০১:৩২ এম
বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে টুর্নামেন্টকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা ছিল ফিফার। ২০৩০ সালের বিশ্বকাপে ৪৮ দলের পরিবর্তে ৬৪টি দল নিয়ে আয়োজনের প্রস্তাবও উত্থাপিত হয়েছিল।
তবে, শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পুনর্নির্বাচিত হলে বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবেন না বলে ফিফার শীর্ষ কর্মকর্তাদের জানিয়েছেন ইনফান্তিনো।
ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের সভাপতিদের নিয়ে গঠিত ফিফা ব্যুরোর সদস্যদের কাছে এ কথা জানিয়েছেন ইনফান্তিনো। আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার কথা রয়েছে তার।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু বাংলাদেশে
২০৩০ বিশ্বকাপে ৬৪ দল রাখার প্রস্তাব দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) দিয়েছিল। বিশ্বকাপের ১০০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এমন প্রস্তাব করা হয়েছিল। তবে ইউরোপসহ কয়েকটি মহাদেশীয় ফুটবল সংস্থা এ প্রস্তাবের বিরোধিতা করেছে।
বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েছিলেন। দ্য টাইমসের ধারণা, সেই চাপ কমাতেই তিনি সম্প্রসারণের পরিকল্পনা থেকে সরে এসেছেন।
এ বিষয়ে দ্য টাইমস ফিফার কাছে জানতে চেয়েছিল। তবে সংস্থাটির কেউ মন্তব্য করতে রাজি হননি। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফিফা কাউন্সিল ও কাউন্সিল ব্যুরোর অভ্যন্তরীণ আলোচনা আমাদের নীতিমালা অনুযায়ী গোপনীয়।’
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক দেশ হচ্ছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। শতবর্ষ উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: সন্দ্বীপে ১৬ ডিসেম্বর ক্রিকেট উৎসব, অংশ নেবে ৮ দল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন