দু’জন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আসামি আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আগে থেকেই একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা এবং একটি গুরুতর জখমের মামলা রয়েছে। অপরদিকে, আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%