১০:০২ এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় গভীর রাতে একটি সামাজিক কবরস্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে কবরস্থানের বেশ কিছু গাছ এবং কবরের উপর গজিয়ে ওঠা ছোন গাছ পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় এলাকাবাসী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ ঘটনার প্রেক্ষিতে, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কবরস্থান কমিটির পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগপত্রটি যৌথভাবে জমা দেন কবরস্থান কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার এবং সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আলী।
এর আগে রবিবার (২৯ জুন) দিবাগত রাতে ঘটে যাওয়া ঘটনাটি উপজেলায় গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ কবরস্থানে ঘটে।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
খোঁজ নেওয়ার পর জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেওয়া অগ্নিকাণ্ডটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং কবরস্থানের ভেতরে থাকা গাছপালা ও ঝোপঝাড় পুড়ে যায়।
কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ কবরস্থান কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার প্রতিবাদ জানিয়ে বলেন, এই ঘটনার পেছনে জড়িত অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন