০১:৩৮ এম
মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের কারণে চাঁন মিয়া মাতুব্বর নামে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রধান আসামি জাকির সরদারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জাকির ওই এলাকার আমজাদ সরদারের ছেলে। আহত চাঁন মিয়া মাতুব্বর (৪০) একই এলাকার বাদশা মাতুব্বরের ছেলে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, আটিপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইলিয়াস হাওলাদারের সঙ্গে একই এলাকার জাকির সরদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ইলিয়াস বিদেশে অবস্থান করায়, চাঁন মিয়া মাতুব্বর, যিনি আমেরিকা প্রবাসীর আত্মীয়, জমিজমা দেখভাল করেন। এই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে জাকির লোকজন নিয়ে শুক্রবার রাতে একা পেয়ে চাঁন মিয়ার ওপর হামলা চালায়।
আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ
হামলার সময় কৃষককে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর মামলা হলে শনিবার রাতে প্রধান অভিযুক্ত জাকির সরদারকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী চাঁন মিয়া মাতুব্বর বলেন, ‘জাকির দেশীয় অস্ত্র ও দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। পূর্ব শত্রুতার জেরে এটা করে জাকির। আমি তার এবং তার দলের লোকজনের কঠিন বিচার চাই।’
এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, কৃষকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার মূলহোতা জাকির সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন