০২:৫৮ পি.এম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে বাংলাদেশি সংগীতশিল্পী হাবিবের গান বাজছে। এটি এমন একটি নীরব আন্তর্জাতিক স্বীকৃতি, যেন তা 'মহাজাদু'।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওচিত্রে আবহসংগীত হিসেবে 'মহাজাদু' গানটি ব্যবহারে হাবিব ওয়াহিদ নিজেকে ভাগ্যবান মনে করছেন। দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে নিজের গান শুনে প্রথমে খানিকটা অবাক হলেও, সঙ্গে সঙ্গে বেশ সম্মানিত বোধ করছেন তিনি।
তবে গানটি ব্যবহারের বিষয়টি সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না হাবিব। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার কখনও দেখা বা কথাও হয়নি। সকালে ঘুম থেকে উঠে, বিভিন্নজনের পাঠানো লিংকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন তিনি।
আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা
হাবিব ওয়াহিদের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহারের বিষয়টি তাকে অনুপ্রাণিত করেছে। দুটি দেশের সম্পৃক্ততা থাকা এমন একটি কূটনৈতিক ভিডিওতে তার গান জায়গা পাওয়ার বিষয়টিকে তিনি সম্মানের হিসেবেই দেখছেন।
সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় নন হাবিব। তবে পরিচিতজন ও ভক্তদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাকে আনন্দিত করেছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।
বর্তমানে নতুন গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন হাবিব। সম্প্রতি তার প্রকাশিত 'প্রেমের কলঙ্ক' শিরোনামের গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। কূটনৈতিক সফরের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় একটি গান ব্যবহারের ঘটনা যেমন সংগীতপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে, তেমনি শিল্পী হাবিব ওয়াহিদের জন্যও এটি এক আনন্দময় বিস্ময়ের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী মারা গেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন