বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ এম
ডা. জুবাইদা রহমান বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় ফেলে না রেখে সম্পদ, পরিচ্ছন্ন শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন জুবাইদা রহমান। রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের সরকারের উদ্দেশ্য এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকার বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে (থ্রি-আর) কাজ করছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট তৈরি, ভাগাড় থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংক্রান্ত বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনাও নিশ্চিত করার উদ্যোগ রয়েছে।
ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে জানিয়ে জুবাইদা রহমান বলেন, এ প্রকল্পে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি বলেন, শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষা সরকারের অন্যতম লক্ষ্য। প্লাস্টিক দূষণ কমাতে দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিষ্কারের কাজ চলছে। প্লাস্টিকের প্রাকৃতিক বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি সম্মেলনের গ্রিন জোনে থাকা বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান।
মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে জুবাইদা রহমান বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষপদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এককভাবে কোনো দেশের পক্ষে শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেন জুবাইদা রহমান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। বেসরকারি খাতের অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তরুণদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার উদ্যোগে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তার ভাষায়, পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণেরা শুধু আগামী দিনের নেতা নন, বর্তমানের সমস্যার সমাধানেও তাদের ভূমিকা রয়েছে।
জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে ফেলে দেওয়ার বস্তু হিসেবে না দেখে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। এ লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং সম্মিলিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ প্রস্তুত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাস্থ্যবিষয়ক প্রচারণা, পুষ্টিবিদ পরিচয় দেওয়া বিভিন্ন ব্যক্তি এবং স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে রক্তে শর্করার ওঠানামা নিয়ে সচেতনতা সৃষ্টি করছে। তাদের বক্তব্য হলো, রক্তে শর্করার সামান্য ওঠানামাও শরীরে প্রদাহ, ক্লান্তি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। তবে পুষ্টিবিজ্ঞানীদের মতে, সুস্থ মানুষের ক্ষেত্রে এই উদ্বেগের একটি বড় অংশ অপ্রয়োজনীয়।
ব্রিটিশ সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাসে শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে রক্তে শর্করা নিয়ে পাঁচটি প্রচলিত ধারণার অসংগতি তুলে ধরা হয়েছে।
খাবারের পর রক্তে শর্করা বাড়া অস্বাভাবিক নয়: ভাত, রুটি, আলু কিংবা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। শরীর খাবারের শর্করাকে গ্লুকোজে রূপান্তর করে। এরপর ইনসুলিন হরমোন গ্লুকোজকে রক্ত থেকে কোষে পৌঁছাতে সহায়তা করে। ফলে ধীরে ধীরে শর্করার মাত্রা কমে যায়। এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া।
কিংস কলেজ লন্ডনের পুষ্টিবিজ্ঞানের অধ্যাপক সারাহ বেরি বলেন, "শর্করাজাতীয় খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজ বাড়া স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। শরীর স্বাভাবিকভাবেই এই ওঠানামা সামাল দিতে পারে।"
প্রতিবার শর্করা বাড়লেই শরীরে ক্ষতিকর প্রদাহ হয় না: খাবার খাওয়ার পর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সাময়িকভাবে সক্রিয় হয়। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ নিকোলা গেস বলেন, "খাবারের পর সামান্য প্রদাহ তৈরি হওয়া স্বাভাবিক এবং অনেক ক্ষেত্রে উপকারী।" তবে দীর্ঘদিন ধরে রক্তে শর্করা অতিরিক্ত বেড়ে যাওয়া এবং অস্বাভাবিকভাবে কমে যাওয়ার প্রবণতা থাকলে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়তে পারে।
বিকেলের ক্লান্তির একমাত্র কারণ রক্তে শর্করা নয়: দুপুরের পর কাজের মধ্যে ঝিমুনি বা ক্লান্তি অনুভব করলেই অনেকে রক্তে শর্করার ওঠানামাকে দায়ী করেন। তবে গবেষকদের মতে, এর পেছনে ঘুমের ঘাটতি, মানসিক চাপ এবং ব্যক্তিভেদে শারীরিক বৈশিষ্ট্যও ভূমিকা রাখে। সুস্থ মানুষের ক্ষেত্রে সামান্য শর্করা কমে যাওয়া সাধারণত বিপজ্জনক নয়।
শর্করা নিয়ন্ত্রণে নানা কৌশল সবার প্রয়োজন নেই: খাবারের আগে সবজি খাওয়া, আপেলের সঙ্গে বাদাম মাখন কিংবা রুটির সঙ্গে চর্বিযুক্ত খাবার খাওয়ার মতো কৌশল রক্তে শর্করা বাড়ার গতি কমাতে পারে। তবে অধিকাংশ সুস্থ মানুষের জন্য প্রতিটি খাবারের উপাদান এভাবে হিসাব করার প্রয়োজন নেই। ডায়াবেটিস, প্রি-ডায়াবেটিস কিংবা ইনসুলিন প্রতিরোধের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা বেশি জরুরি।
