০১:১৮ পি.এম
২০২৭ সালের হজ মৌসুম শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। তবে হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন ও সুসংগঠিত করার লক্ষ্যে সৌদি আরব আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ৭৫টিরও বেশি দেশের হজসংক্রান্ত কার্যালয়ের সঙ্গে সমন্বয় সভা শুরু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব সভায় তারা সংশ্লিষ্ট দেশগুলোর হজ কার্যক্রমের পরিকল্পনা পর্যালোচনা, প্রয়োজনীয় বিধিবিধান ও নির্দেশনার বিষয়গুলো, এবং বিভিন্ন দেশের চাহিদা নিয়ে আলোচনা করছে।
আগাম এই প্রস্তুতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হজ মিশনের সঙ্গে সমন্বয়ের ক্রিয়াকলাপ আরও জোরদার করা হবে, কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং হজযাত্রীদের সেবার মান উন্নত করার লক্ষ্য নিয়েছে সৌদি আরব।
আরও পড়ুন: ক্র্যাবের দাবি, সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হোক
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে আগমন থেকে শুরু করে হজের আনুষ্ঠানিকতা শেষ করা পর্যন্ত প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দেশটির নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।
এই উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আওতাধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো হজ ও ওমরাহযাত্রীদের সেবা এবং সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা।
গত কয়েক বছর যাবত সৌদি কর্তৃপক্ষ পরবর্তী হজ মৌসুমের জন্য আগাম পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করছে। তারা আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক হজ মিশনগুলোর সঙ্গে আগে থেকেই সমন্বয় করা হলে বিপুলসংখ্যক হজযাত্রীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য সেবা পরিচালনা নিরাপদ ও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।
আরও পড়ুন: ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ১৯ বছরের ফিলিস্তিনি জানা ইহসান আবু ওয়ারদা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন