ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের সাক্ষাৎ আন্তালিয়ায়


জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের সাক্ষাৎ আন্তালিয়ায়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎটি মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে অনুষ্ঠিত হয়।

এমিনে এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সাক্ষাতের বিষয়টি প্রকাশ করেছেন। তিনি জুবাইদা রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, "আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।"

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটবাসীর আনন্দ, স্বেচ্ছাসেবীদের মিছিল

এমিনে এরদোয়ান জানান, সাক্ষাতে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি পোস্টে আরও উল্লেখ করেন, এসব লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

আরও পড়ুন: মানবপাচার ও অভিবাসন অপরাধ দমনে বাংলাদেশ ও কোরিয়ার সহযোগিতা জোরদার আলোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ এম


সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত, এ তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমিরাত সরকার বাংলাদেশকে জানিয়েছে যে, বেনজীর জামিনে মুক্তি পেয়েছেন, তবে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে এ বিষয়ে বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) পাঠানো চিঠিতে জানানো হয়, বেনজীর জামিনে মুক্ত হয়েছেন। তবে তাকে বাংলাদেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

মন্ত্রী জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে। আমিরাত সেই অনুরোধ পর্যালোচনা করে দুই দফায় অতিরিক্ত তথ্য ও আইনি নথি চেয়েছে। বাংলাদেশ সেসব নথি পাঠানোর ব্যবস্থা করেছে।

দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে ধরতে ২০২৫ সালের ১১ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল।

গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীরের গ্রেফতারের বিষয়টি জানায়। ১৪ জুন জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।

৩০ জুলাই তিনি সেখানে জামিনে মুক্তি পান। ২ আগস্ট দেশের কয়েকটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

গত ৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর আওতায় বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিষয়ে একটি প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়। সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের আনা ওই প্রস্তাবে বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেলেন এবং তাকে দেশে ফেরাতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত সংসদকে জানানোর কথা বলা হয়।

এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংসদে সরকারের নেওয়া পদক্ষেপের বিবরণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

লিখিত বিবৃতিটি দীর্ঘ হওয়ায় এর গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে শোনানোর অনুমতি চান সালাহউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার অনুমতি দিলে তিনি সংক্ষিপ্ত আকারে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।

গ্রেফতারের চার দিনের মধ্যে প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার অনুরোধে বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়।

২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়। এর নম্বর A-5174/4-2025।

বেনজীর আহমেদের গ্রেফতার তথ্য জানানোর পাশাপাশি আমিরাত ২০০৬ সালের ৩৯ নম্বর ফেডারেল আইনের ১১ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে বলেছিল।

মন্ত্রী বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার অপেক্ষা করেনি। গ্রেফতারের খবর পাওয়ার চার দিনের মধ্যে, অর্থাৎ ১৬ জুন আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়।

প্রত্যর্পণ হল-বিচারের জন্য কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আইনি প্রক্রিয়া।

একই দিন তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য অনুরোধের একটি অনুলিপি আবুধাবির এনসিবিতেও পাঠানো হয়।

দুই দফায় অতিরিক্ত নথি চেয়েছে আমিরাত

বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনার পর গত ৮ জুলাই আমিরাতের বিচার মন্ত্রণালয় চারটি বিষয়ে অতিরিক্ত তথ্য ও নথি চায়।

এসব নথি প্রস্তুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ এবং ঢাকার এনসিবি একসঙ্গে কাজ করে।

এরপর ২ আগস্ট ঢাকার এনসিবি আবুধাবির এনসিবিকে বেনজীরের ওপর নজরদারি বজায় রাখার অনুরোধ জানায়।

একই সঙ্গে দেশটির সব অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে সতর্কতা বজায় রাখা, বেনজীরের অবস্থান নিশ্চিত করা এবং তার আইনি বা অভিবাসনসংক্রান্ত অবস্থার পরিবর্তন হলে দ্রুত বাংলাদেশকে জানাতে বলা হয়।

আমিরাতের চাওয়া চারটি বিষয়ে অতিরিক্ত তথ্য ও সহায়ক নথি ৪ অগাস্ট কূটনৈতিক মাধ্যমে পাঠানো হয়।

পরে ২২ আগস্ট আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ আরও সুনির্দিষ্ট আইনি ব্যাখ্যা চায়।

এর মধ্যে ছিল বাংলাদেশের আইনে মামলা দায়েরের নির্ধারিত সময়সীমা এবং দণ্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়ে আইনি ব্যাখ্যা। সংশ্লিষ্ট আইনের পূর্ণাঙ্গ পাঠও চাওয়া হয়।

এসব তথ্য ও নথি পাঠানোর জন্য ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইন ও বিচার বিভাগের আইনি মতামত ১ সেপ্টেম্বর অনুমোদিত হয়। পরদিন ২ সেপ্টেম্বর দুদকের মতামত পাওয়া যায়।

এরপর প্রয়োজনীয় সত্যায়ন, আরবি অনুবাদ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে ৮ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষের কাছে নথি পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।

‘প্রত্যর্পণ প্রক্রিয়া বন্ধ হয়নি’

বেনজীরের জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত বিবৃতিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর আবুধাবির এনসিবি থেকে পাওয়া চিঠিতে তার জামিনে মুক্তি ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়।

আমিরাতের সরকারি কৌঁসুলির আদেশে বেনজীর জামিন পেয়েছেন। তবে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

চলমান প্রত্যর্পণ কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি আমিরাত ছাড়তে পারবেন না বলে চিঠিতে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত আমিরাতের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এর অর্থ বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান করা হয়েছে, এমন নয়।

তিনি বলেন, কোনো ব্যক্তির জামিনপ্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি বা কোনো ব্যক্তিকে গ্রেফতার করলেই তাকে স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশে ফেরত পাঠানো যায় না।

তিনি বলেন, আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত দেশটির আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে অপরাধের ধরন, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণ এবং অন্যান্য আইনি শর্ত বিবেচনা করা হয়।

প্রত্যর্পণ প্রক্রিয়ার আইনি ধাপগুলো শেষ করতে সময় লাগাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে দেখা ঠিক হবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বেনজীরকে ফেরাতে বাংলাদেশ স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে। তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংসদে সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ প্রেরণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথি দিয়েছে। স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে। এবং তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে।

বিদেশে বেনজীরের সম্পদের তথ্য চেয়েছে দুদক।

বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএআর পাঠানো হয়েছে।

এ প্রক্রিয়ায় এক দেশের তদন্তকারী সংস্থা অন্য দেশের কর্তৃপক্ষের কাছে তদন্ত ও বিচারকাজে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ চেয়ে থাকে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্নীতি দমন কমিশন কর্তৃক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে অবস্থিত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহে এমএলএআর প্রেরণ করা হয়েছে।

বিদেশ থেকে নথি ও তথ্যপ্রমাণ পাওয়া গেলে বেনজীর ও তার পরিবারের সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এ ক্ষেত্রে আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতার নিয়ম অনুসরণ করা হবে।

তবে কোন কোন দেশে এসব অনুরোধ পাঠানো হয়েছে এবং কত সম্পদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়নি।

পাসপোর্ট জালিয়াতির মামলাও তদন্তাধীন

বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুদকের করা একটি মামলার তথ্যও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, বলেন সালাহউদ্দিন আহমদ।

বেনজীরের বিরুদ্ধে মামলার পটভূমি

আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ বাহিনীর প্রভাবশালী কর্মকর্তা ছিলেন বেনজীর আহমেদ। তিনি র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বও পালন করেন।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন তিনি।

২০২৪ সালের মার্চে গণমাধ্যমে বেনজীর ও তার পরিবারের বিপুল সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর দুর্নীতির অভিযোগ সামনে আসে।

পরে তার সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন।

কমিশনের অনুসন্ধানে বেনজীর ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট, রিসোর্ট, কোম্পানির শেয়ার ও ব্যবসায়িক বিনিয়োগের তথ্য উঠে আসে।

আদালতের নির্দেশে এসব সম্পদের একটি অংশ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

২০২৪ সালের ৪ মে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দেশ ছাড়েন বেনজীর।

পরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলার একটিতে তার বিচারও শুরু হয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকার আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে একই বছরের ১১ এপ্রিল ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ এম


স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি চলাকালীন ২ সহোদরসহ ৩ জনকে এলাকাবাসী ধরে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পেট্রোল, টায়ার এবং দুটি মোটরসাইকেল।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার রাখালগাছি এলাকার আব্দুর রহিমের ২ ছেলে খাইরুল ইসলাম ও জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার সুকুমারের ছেলে চঞ্চল কুমার।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কাশীপুর ইটভাটার কাছে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী স্লোগান দিতে শুরু করলে, এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। কিছু ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও, তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঠ্যবই ছাপায় গতি, ২৩ প্রেসে বাড়তি নজরদারি করছে এনসিটিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ এম


পাঠ্যবই ছাপায় গতি, ২৩ প্রেসে বাড়তি নজরদারি করছে এনসিটিবি

শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের বই পাওয়ার জন্য আগের বছরগুলোতে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে এবারের পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবইয়ের মধ্যে প্রাথমিকের ৯৮ শতাংশের বেশি এবং মাধ্যমিকের ৭০ শতাংশের বেশি বই ইতোমধ্যেই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। ২৭টি প্রেসের কাজ সম্পূর্ণ হলেও ২৩টি প্রেস নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্বেগ এখনও কাটেনি। এই প্রেসগুলোতে বাড়তি নজরদারি করছে এনসিটিবি, যাতে নির্ধারিত সময়ে মান বজায় রেখে বই সরবরাহ করা সম্ভব হয়।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা কালের কণ্ঠকে জানান, "নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী আমাদের কার্যক্রম এগিয়ে চলছে। কোনো রকম অনিয়ম পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এরই মধ্যে প্রাথমিকের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলায় পৌঁছে গেছে। মাধ্যমিকের বই ছাপার কাজ এখন পুরোদমে চলছে। আশা করছি, ৩০ নভেম্বরের মধ্যেই আমরা শতভাগ বই পৌঁছে দিতে পারব। এটা নিঃসন্দেহে একটি মাইলফলক হয়ে থাকবে।"

এনসিটিবি সূত্রে জানা যায়, প্রাক্‌-প্রাথমিকের শতভাগ বই পৌঁছে গেছে। প্রথম শ্রেণিতে ৯৮.০৮, দ্বিতীয় শ্রেণিতে ৯৮.১৪, তৃতীয় শ্রেণিতে ৯৮.১৫, চতুর্থ শ্রেণিতে ৯৮.১১ এবং পঞ্চম শ্রেণিতে ৯৮.১০ শতাংশ বই পৌঁছেছে। সব মিলিয়ে প্রাথমিক স্তরে বই সরবরাহের হার ৯৮.২৪ শতাংশ।

প্রাথমিক বইয়ের মান তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডির ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজিম মুনির বলেন, "প্রাথমিকের কাজ প্রায় শেষই বলা যায়। শুধু পুনঃ দরপত্র হওয়া কিছু কাজ বাকি আছে। পৌনে ২ শতাংশ কাজের জন্য গত মাসের ১৮ তারিখ প্রেসের সঙ্গে চুক্তি হয়। সেগুলোর কাজ চলছে, সেটাও কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে।"

এনসিটিবি সূত্র জানায়, ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯১.২২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির ৯১.৯৭, সপ্তম শ্রেণির ৯৩.৫৪, অষ্টম শ্রেণির ৬২.৮০ এবং নবম-দশম শ্রেণির ৩০.২২ শতাংশ বই পৌঁছেছে। সব মিলিয়ে মাধ্যমিক স্তরে বই সরবরাহের হার ৭০.৩১ শতাংশ। মাধ্যমিক বইয়ের মান তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইনডিপেন্ডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডির ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন জানান, "এরই মধ্যে ২৭টি প্রেস তাদের শতভাগ কাজ শেষ করেছে। পুরোদমে কাজ চলছে। নবম-দশম শ্রেণির বইয়ের কাজ পরে ধরায় সেটা কিছুটা পিছিয়ে আছে। আশা করছি, দরপত্রের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।"

এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য মোট ৩০ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ১০১ কপি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক্‌-প্রাথমিকের জন্য ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি, প্রাথমিক স্তরের জন্য সাত কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৫৩৮ কপি এবং মাধ্যমিক স্তরের জন্য ২২ কোটি ১০ লাখ ৪২ হাজার ৯২৩ কপি বই ছাপানো হবে। এসব বই ছাপাতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় দুই হাজার ১০০ কোটি টাকা।

হাওলাদার অফসেট প্রেসের স্বত্বাধিকারী মো. শাহে আলম বলেন, "আমি ৪০ লাখ বইয়ের কাজ পেয়েছিলাম। শতভাগ কাজই শেষ হয়ে গেছে। এ বছর আগে কার্যাদেশ পেয়েছি, আগে কাজ শুরু হয়েছে; ফলে আগেভাগেই কাজ শেষ হচ্ছে। এবার বইয়ের মানও ভালো হয়েছে।"

আমিন আর্ট প্রেসের পরিচালক মো. রেজাউল করিম সোহেল জানান, "আমি ৬৩ লাখ বইয়ের কাজ পেয়েছি। এরই মধ্যে প্রায় ৮৫ শতাংশ বইয়ের কাজ শেষ হয়েছে। ২ ডিসেম্বর পর্যন্ত আমার সময় আছে। বেশ আগেই কাজ শেষ হয়ে যাবে। মানের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছি। আগের যেকোনো সময়ের চেয়ে ভালো মানের বই হয়েছে।"

এদিকে, মাধ্যমিকের প্রায় ৭০ শতাংশ বই পৌঁছলেও ২৩টি ছাপাখানার কাজ নিয়ে এনসিটিবির সন্দেহ রয়েছে। এসব ছাপাখানাকে চিহ্নিত করে নিয়মিত তদারকির পাশাপাশি বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য এনসিটিবির তিনজন সদস্য ও সচিবকে বিশেষ মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩টি ছাপাখানার বই ছাপার কাজ শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লাগতে পারে বলে মনে করছে এনসিটিবি। পাশাপাশি অতিরিক্ত কাজের চাপের সুযোগ নিয়ে কেউ যাতে নিম্নমানের কাগজে বই ছাপতে না পারে, সে বিষয়েও সতর্ক রয়েছে সংস্থাটি। গত ৪ নভেম্বর থেকে এই নজরদারি শুরু হয়েছে। এতে অনেক ছাপাখানার কাজের অগ্রগতিও হয়েছে। দ্রুত বই ছাপার কাজ শেষ করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এনসিটিবি নভেম্বরের মধ্যে বই ছাপার কাজ শেষ করার কথা বললেও বাস্তবে কয়েকটি ছাপাখানার কাজ শেষ হতে আরো কিছুদিন সময় লাগতে পারে। চুক্তি অনুযায়ী, কাজ শেষ করার জন্য ৭০ দিন সময় দেওয়া হয়েছে। সেই হিসাবে কয়েকটি ছাপাখানার সর্বশেষ সময়সীমা ৯ ডিসেম্বর। তবে তিন-চারটি ছাপাখানার কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা নিয়েও সংশয় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজ অশোক: প্রকৃতির দুর্লভ ও বিপন্ন উপহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ এম


রাজ অশোক: প্রকৃতির দুর্লভ ও বিপন্ন উপহার

চলতি বছরের ৮ এপ্রিল। প্রকৃতির তখন চৈত্র মাস। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। তবুও ফুলের খোঁজে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম। ব্রহ্মপুত্রের তীরে পুষ্প, বৃক্ষ, লতা-গুল্মে সমৃদ্ধ এই উদ্যানের মূল ফটক দিয়ে প্রবেশ করে ডান দিকে কিছুটা এগিয়ে গিয়ে দেয়ালের কাছেই রাজ অশোকের দেখা পেলাম। গাছে ফুল নিয়ে ঝুলছে লম্বা মঞ্জরিদণ্ড। তখন ফুলগুলো পুরোপুরি ফোটেনি। ছবি তুলে ফেললাম ঝটপট।

প্রকৃতির এক অনন্য ও দুর্লভ সৃষ্টি রাজ অশোক। এটি উদ্ভিদজগতের অন্যতম রূপবতী ও রাজকীয় বৃক্ষ হিসেবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Amherstia nobilis, যা Fabaceae পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ এবং এই জেনাসের এটি একমাত্র প্রজাতি। বৈশ্বিকভাবে এটি Pride of Burma, Orchid Tree কিংবা Tree of Heaven নামেও পরিচিত। ঢাকার বিখ্যাত বলধা গার্ডেনের প্রয়াত তত্ত্বাবধায়ক অমৃতলাল আচার্য এই গাছটির বাংলা নাম রেখেছিলেন রাজ অশোক। স্বর্গের অপ্সরা উর্বশীর সঙ্গে তুলনা করে অনেকেই একে উর্বশী নামেও ডাকেন।

রাজ অশোকের আদি নিবাস প্রতিবেশী দেশ মিয়ানমার। সেখান থেকে এটি কালক্রমে ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন ক্রান্তীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে এই গাছটি অত্যন্ত বিরল ও বিপন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান, বলধা গার্ডেন এবং চট্টগ্রাম ও আরাকানের কিছু বৌদ্ধ বিহারে অত্যন্ত যত্নসহকারে গাছটি টিকিয়ে রাখা হয়েছে।

রাজ অশোক একটি মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ। এটি সাধারণত ৮ থেকে ১০ মিটার উঁচু হয়ে থাকে। ফুলহীন অবস্থায় সাধারণ অশোক গাছের সঙ্গে এর ডালপালা, কাণ্ড ও পাতার বেশ মিল দেখা যায়। তবে ফুল ফোটার পর এর আসল রাজকীয় রূপ প্রকাশ পায়। এই গাছের কচি পাতাগুলো অত্যন্ত আকর্ষণীয়। ডালের ডগায় ঝুলে থাকা কচি পাতাগুলোর রং তামাটে বা হালকা চকোলেট রঙের। পাতাগুলো বড় হলে গাঢ় সবুজ রং ধারণ করে। রাজ অশোকের আসল সৌন্দর্য এর ফুলে। এর ফুল ফোটার প্রধান সময় হেমন্ত থেকে বসন্তকাল (বিশেষ করে শীতকাল)। শাখার আগায় কিংবা পাতার কক্ষে দীর্ঘ, ঝুলন্ত পুষ্পমঞ্জরি তৈরি হয়। মঞ্জরিতে একাধিক ফুল পর্যায়ক্রমে ফোটে। ফুলের রং উজ্জ্বল লাল, গাঢ় গোলাপি ও লালচে আভাযুক্ত। পাপড়ির মধ্যে হলুদ দাগ ও সাদা-লাল রঙের সূক্ষ্ম নকশা ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। এর দীর্ঘ ঝুলন্ত পুষ্পমঞ্জরি যেন প্রকৃতির সাজানো ফুলের ঝাড়বাতি। প্রতিটি মঞ্জরিতে চার-পাঁচটি ফুল চমৎকার বিপরীত সজ্জায় সাজানো থাকে।

রাজ অশোক শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্যই অনন্য নয়, এর রয়েছে নান্দনিক ও পরিবেশগত গুরুত্ব। একে বিশ্বের সবচেয়ে সুন্দর ফুল উৎপাদনকারী গাছের একটি হিসেবে ধরা হয়। যেকোনো উদ্যান, বোটানিক্যাল গার্ডেন বা শিক্ষাপ্রতিষ্ঠানের নান্দনিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিতে এই বৃক্ষের জুড়ি নেই। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বায়ু শোধনে ভূমিকা রাখে।

বাংলাদেশে রাজ অশোক অত্যন্ত দুর্লভ ও বিলুপ্তপ্রায় একটি উদ্ভিদ। এর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অনুযায়ী এই প্রজাতিটিকে সংরক্ষিত উদ্ভিদ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই গাছ কাটা বা ক্ষতিসাধন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এই গাছে ফল ও বীজ হলেও বীজ থেকে প্রাকৃতিকভাবে চারা গজানোর হার খুবই কম। মূলত গুটি কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে এর চারা তৈরি করতে হয়। তাই উদ্ভিদবিজ্ঞানী ও প্রকৃতিপ্রেমীদের কাছে এই গাছের কৃত্রিম প্রজনন ও চারা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব অনেক বেশি। রাজ অশোকের প্রধান গুরুত্ব শোভাবর্ধক বৃক্ষ হিসেবে। উদ্ভিদ উদ্যান, বৃহৎ ব্যক্তিগত বাগান, পার্ক এবং উপযুক্ত উন্মুক্ত স্থানে এটি রোপণ করা যায়।

লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%