সুস্থ মানুষের সারাক্ষণ শর্করা মাপার দরকার নেই: ডায়াবেটিস রোগীদের জন্য তৈরি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর এখন অনেক সুস্থ মানুষও ব্যবহার করছেন। বাহুতে লাগানো এই যন্ত্র সারাক্ষণ রক্তে শর্করার পরিবর্তন পর্যবেক্ষণ করে। তবে বিশেষজ্ঞদের মতে, সুস্থ মানুষের নিয়মিত এই যন্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। বরং খাবার নিয়ে অতিরিক্ত উদ্বেগ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের বক্তব্য হলো, শুধুমাত্র রক্তে শর্করার মাত্রা দিয়ে কোনো খাবার স্বাস্থ্যকর কি না, তা বিচার করা সঠিক নয়। কোলেস্টেরল, রক্তচাপ, ওজন এবং সামগ্রিক পুষ্টিগুণও বিবেচনায় নেওয়া উচিত। খাবার শুধুমাত্র শরীরের জ্বালানি নয়, তা উপভোগের বিষয়ও। তাই সুস্থ মানুষের প্রতিটি খাবার খাওয়ার আগে রক্তে শর্করা বাড়ার ভয় পাওয়ার প্রয়োজন নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
বুধবার, স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সম্মেলনস্থলে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার বিষয়ে যৌথভাবে আলোচনা করা হয়। দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় নেতা দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরে ফিফার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে বন্দরনগরীর বাইরে আনোয়ারার কর্ণফুলী নদীর তীরে শান্ত পরিবেশে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্তর্বর্তীকালীন ফরাসি কোচ এরিক মেয়ারের অধীনে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) সবুজ মাঠে ঘাম ঝরাচ্ছেন মারিয়া মান্ডা, ঋতুপর্ণা ও আফঈদারা।
গত ৩১ অক্টোবর থেকে কেইপিজেডের নিজস্ব মাঠে এক মাসের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করছে দলের ৪৪ সদস্যের বহর। ঢাকার মাঠে ব্যস্ততার কারণে বাফুফের অনুরোধে কেইপিজেড কর্তৃপক্ষ তাদের মাঠটি বরাদ্দ করেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে। যেখানে অনুশীলনের পাশাপাশি সুইমিং ও জিমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা।
এদিকে প্রধান কোচ পিটার বাটলার হঠাৎ অসুস্থ হয়ে ইংল্যান্ডে যাওয়ার পর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি দলের খেলোয়াড়দের কিছুটা মর্মাহত করেছে। তবে নতুন কোচ এরিক মেয়ারের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাঘিনীরা। কোচ পিটার বাটলারের প্রতিষ্ঠিত কৌশল ও নিয়মানুবর্তিতাই বজায় রাখার ঘোষণা দিয়ে এরিক মেয়ার জানান, আফ্রিকান দলগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতার আলোকে তিনি বাংলাদেশের মেয়েদের খেলায় দারুণ মান ও শৃঙ্খলা দেখতে পেয়েছেন। সিঙ্গাপুরের সাম্প্রতিক ম্যাচগুলোর ভিডিও বিশ্লেষণ করে দুটি ম্যাচেই জয় ছিনিয়ে আনতে খেলোয়াড়দের কৌশলগত প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।
কোরিয়ান ইপিজেড কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মো. শাহজাহান জানান, কেইপিজেড চেয়ারম্যান কিহাক সাং শিল্পের প্রসারের পাশাপাশি খেলাধুলার বিকাশেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। সে লক্ষ্যেই চতুর্থবারের মতো জাতীয় নারী ফুটবল দলকে তাদের মাঠে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে।
আগামী ১ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সিঙ্গাপুরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুটি প্রীতি ম্যাচে জয়লাভের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দল নতুন ইতিহাস গড়বে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শর্ট কোর্সে অংশগ্রহণকারী আটজন চীনা শিক্ষার্থী তাদের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তাদের মধ্যে দুজন চীনে ফিরে গেছেন এবং আগামী ১৩ নভেম্বর বাকি ছয়জন ঢাকা ত্যাগ করবেন। যদিও চলতি নভেম্বরের শেষের দিকে তাদের কোর্স শেষ হওয়ার কথা ছিল, সম্প্রতি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের পরিবারের উদ্বেগের কারণে তারা আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, এই শিক্ষার্থীরা মূলত একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন এবং তাদের কোর্সটি প্রায় শেষের দিকে রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ায় তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে ফিরে তারা নিজ বিশ্ববিদ্যালয় থেকেই এই কোর্সের বাকি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
চলমান পরিস্থিতি নিয়ে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাধ্যক্ষ জানান, শিক্ষার্থীরা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে আগেই টিকিট কেটে ফেলেছিলেন। তবে বৈঠকে হল প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন স্থানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার ফলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং ৬টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সাম্প্রতিক নিরাপত্তামূলক পদক্ষেপগুলোর বিষয়ে বিদেশি শিক্ষার্থীদের ওই বৈঠকে বিস্তারিত জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