০৬:৫৩ এম
জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার (৮৬) মারা গেছেন। তার প্রকাশক হারপারকলিন্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) লেখালেখির ফাঁকে নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে।
পাঁচ দশকের দীর্ঘ লেখক জীবনে আর্চারের ৩০ কোটিরও বেশি বই বিক্রি হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ক্লিফটন ক্রনিকলস’ ও ‘কেইন অ্যান্ড অ্যাবেল’র মতো জনপ্রিয় বই। এই গল্পের জাদুকর প্রায়ই সমারসেটের ওয়েলিংটন শহরকে নিজের উপন্যাসগুলোর পটভূমি হিসেবে বেছে নিতেন।
কনজারভেটিভ পার্টির সাবেক এমপি হিসেবে আর্চার ২০০১ সালে মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে কারাবরণ করেছিলেন। ১৯৮৭ সালে ‘ডেইলি স্টার’ পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলায় মিথ্যা বলা ও প্রতারণার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
আরও পড়ুন: কানাডায় শুরু হয়েছে বিশ্ব বিমান পরিবহন সম্মেলন, নেতৃত্বে বিমানমন্ত্রী
১৯৪০ সালের ১৫ এপ্রিল উত্তর লন্ডনে জন্মগ্রহণ করা আর্চার দ্রুতই সমারসেটের ওয়েস্টন-সুপার-মেয়ারে চলে যান। সেখানে তার পরিবার জন ক্লিসের মায়ের কাছ থেকে একটি বাড়ি কিনেছিল।
১৯৬৯ সালে আর্চার লিংকনশায়ারের লাউথ নির্বাচনি এলাকা থেকে এমপি নির্বাচিত হন। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হওয়ার আগে তিনি পাঁচ বছর এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এবং বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির দায়ে চার বছরের কারাদণ্ড হলে তার রাজনৈতিক জীবন থমকে যায়। ২০০৩ সালে মুক্তি পাওয়ার পর তিনি হাউস অব লর্ডসে ফিরে যান এবং ২০২৪ সালে অবসর নেওয়া পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।
হারপারকলিন্স এক বিবৃতিতে জানিয়েছে, জেফরি আর্চারের শেষ বই ‘অ্যাডাম অ্যান্ড ইভ’ এই সপ্তাহেই প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশনা সংস্থাটি তাকে একজন ‘নিপুণ গল্পকথক’ হিসেবে অভিহিত করেছে, যার কাছে পাঠকদের গুরুত্ব ছিল অপরিসীম।
আরও পড়ুন: জাম্বিয়ায় নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেবে বিএটি বাংলাদেশের ৯ কর্মী
গত সপ্তাহে আর্চার তার শেষ বইয়ের প্রচারের জন্য নিজের পুরোনো স্কুলে ফিরে গিয়েছিলেন। ওয়েলিংটন স্কুলে আর্চার বলেছিলেন, ‘ফিরে আসাটা দারুণ ব্যাপার।’
শনিবার চেলটেনহ্যাম ফেস্টিভ্যালে নিজের শেষ উপন্যাস নিয়ে আলোচনার কথা ছিল আর্চারের।
হারপারকলিন্স জানিয়েছে, আর্চার ও তার স্ত্রী মেরি চলতি বছর তাদের ৬০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন। দম্পতিটির দুই ছেলে ও পাঁচজন নাতি-নাতনি রয়েছে। সূত্র: বিবিসি
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন