ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

দিল্লির যন্তর মন্তরে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা তরুণী ক্ষমা চাইলেন


দিল্লির যন্তর মন্তরে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা তরুণী ক্ষমা চাইলেন

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মায়ের বিরুদ্ধে আপত্তিকর ও অবমাননাকর স্লোগান দেওয়ার ঘটনায় অভিযুক্ত তরুণীর একটি ক্ষমা প্রার্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ওই তরুণীকে হাতজোড় করে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে একটি ডোরাকাটা টি-শার্ট পরা তরুণীকে বলতে শোনা যায়, ‘আন্দোলনস্থলে কিছু মানুষের প্ররোচনায় গিয়ে আমি প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক খারাপ কথা বলে ফেলেছিলাম।’ পুলিশ কর্তৃক দায়ের করা এজাহারে অভিযুক্তের বয়স ২৫ বছর উল্লেখ করা হলেও, ভিডিওতে তরুণী দাবি করেন যে তিনি নাবালিকা। তার ভাষ্য অনুযায়ী, ‘আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। এটি আমার প্রথম ও শেষ ভুল। আমি পুরো দেশের কাছে ক্ষমা চাচ্ছি। আমি অত্যন্ত লজ্জিত এবং নিজের মুখ দেখতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’ তবে প্রচারমাধ্যম সূত্রে জানানো হয়েছে, এই ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তরুণীর এই ভিডিওটি প্রকাশ্যে আসে। প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় ক্ষোভ বা শাস্তির বদলে এই তরুণদের সুপথে ফেরানোর ওপর গুরুত্ব দিয়েছেন। প্রকাশিত ওই বার্তায় মোদি বলেছিলেন, ‘শৈশব বা কৈশোরে ভুল হয়েই থাকে, আর সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও এই বয়সই দেয়। সমাজজুড়ে ক্ষোভ থাকা স্বাভাবিক, কিন্তু এখন সময় এই সন্তানদের বুকে টেনে সঠিক পথ দেখানোর। ওদের শাস্তি দেওয়া বা আদালতে টেনে হয়রানি করলে পরিস্থিতির বদল হবে না।’ তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওদের ক্ষমা করে দিতে চাই এবং সমাজকেও এটি মেনে নেওয়ার অনুরোধ করছি। গালিগালাজ কখনো সমস্যার সমাধান করতে পারে না।’ প্রসঙ্গত, গত ২৩ জুলাই যন্তর মন্তরে অনুষ্ঠিত ছাত্র বিক্ষোভের পর ওই তরুণীর বিরুদ্ধে সামাজিক শান্তি বিঘ্নিত করা ও মানহানির অভিযোগে নয়ডার একটি থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়, যা পরবর্তীতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তরিত করা হয়েছে। এর পরপরই প্রধানমন্ত্রী ও অভিযুক্ত তরুণী—উভয়ের পক্ষ থেকেই এ বক্তব্য ও ক্ষমা চাওয়ার ঘটনা সামনে এলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পরিবেশবান্ধব আধুনিক মেগাসিটি গড়ার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ: উদবাতুল বারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩২ এম


কুমিল্লায় পরিবেশবান্ধব আধুনিক মেগাসিটি গড়ার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ: উদবাতুল বারী

দিদারুল আলম

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ : আগামী এক দশকের মধ্যে কুমিল্লায় ৩৪১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক মেগাসিটি গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা হাতে নিয়েছে নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)।

বাংলাদেশ সংবাদ সংস্থা -কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) নবনিযুক্ত প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

গত ১০ এপ্রিল ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। এরপর ১১ জুন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান উদবাতুল বারী আবু।

দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে শূন্য থেকে এক চ্যালেঞ্জিং যাত্রা শুরু করেছেন তিনি। কুমিল্লা মহানগরীর জিরো পয়েন্টে গৃহায়ন ও গণপূর্ত ভবনে স্থাপিত হয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অফিস। সেখানেই এখন কর্মব্যস্ত দিন কাটছে কুউকের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবুর।

তিনি জানান, কর্মপরিকল্পনার অংশ হিসেবে নাগরিক সেবা সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় এনে দ্রুতই ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করা হবে। পাশাপাশি রিং রোড নির্মাণ, ভূমি পুনর্বিন্যাস, ভূমি পুনঃউন্নয়ন, জলাধার সংরক্ষণ, পর্যটন জোন, আইটি পার্ক এবং আধুনিক নগর ব্যবস্থাপনার মাধ্যমে কুমিল্লাকে দেশের অন্যতম পরিকল্পিত নগরীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রেক্ষাপট তুলে ধরে উদবাতুল বারী আবু বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের উদ্যোগে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে সেই প্রত্যাশা বাস্তবে রূপ পেয়েছে।

তিনি বলেন, অধ্যাদেশ নয়, পূর্ণাঙ্গ আইনি কাঠামোর ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ায় কুউক একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে।

একেবারে নতুন একটি প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে উদবাতুল বারী আবু বলেন, কোনো পূর্বপ্রস্তুত জনবল, অবকাঠামো বা প্রশাসনিক কাঠামো ছাড়াই যাত্রা শুরু করা যেমন একটি বড় চ্যালেঞ্জ, তেমনি এটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপনেরও সুযোগ। পুরোনো কোনো অনিয়ম, দুর্নীতি বা অকার্যকর প্রশাসনিক সংস্কৃতি না থাকায় শুরু থেকেই প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নাগরিকবান্ধব একটি প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।

তিনি জানান, কুউকের অধিক্ষেত্র শুধুমাত্র কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রস্তাবিত ৩৪১ বর্গকিলোমিটার এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, বুড়িচং উপজেলার সমৃদ্ধ জনপদ ময়নামতি ও মোকাম ইউনিয়নের অংশ এবং বাগমারা এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, কুমিল্লার পুরোনো ও ঘনবসতিপূর্ণ এলাকায় রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। তবে নতুন আইনে সংযোজিত ভূমি পুনঃউন্নয়ন পদ্ধতির মাধ্যমে ধাপে ধাপে সড়ক প্রশস্ত করা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অপরিকল্পিত অবকাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, নতুন মাস্টারপ্ল্যানে নগরীর যানজট নিরসনে রিং রোড নির্মাণ, বাণিজ্যিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ, আধুনিক গণপরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বিত নগর পরিকল্পনা এবং ময়নামতি ও শালবন বিহারের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ করে পর্যটন জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে একটি আধুনিক আইটি পার্ক প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হবে।

ভূমি ব্যবস্থাপনায় নতুন আইনের ভূমি পুনর্বিন্যাস ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে কুউক চেয়ারম্যান বলেন, এ ব্যবস্থায় প্রচলিত জমি অধিগ্রহণের পরিবর্তে জমির মালিকদের অংশীদার করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। পরিকল্পিতভাবে রাস্তা, পার্ক, উন্মুক্ত স্থান ও জনসেবামূলক অবকাঠামোর জন্য প্রয়োজনীয় জায়গা রেখে জমির মালিকদের উন্নতমানের প্লট ফিরিয়ে দেওয়া হবে। এতে জমির পরিমাণ কিছুটা কমলেও এর বাজারমূল্য ও ব্যবহারিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

নাগরিক সেবা সহজীকরণের বিষয়ে তিনি বলেন, ইমারত নির্মাণের অনুমতি, নকশা অনুমোদনসহ সব ধরনের সেবা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। দ্রুতই ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে, যেখানে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে আবেদন, নকশা দাখিল, ফি পরিশোধ এবং নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন পাবেন। এতে হয়রানি, সময়ক্ষেপণ, দুর্নীতি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকাংশে কমে যাবে।

কুউকের চেয়ারম্যান আরও বলেন, সংস্থাটির পরিচালনা পর্ষদে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতিনিধিত্ব থাকায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নিশ্চিত হবে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দ্বৈততা দূর হবে।

পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লার ঐতিহাসিক পুকুর, দিঘি ও জলাধারগুলোকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় চিহ্নিত করে ডিজিটাল ম্যাপভুক্ত করা হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে এসব জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ হিসেবে প্রাতিষ্ঠানিক অর্গানোগ্রাম অনুমোদন, দক্ষ জনবল নিয়োগ এবং প্রশাসনিক সক্ষমতা গড়ে তোলার বিষয়টি উল্লেখ করেন উদবাতুল বারী আবু। তিনি বলেন, একটি আধুনিক উন্নয়ন কর্তৃপক্ষ গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ, তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কুমিল্লাবাসীর উদ্দেশে তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। ভবন নির্মাণসহ সব উন্নয়ন কার্যক্রমে আইন মেনে চলা এবং উন্নয়ন কর্তৃপক্ষকে সহযোগিতা করার মাধ্যমে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, যাতে কুমিল্লায় দৃষ্টিনন্দন, বাসযোগ্য ও টেকসই আধুনিক নগরী প্রতিষ্ঠা সম্ভব হয় বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং মহান জাতীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির প্রাচীনতম জনপদ কুমিল্লার নানামুখী উন্নয়ন সাধনে গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও এই সংক্রান্ত আইন প্রণয়ন একটি মাইলফলক হয়ে থাকবে। এভাবেই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এক একটি এলাকার উন্নয়ন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে।

তিনি বলেন, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সমন্বিত সুদূরপ্রসারী মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। কুমিল্লা ও এর সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠায় ভূ-প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু একজন তুখোড় সংগঠক। তিনি কুমিল্লা মহানগর বিএনপি’র প্রথম নির্বাচিত সভাপতি। এর আগে তিনি কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও ১৯৯৮ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচনে নির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উদবাতুল বারী আবু। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ত্যাগী ও তুখোড় সংগঠক হিসেবে খ্যাতি লাভ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বৃষ্টি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ এম


রাজধানীতে বৃষ্টি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের তথ্য

রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজ এসব এলাকার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রিপোর্ট হয়নি। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে হবে। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে ঘটবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল স্ত্রীর, পাশে ছিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ এম


ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল স্ত্রীর, পাশে ছিলেন স্বামী

বরিশালে বিষধর সাপের কামড়ের কারণে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার কিছু আগে মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রাম এলাকায় এ মারাত্মক ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম কনিকা রানী, বয়স ৪০ বছর, তিনি ওই গ্রামের দিনমজুর দীপক ব্যাপারীর স্ত্রী।

নিহতের স্বামী জানাচ্ছেন, দুপুরের খাবার পর, তারা দুজন একসাথে ঘুমাতে যান। কিছু ক্ষণের মধ্যেই স্ত্রীর চিৎকারে তার ঘুম ভাঙে। এসময় কনিকা রানী তাকে জানায়, তাকে সাপে কামড়িয়েছে।

পরে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের সহায়তায় তাকে অতি দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ব্যবস্থা করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু ঘটে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জানালেন, হাসপাতালে আসার পর কনিকা রানী চোখে ঝাপসা দেখছিলেন এবং চোখের পাতা খুলতে পারছিলেন না। ক্ষতস্থান পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আবিষ্কার হয়, তার শরীরে রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা যাচ্ছে। এরপর প্রয়োজনীয় ওষুধ ও অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। তবে অ্যান্টিভেনমের অর্ধেক ডোজ শেষ হওয়ার আগেই কনিকা রানী মারা যান। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেছেন, পরীক্ষার ফলাফল ও উপসর্গ বিশ্লেষণের মাধ্যমে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনিকা রানীকে বিষধর গোখরা সাপ কামড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নাসির জানিয়েছেন, কনিকা রানী ছিলেন একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য। তার স্বামী দীপক ব্যাপারী পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করে জীবন যাপন করেন। তাদের সংসারে রয়েছে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বাসায় ঢুকে নারী চিকিৎসককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৬ এম


রাজধানীতে বাসায় ঢুকে নারী চিকিৎসককে হত্যা

ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে থেকে দূর্বৃত্তরা এক নারী চিকিৎসককে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানিয়েছেন, গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে হত্যা করা হয়। তিনি যোগ করেছেন যে, খুন হওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্রও লুট হয়েছে।

নিহত সারা রোকসানা পিনু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। তার দুটি স্কুল পড়ুয়া ছেলে এবং একটি মেয়ে রয়েছে। তবে ঘটনা ঘটার সময় পুলিশ জানিয়েছে, ওই নারী নিজেই বাসায় ছিলেন।

পরিবারের সদস্যদের দাবি, দুর্বৃত্তরা গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে সারা রোকসানাকে হত্যা করে। পরে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহতের ছেলে জানিয়েছেন, সে বাসায় ছিল না। পরে এসে দেখে তার আম্মুকে গেস্ট রুমে হত্যা করা হয়েছে। গ্রিল কেটে খুনি বাসায় ঢুকেছে এবং বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার মা যতো স্বর্ণ ও টাকা ছিল, সব নিয়ে গেছে।

তিনি আরও জানিয়েছেন, দুর্বৃত্তরা স্বর্ণালংকারের জন্য বাসায় ঢুকেছে বলে তাদের ধারণা। তবে বাসার কিছু জিনিসপত্র ও প্যাকেট এখনো পড়ে রয়েছে। পুলিশ আলামত সংগ্রহ করে তদন্ত শেষ করার পর সেগুলোতে হাত দেওয়ার কথা ভাবছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সারা রোকসানা বাসায় একাই ছিলেন এবং তার স্বামী প্রতিদিনের মতো অফিসে ছিলেন। স্বামী তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, বিকেল ৩টার পর গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে। একই সঙ্গে ঘরের বিভিন্ন মালামালও লুট করা হয়েছে।

তিনি উল্লেখ করেছেন, ভুক্তভোগী নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং ঘরের জিনিসপত্র লুট হওয়ার ঘটনারও সত্যতা রয়েছে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব উল্লেখ করেছেন, সাধারণত স্কুল ছুটির পর নিহত নারী তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতেন। কিন্তু ওই দিন তিনি স্কুলে না যাওয়ায় তার মেয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে নিজে বাসায় ফিরে আসে। পরে পরিস্থিতি দেখে আবার স্কুলে ফিরে শিক্ষকের কাছে বিষয়টি জানায়। তার শিক্ষকই পরে তার বাবাকে খবর দেন।

এসআই হাবিব জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়। সেই সময় নিহতের স্বামী ও ছোট মেয়ে সেখানে উপস্থিত ছিলেন। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করা হয়। তিনি বলেন, ঘটনাস্থলের গ্রিল কাটা অবস্থায় মিলেছে এবং বাসার আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল। তবে কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে, কী কী মালামাল খোয়া গেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%