০৪:২০ পি.এম
একুশে পদক প্রাপ্ত কবি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর তৃতীয় নামাজে জানাজা আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২টা ১২ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন জাতীর প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি একেএম মহসীন। এছাড়া কার্যনির্বাহী সদস্য শাহীন হাসনাতসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন নেতৃবৃন্দও অংশ নেন।
আরও পড়ুন: নজরুলের শেষ দিনগুলোর সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন
এছাড়া জানাজায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, যুগান্তর সম্পাদক ও ডিইউজে’র সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার এবং বিএফইউজ’র সাবেক সভাপতি এম আবদুল্লাহ প্রমুখও উপস্থিত ছিলেন।
জানাজা শেষে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি ও জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় কবির পরিবারের সদস্য, ভক্ত-অনুরাগী এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
দুর্দান্ত এক কাব্যময় জীবন কাটানো কবি আল মুজাহিদীর মরদেহ জানাজার জন্য ভক্ত ও সহকর্মীদের মাঝে আনা হলে পুরো প্রেসক্লাব জুড়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
আরও পড়ুন: মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভা
এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আল মুজাহিদীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে হাজারো মানুষ, ভক্ত অনুরাগীরা কবির কফিনে শেষ বারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁকে শেষ বিদায় জানান।
গতকাল দুপুর ১টা ৪০ মিনিটের সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান রবের ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে পাড়ি জমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
আল মুজাহিদী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪০ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: সুফিবাদ চলচ্চিত্রকে কী দিতে পারে: আধ্যাত্মিক পরিবর্তনের সম্পর্ক
রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কুড়িটির অধিক কাব্যগ্রন্থ সহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন