০২:৪৫ পি.এম
জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে চোর চক্রের কবলে পড়েছেন শত শত দর্শক। বিপুলসংখ্যক মানুষের সমাগমের সুযোগ নিয়ে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়। প্রিয় অনুষ্ঠানটির দৃশ্যধারণ সরাসরি দেখতে সকাল থেকেই সেখানে দর্শকদের ঢল নামে। একপর্যায়ে পুরো মাঠ ও আশপাশের এলাকায় মানুষের উপচেপড়া ভিড় তৈরি হয়।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার মানুষ সমবেত হন। বিপুলসংখ্যক দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। মাঠে আড়াই শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: কসবায় মহাসড়ক অবরোধের ঘটনায় ছাত্রলীগ নেতা আল রাফি গ্রেপ্তার
এত নিরাপত্তাব্যবস্থার মধ্যেও জনসমাগমের সুযোগ কাজে লাগায় পেশাদার চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান চলাকালে ভিড়ের মধ্যে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। তবে অনুষ্ঠান চলার সময় অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। অনুষ্ঠান শেষে নিজেদের মোবাইল ফোন খুঁজে না পেয়ে একের পর এক দর্শক চুরির বিষয়টি জানতে পারেন। পরে ভুক্তভোগীদের অনেকে থানায় গিয়ে অভিযোগ করেন।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিকভাবে মোবাইল ফোন চুরির অভিযোগ করেছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা দুই শতাধিক হতে পারে। এ ঘটনায় অনুষ্ঠানস্থল থেকেই গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন