০১:০৭ পি.এম
কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে কাছুম আলী নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। এছাড়া এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার (১৮ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার ছাতিরচর এলাকায়।
মৃত কাছুম আলী (৬৫) ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন রমিজ মেম্বার এবং হিরু মিয়া।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, কিছুদিন ধরেই ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ করে আসছিল। যখন কাছুম আলীসহ কয়েকজন সেই বালু উত্তোলনে বাধা প্রদান করেন, তখন তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের জেরে রাতের দিকে দুপক্ষের মধ্যে হাতে হাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের মারধরে অসুস্থ হয়ে পড়েন কাছুম আলী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিকলী উপজেলা হাসপাতেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। এ সময় জুম্মন এবং তার লোকজন দা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দেন। এক পর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনার পর এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন