০৬:০৬ পি.এম
কিউবার উত্তর-পশ্চিম উপকূলের কাছে সোমবার (৮ জুন) স্থানীয় সময় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সরকারি তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কম্পন শুধু কিউবা নয়, তা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু অংশে অনুভূত হয়েছে, যদিও এসব এলাকা সাধারণত ভূমিকম্পপ্রবণ নয়।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। এটি উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) গভীরে। কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে প্রায় ১০৪ কিলোমিটার দূরে। রাজধানী হাভানা থেকে এলাকাটি সড়কপথে প্রায় দুই থেকে চার ঘণ্টার দূরত্বে অবস্থিত।
ইউএসজিএস এর ভূকম্পবিদ পল আর্ল বলেন, ক্যারিবীয় অঞ্চলের এই অংশে এমন ভূমিকম্প অস্বাভাবিক। কারণ এটি দুটি টেকটোনিক প্লেটের সীমান্তের মধ্যে নয়, বরং একটি প্লেটের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। এধরণের স্থানে ভূমিকম্প সাধারণত কম ঘনঘন এবং বিচ্ছিন্নভাবে ঘটে।
আরও পড়ুন: সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায়, তাদের সময় দেওয়া হচ্ছে
আর্ল জানান, সোমবারের ভূমিকম্পের ৩২২ কিলোমিটার (২০০ মাইল) ব্যাসার্ধের মধ্যে সর্বশেষ এত শক্তিশালী ভূমিকম্প হয়েছিল ১৮৮০ সালে, যখন কিউবার সান ক্রিস্টোবাল এলাকার কাছে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু কিউবায় এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ অর্থনৈতিক সংকটের কারণে দেশটির বহু ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া চলমান ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।
পশ্চিম কিউবার এক বাসিন্দা বলেন, ‘কম্পনটি খুবই শক্তিশালী ছিল। আমি জীবনে এমন কিছু কখনও অনুভব করিনি। মানুষ ভয়ে ঘর থেকে বাইরে ছুটে এসেছিল। এখানে আগে কখনও এমন ভূমিকম্প অনুভূত হয়নি।’
ইউএসজিএস জানায়, এর কম্পন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কিছু অংশেও অনুভূত হয়েছে। অন্যদিকে মেক্সিকোর বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিসার্চ সোসাইটির নেতৃত্বে রেদওয়ান-ইয়ামিন
সূত্র: ইউএস নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন