ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশন সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে : শিক্ষা প্রতিমন্ত্রী


শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশন সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ বুধবার ঢাকায় ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।

তিনি বলেন, ‘দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। গান, নৃত্য, আবৃত্তি, গল্প বলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সৃজনশীলতা ও দক্ষতা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে সম্প্রচার এবং আকর্ষণীয় পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হবে।’

আজ মঙ্গলবার ঢাকায় মিরপুরে পিটিআইতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং)-এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রাজশাহীতে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা, গ্রেপ্তার পলাশ আলী

প্রতিমন্ত্রী আরও জানান, ‘আজ আমাদের খুদে শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও চমৎকার পরিবেশনা উপস্থাপন করেছে। তবু তাদের আত্মবিশ্বাস ও প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। আগামী দিনে আমরা আরো উন্নত আয়োজনের মাধ্যমে তাদের সেরাটা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই।’

এছাড়া, তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা কোনো অংশেই পিছিয়ে নয়। তাদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মানের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সৃজনশীল নেতৃত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বিকশিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।’

আগামী বছর থেকে এ ধরনের প্রতিযোগিতা আরো বৃহৎ পরিসরে আয়োজনের ঘোষণা দিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘ভবিষ্যতে এই প্রতিযোগিতাগুলো টেলিভিশনে সম্প্রচার করা হবে, যাতে সারা দেশের মানুষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা উপভোগ করতে পারে। একই সঙ্গে পুরস্কারের পরিধিও বাড়ানো হবে।’

এ সময় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে নতুন প্রণোদনার কথাও জানান তিনি।

আরও পড়ুন: মাদরাসাশিক্ষক ৫০ টাকা দিয়ে শিশুর মুখ বন্ধ করার চেষ্টা

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী যদি বড় পুরস্কার অর্জন করে, তাহলে শিক্ষার্থীর পুরস্কারের পাশাপাশি বিদ্যালয়ের জন্যও বিশেষ অনুদানের ব্যবস্থা করা হবে। এতে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আরো উৎসাহিত হবে।’

তিনি উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আরো ব্যাপকভাবে প্রচার করতে হবে। স্থানীয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে হবে।

পরে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আঞ্চলিক অস্থিতিশীলতা কাটিয়ে এমিরেটসের পুনরুদ্ধারের প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


আঞ্চলিক অস্থিতিশীলতা কাটিয়ে এমিরেটসের পুনরুদ্ধারের প্রত্যয়

আঞ্চলিক অস্থিতিশীলতা কাটিয়ে আবারও পূর্ণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রকাশ করেছেন দুবাই-ভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক। তিনি জানিয়েছেন, শিগগিরই মধ্যপ্রাচ্যে বিমান সংস্থাগুলোর সংকট থেকে তাদের বিমান সংস্থা আগের অবস্থানে ফিরবে।

এদিকে, তিনি বর্তমান পরিস্থিতে কাজে লাগিয়ে সুযোগ নিতে চাওয়া ইউরোপীয় বিমান সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছেন। বার্লিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্লার্ক বলেন, এমিরেটসের পরিবহন কমানো, হ্রাস করা বা অন্য কিছু করার মনে কোনও ইচ্ছা নেই। তিনি আরও বলেন, কয়েক দশক ধরে উদীয়মান নতুন এয়ারলাইনগুলোর বিরুদ্ধে নিজেদের প্রতিক্রিয়া তৈরির সুযোগ না পেয়েও ইউরোপীয় বিমান সংস্থাগুলোকে তাদের মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতার সুযোগ নিতে দেখা 'একটু দুঃখজনক'।

এমিরেটসের প্রেসিডেন্ট বলেন, 'তাদের সকলের প্রতি আমার বার্তা হলো, তোমরা কী চাও সে বিষয়ে সতর্ক থেকো, আমরা খুব শক্তভাবে এবং দ্রুত সমর্থন দেব।'

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং ইতিহাদ এয়ারওয়েজ তাদের কার্যক্রম কমাতে বাধ্য হয়েছিল। এর ফলে একটি প্রধান বিমান চলাচল অঞ্চল কয়েক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায়, যা ডয়চে লুফথানসা এজির মতো সংস্থাগুলোর জন্য একটি সুযোগ তৈরি করে, যারা এখন এশিয়ায় তাদের সক্ষমতা বাড়াচ্ছে।

ইতোমধ্যে কিছু সংস্থা প্রকাশ্যে বলছে, এমিরেটসের মতো সংস্থার কাছ থেকে ব্যবসা ছিনিয়ে নেওয়ার সুযোগ বেশিদিন থাকবে না। এই সপ্তাহের ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় কর্মকর্তারা বলেছেন, মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

ক্লার্ক এমিরেটসকে বার্লিনসহ আরও বাজারে মুক্ত এবং অবাধ প্রবেশাধিকার দেওয়ার জন্য একটি আবেগপূর্ণ আবেদন করেছেন। এতে বিমান সংস্থাটি দীর্ঘদিন ধরে একটি স্লট পাওয়ার চেষ্টা করছে। জার্মান কর্তৃপক্ষ এখনও সেই ইচ্ছা প্রত্যাখ্যান করেছে। জার্মান সরকার বিমান সংস্থাটিকে তাদের শহরগুলিতে থাকা চারটি স্লটের বাইরে আর কোনো স্লট দেওয়া হবে না বলে জানিয়েছে।

এ প্রসঙ্গে ক্লার্ক বলেছেন, 'আমরা যা কিনেছি, শুধুমাত্র তার মাধ্যমেই জার্মানিতে বিপুল অর্থনৈতিক সম্পদ এনেছি।' তিনি আংশিকভাবে নির্মিত বিমান এবং স্থানীয় সরবরাহকারীদের ওপর করা বিনিয়োগের দিকে ইঙ্গিত করেন। বার্লিনে যাওয়ার অনুমতি পাওয়ার জন্য আমাদের কাছে অত্যন্ত জোরালো কারণ রয়েছে বলেও যুক্ত করেছেন।

ক্লার্ক আরও ইঙ্গিত দিয়েছেন, বিমান সংস্থাটি এয়ারবাস এসই-এর এ৩৫০-১০০০ মডেলের বিমান অর্ডার করার জন্য কোনো তাড়াহুড়ো করছে না, যা একটি ওয়াইডবডি জেটের বড় সংস্করণ এবং বিমান সংস্থাটি ইতোমধ্যেই এটি পরিচালনা করছে। এমিরেটস বড় আকারের বিমানটির ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়ে সোচ্চার সমালোচনা করেছে এবং বলেছে, রোলস-রয়েস হোল্ডিংস পিএলসি-এর মডেলটি তাদের স্থায়িত্বের নির্দিষ্ট মান পূরণ করে না।

ক্লার্ক বলেন, 'ইঞ্জিনের কী কী উন্নতি করা হয় তা না দেখা পর্যন্ত আমি মনে করি না যে আমরা এ৩৫০-১০০০ নেওয়ার মতো অবস্থানে আছি।' এটি নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভালো কাজ করে, কিন্তু উচ্চ টেকঅফ ওজন, বাতাসে থাকা ধূলিকণা, বায়ুচাপ, কম উচ্চতা এবং গ্রীষ্মের মাসগুলোর পরিচালনগত পরিস্থিতির কারণে এটি একটি সত্যিকারের চ্যালেঞ্জ।

এমিরেটস তার বিমানবহরটি এয়ারবাস এ৩৮০ ডাবল-ডেকার এবং বোয়িং কোং-এর ৭৭৭-কে কেন্দ্র করে গড়ে তুলেছে, যার সঙ্গে এ৩৫০-৯০০-এর সংখ্যাও ক্রমশ বাড়ছে। ক্লার্ক বলেছেন, তিনি ওই নির্দিষ্ট বিমানটির কার্যকারিতায় সন্তুষ্ট এবং অবশেষে তাকে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এ৩৮০-এর একটি বিকল্প খুঁজে বের করতে হবে, যা হয়তো এ৩৫০-১০০০-এর জন্য দরজা খুলে দেবে।

৭৬ বছর বয়সী ক্লার্ক আরও বলেছেন, তার শিগগিরই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বিমান সংস্থাটিকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ দেখতে চান। ক্লার্ক বলেন, 'এমিরেটসে আমাদের একটি দল রয়েছে, যাদের মধ্যে কেউ কেউ আমার মতো আজীবনের কর্মী, যারা এই বিমান সংস্থাকে নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন।' তাই আমি যদি ব্যক্তিগতভাবে সরে দাঁড়াই, আমি বেশ আত্মবিশ্বাসী ব্যবসা পরিচালনার জন্য যারা দায়িত্বে রয়েছেন, তারা এই বার্তার গুরুত্ব সম্পর্কে এতটাই অবগত যে আমার অনুপস্থিতিতে এর ওপর কোনো প্রভাব পড়বে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় লাইসেন্সবিহীন ৩ বাংলাদেশি মুদি দোকান সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


মালয়েশিয়ায় লাইসেন্সবিহীন ৩ বাংলাদেশি মুদি দোকান সিলগালা

মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানু সিটি কাউন্সিল (এমবিকেটি) যৌথভাবে একটি অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে বাংলাদেশিদের মালিকানাধীন তিনটি মুদি দোকান সিলগালা করে এবং মালামাল জব্দ করেছে।

এই বিশেষ অভিযানটি মঙ্গলবার (৯ জুন) দুপুর ১১টার দিকে শুরু হয় এবং এটি শেষ হয় দুপুর দেড়টায়, যা পরিচালিত হয় তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগের সহায়তায়।

কুয়ালা তেরেঙ্গানুর মেয়র লিজান চে মাত জানিয়েছেন যে, স্থানীয় ব্যবসা আইনের কঠোর বাস্তবায়ন এবং অবৈধ বাণিজ্যিক কার্যক্রম বন্ধের উদ্দেশ্যে এই অভিযানটি পরিচালিত হচ্ছে।

তদন্তের ফলাফলে দেখা গেছে, ওই তিনটি ব্যবসা স্থানীয় কর্তৃপক্ষের কোন বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল, যা এমবিকেটি ২০১৩-এর ট্রেড, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লাইসেন্সিং উপ-আইন ৩(১) ধারা লঙ্ঘন করছে। এর প্রেক্ষিতে, উপ-আইন ৩৮-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে দোকানগুলো সিলগালা করার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠান হলো- শাফিকাহ মাজু এন্টারপ্রাইজ, চ্যাহায়া তানজুং এন্টারপ্রাইজ এবং আরআর দামাই জয়া ট্রেডিং। জব্দ করা সমস্ত মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য চেনড্রিংয়ে অবস্থিত এমবিকেটি’র এনফোর্সমেন্ট অ্যান্ড কার পার্কিং সার্ভিসেস বিভাগের স্টোরে পাঠানো হয়েছে।

মেয়র আরো জানিয়েছেন যে, বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং শহরের সকল ব্যবসায়িক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কঠোর এনফোর্সমেন্ট অভিযান ভবিষ্যতে জোরদার রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

নেত্রকোনা মডেল থানার পুলিশ সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় একজন রোহিঙ্গা যুবককে আটক করেছে। আটক হওয়া যুবকের নাম মো. কারিম (৩০), কিন্তু সঠিক নাম ও ঠিকানা নিয়ে সন্দেহ রয়েছে। সদর সার্কেল স্বজল কান্তি সরকার জানান, তিনি নানা ধরনের তথ্য দিচ্ছেন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, কারিম কক্সবাজারের কোনো এক এলাকা থেকে এসেছেন। তিনি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাসে চড়ে নেত্রকোনা থানাধীন ছোট বাজার এলাকায় পৌঁছান। বর্তমানে তিনি মডেল থানার হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলা শহরের ছোট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় মোঃ কারিমকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে একটি বাসে করে নেত্রকোনায় আসেন, তবে কেন এসেছেন এবং তার উদ্দেশ্য কি তা জানা যায়নি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, কারিমের কাছ থেকে জানতে পারা গেছে যে, তার পিতা সৌদি আরবে থাকেন এবং তার জন্ম হয়েছে সেখানে। কিন্তু আকামা অর্থাৎ জন্ম সনদ বা পরিচয়পত্র না থাকায় সৌদি সরকার তাকে বাংলাদেশে পাঠিয়েছে। বর্তমানে পুলিশ জানার চেষ্টা করছে কেন তিনি ঘুরছেন এবং কার সাথে যোগাযোগ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

আজ জাতীয় সংসদে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি জানিয়েছেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘স্টার্ট আপ’ তহবিল, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আজ সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সরকার দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, চলমান ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্ট-আপ তহবিল খাতে ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে।

সংসদে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা উল্লেখ করেন।

প্রথমত, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ঢাকা মহানগরের অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা-৪ আসনের চাহিদা বিবেচনায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয়ত, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা আরো সম্প্রসারণ করা হবে। অর্থমন্ত্রী বলেন, সরকার ধারাবাহিকভাবে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা’র পরিমাণ বৃদ্ধি করেছে। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বরাদ্দ ও আওতা আগামী অর্থবছরে আরো বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

তৃতীয়ত, যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সহজ শর্তে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরো জানান, তরুণ উদ্যোক্তারা যাতে সহজে অর্থায়ন, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংক ও সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সরকারের এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%