১২:৫৩ পি.এম
বিশ্বকাপকে কেন্দ্র করে কানাডার টরন্টো এবং ভ্যাঙ্কুভার শহরে প্রবাসী জনগণের মধ্যে ফুটবলের এক ভিন্ন মাত্রার উন্মাদনা শুরু হয়েছে। একদিকে বিদেশি পর্যটকরা অন্যদিকে স্থানীয় দর্শকদের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
টরন্টো ও ভ্যাঙ্কুভারে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আয়োজনকে সামনে রেখে নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রস্তুতি জোরদার করার কথা জানানো হয়েছে কানাডা সরকারের পক্ষ থেকে।
এই উপলক্ষে 'কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড' স্লোগানে বিশ্বের ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে কানাডা। দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ভ্যান কুভারডেন বলেছেন, 'এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের মানুষের মিলনমেলা।'
আরও পড়ুন: হরমুজ আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ
সাধারণ প্রবেশের অধিকাংশ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে প্রিমিয়াম প্যাকেজ এখনো পাওয়া যাচ্ছে। ফিফার তথ্য অনুযায়ী, প্রতিদিনের টিকিটের মূল্য০ ১০০ থেকে ৩০০ কানাডিয়ান ডলারের মধ্যে হতে চলেছে, যা কর ও অতিরিক্ত ফি যুক্ত হবে।
বিশ্লেষকদের মতে, এই বিশ্বকাপ আয়োজন স্থানীয় ব্যবসা, পর্যটন খাত এবং আতিথেয়তা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।
বিশ্বকাপ চলাকালীন গ্রেটার টরন্টো এরিয়াজুড়ে অসংখ্য ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে সমর্থকরা একত্রিত হয়ে খেলা দেখার পাশাপাশি নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে পারবেন।
ফোর্ট ইয়র্ক এবং দ্য বেন্টওয়ে এলাকায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অফিসিয়াল 'ফিফা ফ্যান ফেস্টিভ্যাল' চলবে। ১৬ বছরের কম বয়সী দর্শকদের অবশ্যই অভিভাবকের সঙ্গে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন: মার্কিন হামলা হলে ইউরোপের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি: ইরান
বিশ্বকাপের সময়ে টরন্টোর অনেক জনপ্রিয় বার ও রেস্তোরাঁ বিশেষ নীতিমালা গ্রহণ করেছে। কিছু স্থানে আগাম বুকিং বাধ্যতামূলক করা হয়েছে, আবার কোথাও ন্যূনতম ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ডের মাধ্যমে রিজার্ভেশন নিশ্চিত করছে। তাই খেলা দেখতে যাওয়ার আগে পছন্দের ভেন্যুতে যোগাযোগ করে তাদের নীতিমালা জেনে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
শুধু খেলা দেখা নয়, বিভিন্ন কমিউনিটি গ্রুপ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ বিশ্বকাপ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাদ্য উৎসব এবং বিশেষ অফারের আয়োজন করছে। ফলে টরন্টোর বাসিন্দা এবং পর্যটকদের জন্য পুরো টুর্নামেন্টজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন