০৯:৪০ এম
মানিকগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অপর এক আরোহী মিঠু (২৩) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঘিওর উপজেলার নতুন ব্রিজের উত্তর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে
নিহত সাইম উপজেলার ধুলণ্ডী গ্রামের পলাশ মিয়ার ছেলে, এবং আহত মিঠু একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিকেলে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি নম্বরবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে সাইম ও মিঠু যাচ্ছিলেন। নতুন ব্রিজের উত্তর ঢালে পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে প্রায় ১৫ ফুট নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার ফলে দুই আরোহীই গুরুতর আহত অবস্থায় পড়ে যান।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিঠুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশের হাতে সোপর্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন