০৩:৫২ পি.এম
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলার ফলে তিন সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এদিকে, মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান সম্পর্কিত প্রচেষ্টা বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠক করার জন্য লেবাননের সেনাপ্রধান বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধের মধ্যেও তেল উৎপাদন বাড়িয়েছে সৌদি আরব
ইসরাইল দাবি করছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে লেবাননে অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, হিজবুল্লাহ ইরানের পক্ষে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য সংঘাতে লেবাননকে জড়িয়ে ফেলেছে।
দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়নি। গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। চলতি সপ্তাহে ওয়াশিংটনে লেবানন-ইসরাইল আলোচনার পর ঘোষিত নতুন শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিকে কয়েক ঘণ্টার মধ্যে হিজবুল্লাহ সরাসরি প্রত্যাখ্যান করেছে।
লেবানন পর্যায়ক্রমে হিজবুল্লাহকে নিরস্ত্র করার ব্যাপারে অঙ্গীকার করেছে। কিন্তু একইসঙ্গে তারা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধেও নিন্দা জানাচ্ছে।
সর্বশেষ ঘটনার ওপর লেবাননের সেনাবাহিনী জানায়, খারদালি ও নাবাতিয়েহ এলাকার মাঝের সড়কে একটি সামরিক যানে ইসরাইলের হামলায় দুই কর্মকর্তা এবং এক সৈন্য নিহত হয়েছেন।
আরও পড়ুন: নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১০+
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, লক্ষ্যবস্তু গাড়িটি ‘সন্দেহজনকভাবে চলছিল’ এবং সেটি এমন একটি ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে’ ছিল, যেখানে অভিযান শুরুর আগে তাদের ওই এলাকা খালি করার নির্দেশ ছিল।
তবে তারা দাবি করেছে, তাদের অভিযান হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে নয় এবং এই ঘটনাটিকে তারা পর্যালোচনা করার প্রক্রিয়ার মধ্যে রেখেছে।
হিজবুল্লাহ এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করে বলেছে, ওয়াশিংটনে শত্রুপক্ষের শর্ত মেনে নিয়ে লেবানন সরকার দেশটিকে রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে।
লেবাননে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, এ ধরনের হামলা লেবাননের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ হিসাবে গণ্য হবে।
আরও পড়ুন: বিশ্বনেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করেছেন
লেবাননের সেনাবাহিনী বলেছে, ইসরাইলের ‘ইচ্ছাকৃত ও বারবার চালানো নৃশংস আগ্রাসন’ সব ধরনের সমাধান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন