০৭:০৭ পি.এম
প্রায় দুবছর পর কলকাতার বাংলাদেশ মিশন পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার পাচ্ছে। নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব দিতে চলেছেন অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ খালেদ। একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মোহাম্মদ খালেদ বর্তমানে চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র থেকে জানা গেছে, চলতি মাসের শেষের দিকে নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন তিনি।
মোহাম্মদ খালেদ ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বাংলাদেশ ফরেন সার্ভিসের ২৫তম ব্যাচের (বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার) কর্মকর্তা। তার দীর্ঘ কূটনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন: ই-রিকশা চলাচল বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব পেশ
কুনমিংয়ে দায়িত্ব নেওয়ার আগে, তিনি মায়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস, পর্তুগালের লিসবন এবং গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। সার্ক, বিমসটেক ও এসিডি উইং, পশ্চিম এশিয়া উইং, মধ্য এশিয়া ও আফ্রিকা উইং এবং ইউরোপ উইংয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিশনের দূতালয় প্রধান মোহাম্মদ আশরাফুল সিকদার।
চলতি বছরের জুন মাসে তার দায়িত্ব শেষ হলে তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে প্রথম সচিব (রাজনৈতিক) আয়েশা আক্তার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব সামলাচ্ছেন।
এর আগে ৫ আগস্টের আগে পর্যন্ত কলকাতা মিশনের পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার ছিলেন আন্দালিব ইলিয়াস। তাকে শ্রীলঙ্কায় বদলির পর দীর্ঘ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে চলছিল কলকাতার বাংলাদেশ মিশন।
আরও পড়ুন: সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভায় ব্যবস্থা: শাহে আলম
মোহাম্মদ খালেদ চলতি (জুলাই) মাসের শেষের দিকে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে যোগদান করতে পারেন বলে সময় সংবাদকে জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন