০৬:৪০ পি.এম
পরিবেশ সুরক্ষা, সবুজ অর্থায়ন এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) হংকং সফরের সময় প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’ উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং প্রকৃতিনির্ভর সমাধানের সুযোগ গ্রহণ করা প্রয়োজন।
আরও পড়ুন: ঢাকা-১৮ আসনে তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ
তিনি আরও বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রায় ৩ কোটি ৫৪ লাখ বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে এবং রোপিত গাছের পরিচর্যা ও সুরক্ষা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।
শেখ ফরিদুল ইসলাম পাহাড় কাটা ও বনভূমি দখল রোধের ওপর গুরুত্বারোপ করেন এবং দখলকৃত বনভূমি উদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর দূষণ প্রসঙ্গে তিনি জানান, ৪২৪টি পয়েন্ট থেকে এসব নদীতে দূষণ হচ্ছে। নদীদূষণ রোধের পাশাপাশি ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।
পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর গভীর আগ্রহের কথা উল্লেখ করে তিনি কার্বন ক্রেডিট এবং প্রকৃতিনির্ভর সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী
মতবিনিময়ে মোংলা বন্দরের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, সবুজ অর্থায়ন এবং রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়।
এ সময় হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর, কনস্যুলেটের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রীর এ সফরে হংকংয়ে ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ ও ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। একই সফরে চীনের হুনান প্রদেশে সবুজ প্রযুক্তিবিষয়ক ফোরাম এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
আরও পড়ুন: পাচারের শিকারদের পুনর্বাসনে উদ্যোক্তা মেলা, ক্রেতাদের সাড়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন