০৬:৫৭ পি.এম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সরাসরি যোগাযোগনির্ভর কার্যক্রমকে কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এ সময় দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত বা শাস্তি দেওয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ তৈরি করে এমন প্রক্রিয়া ও ব্যবস্থার পরিবর্তন বা বিলোপের ওপরও জোর দেওয়া হয়েছে।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি।
আরও পড়ুন: প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানিতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-তুরস্ক
বৈঠকে জানানো হয়, সরকারি সেবা ও কার্যক্রমে সরাসরি যোগাযোগ কমানোর ফলে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থার প্রবর্তন করা হলে দুর্নীতির সুযোগ কমে যাবে। এ ছাড়া ব্যবসায়ীদের ব্যয় এবং হয়রানি কমবে, ব্যবসার পরিবেশ আরও সহজ হবে এবং সরকারের রাজস্ব আদায়কৃত অর্থও বৃদ্ধি পাবে।
বৈঠকে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করা হয়। যদি এ ক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধি করা যায়, তবে সরকারি কার্যক্রমের দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলেও অভিমত প্রকাশ করা হয়।
এছাড়া সরকারের ব্যয় নির্বাহের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে গৃহীত পদক্ষেপ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো নিরূপণ ও করণীয় বিষয়ে এনবিআরের পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
উপস্থাপিত বিষয়গুলো নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন এবং বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
আরও পড়ুন: চন্দ্রঘোনায় এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক সাইদুর রহমান আটক
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মো. শাহাদাত হোসেন এমপি, মো. সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মো. আবুল হাসনাত এমপি।
বৈঠকে এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন