১০:০২ পি.এম
বিরোধী দলের কর্মসূচিতে 'মবোক্র্যাসি' মন্তব্যকে কেন্দ্র করে সরকার দলের এমপির বক্তব্যকে এক্সপাঞ্জ করার দাবি জানানো হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিতে সায় দেননি। বিরোধী দলকে লক্ষ্য করে স্পিকার বলেছেন, 'মবোক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে। এটা কোনো অশ্লীল শব্দ নয়। এটাকে অসংসদীয় মনে করি না। এটি এক্সপাঞ্জ করার কিছু নেই। আপনারাও এই বক্তব্য ব্যবহার করতে পারেন।'
সোমবার বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় বিরোধী দলের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্পিকার এই রুলিং দেন। এর আগে, বিএনপির সংরক্ষিত আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন বিরোধী দলের বাজেট বিরোধী বিক্ষোভ মিছিলের সমালোচনা করে বলেছেন, 'তারা বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটি ব্যানার নিয়ে “মানি না মানবো না” বলে রাস্তায় দাঁড়িয়ে গেছেন। এটা একটা মবোক্রেসি। কখনো বলছেন “গরিবের মারার বাজেট”। কখনো বলছেন “বিনিয়োগের পরিবেশ নেই”।'
ওই সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়ার পর জামায়াতে ইসলামী সংসদ সদস্য রাশেদুল ইসলাম পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এসে বলেন, 'মাননীয় সংসদ সুন্দর বক্তব্য দিয়েছেন। কিন্তু বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, তাকে তিনি মবোক্রেসি বলেছেন। আমরা শব্দটি এক্সপাঞ্জ করার অনুরোধ করছি।' স্পিকার এই অনুরোধ নাকচ করে বলেন, 'মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ নয়। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটার ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপাঞ্জ করার মত কোনো কিছুই নয়।'
আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা ও ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
সময়ের এই পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, 'আসলেই মবোক্রেসি শব্দটা কোনো ভালো অর্থ বহন করে না। এটি অবশ্যই আপত্তিকর শব্দ। আমার মনে হয়, তিনি বেখেয়ালে বলে ফেলেছেন। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করিনি। বাজেটে প্রত্যাখান করে মিছিল অতীতে জামায়াতও করেছে, বিএনপিও করেছে। অনেকেই করেছে। তাহলে কি সবই মবোক্রেসি ছিল? শব্দটা এখানে বেমানান। এক্সপাঞ্জ করা উচিত।'
স্পিকার তখনও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, 'মবোক্র্যাসি এখন একটা কমন টার্ম হয়েছে। সবার বক্তৃতাতে এটা শোনা যায়। এটা কোনো অশ্লীল শব্দ নয়। এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ব্যবহার করতে পারেন। এটা রাজনীতি নিন্দনীয়। ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ নয়।'
গত ১১ জুন সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপনের সন্ধ্যায় তা প্রত্যাখান করে রাজধানীতে মিছিল করে জামায়াত। সরকারি দল বিএনপি বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করে। অতীতেও বাজেটের পক্ষে বিপক্ষে সরকারি ও বিরোধী দলকে মিছিল করতে দেখা গেছে।
আরও পড়ুন: পাঁচ বছরে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট : বিদ্যুৎমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন