০৩:২৭ পি.এম
মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম ও তাহারিয়া নামে পাঁচ বছর বয়সী জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল জমজ দুই বোন তাবাসসুম ও তাহারিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রল দিয়ে আগুন
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানা পুলিশ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই জমজ শিশুর এমন মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।”
নিহত শিশুদের বাবা নাসির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েরা দুজন সবসময় একসঙ্গে থাকত। একসঙ্গে খেলত, একসঙ্গে খেত। ভাবতেও পারিনি, একদিন দুজনকেই এভাবে হারাতে হবে। আমি তো ওদের বাঁচার স্বপ্ন দেখেছিলাম। আল্লাহ আমার বুকটা খালি করে দিলেন। এখন ঘরে গেলে ওদের মুখ খুঁজব, ওদের ডাক শুনব—কিন্তু ওরা আর কোনোদিন ফিরে আসবে না। আমার দুই মেয়েকে একসঙ্গে হারানোর এই কষ্ট আমি কীভাবে সহ্য করব, জানি না।”
মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো মোল্লাকান্দি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আরও পড়ুন: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন