ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতে উচ্চবর্ণের হিন্দুদের তুলনায় মুসলিম পুরুষদের অকাল মৃত্যুর ঝুঁকি কম


ভারতে উচ্চবর্ণের হিন্দুদের তুলনায় মুসলিম পুরুষদের অকাল মৃত্যুর ঝুঁকি কম

ভারতের সবচেয়ে ধনী পরিবারের একজন পুরুষের কর্মক্ষম বয়সে মারা যাওয়ার ঝুঁকি সবচেয়ে দরিদ্র পরিবারের পুরুষের তুলনায় ৬২ শতাংশ কম। নারীদের ক্ষেত্রেও এই ব্যবধান প্রায় একই রকম প্রকট; ধনী পরিবারের নারীদের মৃত্যুর ঝুঁকি দরিদ্র পরিবারের নারীদের তুলনায় ৪২ শতাংশ কম।

গত দুই দশক ধরে ভারতে প্রাপ্তবয়স্কদের মৃত্যুহার পর্যবেক্ষণ করে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সীদের বেঁচে থাকার ক্ষেত্রে জাতি বা ধর্মের চেয়ে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতাই প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। গবেষণায় আরও উঠে এসেছে, তফসিলি জাতিভুক্ত (এসসি) নারীদের অকালমৃত্যুর ঝুঁকি এখনো বেশি, অন্যদিকে উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের মৃত্যুর ঝুঁকি কম।

‘ডেমোগ্রাফিক রিসার্চ’ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এই গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের গবেষক মোরাধ্বজ ধাকড় এবং মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের (আইআইপিএস) নন্দিতা সাইকিয়া। তাঁরা ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য জরিপের (এনএফএইচএস) তিনটি পর্বের (১৯৯৮-৯৯, ২০১৫-১৬ এবং ২০১৯-২১) তথ্য বিশ্লেষণ করে মৃত্যুহারের এই চিত্র তুলে ধরেছেন।

আরও পড়ুন: চীনের পলিটব্যুরোতে নতুন ধাক্কা: তদন্তের মুখে সাংহাইয়ের দলীয় প্রধান চেন জিনিং

তথ্য অনুযায়ী, ১৫-৫৯ বছর বয়সী প্রতি ১,০০০ জন পুরুষের মধ্যে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোতে মৃত্যুর আশঙ্কা ছিল ২৮০ জন, যেখানে ধনী পরিবারগুলোতে এই সংখ্যা মাত্র ১৫৮। নারীদের ক্ষেত্রে দরিদ্র পরিবারে প্রতি ১,০০০ জনে ১৫৭ জনের মৃত্যুর ঝুঁকি থাকলেও ধনী পরিবারে তা কমে দাঁড়িয়েছে ৮৭ জনে।

গবেষকরা জাতি, ধর্ম, গ্রাম বা শহরের অবস্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্যগুলো বিবেচনায় নিয়েও এই ব্যবধান বিশ্লেষণ করেছেন। এসব বিষয় সমন্বয় করার পরও দেখা গেছে, শীর্ষ ২০ শতাংশ ধনী পরিবারের পুরুষদের মৃত্যুর ঝুঁকি সর্বনিম্ন ২০ শতাংশ দরিদ্র পরিবারের পুরুষদের তুলনায় ৬২ শতাংশ কম। আর নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি ৪২ শতাংশ কম।

জাতপাতের পার্থক্য ও মুসলিম পুরুষদের কম মৃত্যুহার

গবেষণায় দেখা গেছে, তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) পুরুষদের মধ্যে উচ্চ মৃত্যুহারের পেছনে মূলত তাদের অর্থনৈতিক দুরবস্থা ও ভৌগোলিক অবস্থান দায়ী।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রস্তাবে ভারতের ওপর বেশি চাপ

২০১৯-২১ সালের জরিপ অনুযায়ী, প্রতি ১,০০০ জনে এসসি পুরুষদের মৃত্যুর আশঙ্কা ছিল ২৫৬ এবং এসটি পুরুষদের ২৫৪। বিপরীতে উচ্চবর্ণের হিন্দু পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল প্রতি হাজারে ১৯৭ জন। অর্থনৈতিক অবস্থা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় নেওয়ার পরও উচ্চবর্ণের হিন্দু নারীদের তুলনায় এসসি নারীদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর ঝুঁকি ১৯ শতাংশ বেশি পাওয়া গেছে।

তবে জরিপের তিনটি পর্বেই একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে—উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর ঝুঁকি ধারাবাহিকভাবে কম। ২০১৯-২১ সালের তথ্যানুযায়ী, পারিবারিক সম্পদ, বাসস্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্যগুলো বিবেচনায় নেওয়ার পরও মুসলিম পুরুষদের মৃত্যুর ঝুঁকি উচ্চবর্ণের হিন্দু পুরুষদের চেয়ে ২১ শতাংশ কম ছিল। আগের জরিপগুলোতেও একই প্রবণতা দেখা গিয়েছিল।

এর পেছনে সম্ভাব্য কারণ হিসেবে গবেষকরা মুসলিম প্রাপ্তবয়স্কদের মধ্যে মদ্যপানের কম প্রবণতা এবং বেশ কয়েকটি রাজ্যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নগরায়ণের উচ্চ হারকে চিহ্নিত করেছেন। তাঁদের মতে, শহরাঞ্চলে বসবাসের হার বেশি হওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও তাঁদের ক্ষেত্রে তুলনামূলক বেশি।

তবে মুসলিম নারীদের ক্ষেত্রে এই বাড়তি সুবিধা দেখা যায়নি। সর্বশেষ জরিপ অনুযায়ী, অর্থনৈতিক ও ভৌগোলিক বিষয়গুলো সমন্বয় করার পর মুসলিম নারীদের মৃত্যুঝুঁকির সাথে উচ্চবর্ণের হিন্দু নারীদের মৃত্যুঝুঁকির তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: সুদানের ব্লু নাইল অঙ্গরাজ্যে আরএসএফের ড্রোন হামলায় ১৯ জন নিহত

নারীদের মৃত্যুহার কমার গতি বেশি

গবেষণায় আরও উঠে এসেছে যে, গত দুই দশকে পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুহার অনেক দ্রুতগতিতে কমেছে।

১৫ থেকে ৫৯ বছর বয়সী নারীদের মৃত্যুর আশঙ্কা ১৯৯৮-৯৯ সালে প্রতি ১,০০০ জনে ২০৮ থেকে কমে ২০১৯-২১ সালে ১২৫-এ দাঁড়িয়েছে, অর্থাৎ মৃত্যুহার কমেছে প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে, একই সময়ে পুরুষদের মৃত্যুহার প্রতি হাজারে ২৬৮ থেকে কমে ২২১-এ নেমেছে, যা মাত্র ১৭ শতাংশ হ্রাস নির্দেশ করে।

উল্টো ২০১৫-১৬ এবং ২০১৯-২১ জরিপের মধ্যবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক পুরুষদের মৃত্যুহার প্রতি হাজারে ২০৯ থেকে বেড়ে ২২১-এ দাঁড়িয়েছে। গবেষকরা এর পেছনে মূলত কোভিড-১৯ মহামারির সময় পুরুষদের অধিক মৃত্যু এবং পেশাগত ঝুঁকিকে দায়ী করেছেন।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে পর্যটন খাতে ৫৫০ বিলিয়ন রিয়াল আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সউদী আরব

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, “অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন সব সামাজিক গোষ্ঠীর প্রাপ্ত বয়স্কদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে। নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীকেন্দ্রিক বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি হলেও, এর সর্বোচ্চ সুফল পেতে হলে বৃহত্তর অর্থনৈতিক ও স্বাস্থ্যনীতিগুলোর সাথে তা সমন্বয় করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সোয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সোয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তার বক্তব্যে উল্লেখ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না, এমনটি দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৫ নভেম্বর) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল জানিয়েছেন যে, বৈধ ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন এবং এটি বাংলাদেশ ও সাবেক প্রধানমন্ত্রীর মধ্যকার একটি অভ্যন্তরীণ বিষয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরে রাশেদ খান লেখেন, দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা শুধুমাত্র বিদ্যমান বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই বাংলাদেশে ফিরতে পারবেন।

ভারতের মুখপাত্রের বক্তব্য বিশ্লেষণ করে রাশেদ খান আরো বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জয়সোয়ালের প্রশ্নোত্তর শুনে এটি স্পষ্ট যে, ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না। অর্থাৎ, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছে না, রণধীর জয়সোয়াল এটি মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।

যা বলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

এর আগে আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরা ও প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সোয়াল। জবাবে তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ—এ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি জানান, প্রয়োজনীয় ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট) নিয়ে কোনো নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধের চেয়ে ভিন্ন একটি প্রক্রিয়া। অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ ভারত তার প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করছে বলেও জানান তিনি।

এ ছাড়া শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং এ বিষয়ে ভারতের কোনো ভূমিকা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন লাগার ঘটনা অস্বীকার এমপি মোশাররফের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন লাগার ঘটনা অস্বীকার এমপি মোশাররফের

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে উপজেলা বিএনপির নেতা-কর্মী এবং স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেনের দাবি, দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেনি। তাদের বক্তব্য অনুযায়ী, কার্যালয়ের কিছুটা দূরে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। পরে সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিচ্ছেন। তাদের পরিচয় জানা যায়নি। আগুনের কারণে সেখানে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যেতে দেখা যায়।

বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা-পুলিশ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কার্যালয়ের ভেতরে আগুন লাগার বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মোবাইল ফোনে সেই আগুনের ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি তিনি ঘোষণা করেছেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে, ন্যানসি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে ন্যানসি উল্লেখ করেন, দুজনের সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসময় তাদের যৌথ পথচলা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে নানা স্মৃতি ও অভিজ্ঞতায় ভরা সেই অধ্যায়ের এবার সমাপ্তি ঘটছে।

বিচ্ছেদের এই সময়ে ন্যানসি ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের কাছে ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ করেছেন। তিনি জানান, তাঁদের সিদ্ধান্তকে যেন সবাই বোঝেন এবং সম্মান করেন।

নতুন অধ্যায় নিয়ে আশাবাদী এই শিল্পী। নতুন বাস্তবতাকে শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। কঠিন সময়ে পাশে থাকা সকলকে ধন্যবাদ জানাতে ভুলেননি। ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। পরবর্তী বছরের জুনে তাঁদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

এর আগে ন্যানসির আরও দুটি বিয়ে হয়েছিল। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। তাঁদের ঘরে একটি কন্যাসন্তান রোদেলার জন্ম হয়। ২০১২ সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন এই গায়িকা। দ্বিতীয় সংসারেও তিনি এক কন্যাসন্তানের মা হন। ২০২১ সালে ওই সংসারের বিচ্ছেদের খবরও জানিয়েছিলেন ন্যানসি।

২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন ন্যানসি। এরপর অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি অর্জন করেন। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


শেখ হাসিনার সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদ (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান আবেদ নরসিংদী শহরের গাবতলী এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি গাবতলীর জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আবেদ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় অবস্থান করছিল। স্থানীয়রা তাকে চিনতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানার সন্ত্রাসবিরোধী আইন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হওয়ায় তাকে নরসিংদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে আবেদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনার মাধ্যমে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। পরবর্তীতে এ বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবেদকে সঙ্গে নিয়ে শহরের গাবতলী পুরানপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে আবেদের দেখানো ও শনাক্তকৃত স্থান হতে একটি বিদেশি পিস্তল, একনলা বন্দুক, পিস্তলের ৫ রাউন্ড গুলি ও বন্দুকের ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এর আগে রবিবার আবদুর রহমান আবেদ তার ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপথনের ভিডিওটি আপলোড করেন। ভিডিওটি পরে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, আবেদ মোবাইলে অডিও কলে নেত্রী লেখা নম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন।

এসময় আবেদকে বলতে শোনা যায়, তিনি নিজেকে নিষিদ্ধ নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুর রহমান রিমনের ছোট ভাই বলে পরিচয় দেন। তিনি জানান, কয়েকদিন আগে তার ও বন্ধুর নেতৃত্বে নরসিংদী সদরে ছাত্রলীগের মিছিলের পরিকল্পনা রয়েছে। আবেদ বলেন, "নেত্রী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত।" এর জবাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, "জীবন দিতে হবে না, আগে তোমরা কাজ করো যেন দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাও।" পরে আবেদ বলেন, জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসার ছাত্র থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছিল। ৫ আগস্টের পর মাদরাসাটিতে জামায়াতে ইসলামীর আমির সফর করেছেন। জয় করে দেশে আসার পর মাদরাসাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সফর করার আমন্ত্রণ জানানো হয়। জবাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ‘ঠিক আছে’ বলেন।

জানা যায়, আবেদ আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সমাবেশে সক্রিয় ছিলেন। তিনি এসবের বিভিন্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, "আবেদ আমাদের থানার এক মামলার পলাতক আসামি। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে তোলে দেয়। তার মোবাইলে আমরা অস্ত্রের ছবি পাই। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

তিনি আরো বলেন, "তার মোবাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপথনের ভিডিও পেয়েছি। তিনি আমাদের কাছে কথা বলার বিষয়টি স্বীকার করেছেন। তার মোবাইলগুলো ফরেনসিকে পাঠানো হয়েছে। সেখানে রিপোর্ট অনুযায়ী বিষয়টি সত্য না মিথ্যা বলা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%