০৪:৫৪ পি.এম
বিশ্ব শিক্ষক দিবসের দিন হবিগঞ্জের মাধবপুরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর বসতবাড়ির রান্নাঘরের টিনের চাল ভাঙচুরের অভিযোগ স্থানীয় কয়েকজন কিশোরের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোধ চন্দ্র দত্ত (৮০) সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তথ্য অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নিরোধ চন্দ্র দত্তের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। বাড়ির সীমানা প্রাচীরের গেট বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে না পারলেও রান্নাঘরের টিনের চালে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে টিনের চালের ক্ষতি হয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এ সময় নিরোধ চন্দ্র দত্তের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে হত্যার হুমকি দিয়ে চলে যান।
আরও পড়ুন: বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল
অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোধ চন্দ্র দত্তের দাবি, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা আগে থেকেই তাঁকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। তিনি অভিযোগ করেন, ওই গ্রুপের সদস্যরা এলাকায় চুরি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
ঘটনার পর থেকে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন