ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ


নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ

নড়াইলের লোহাগড়া কলেজপাড়ায় বাড়িঘর এবং বিজ্ঞান ক্লাবের ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বুধবার (১ জুলাই) দুপুরে লোহাগড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী দুই ভাই জাহিদুর রহমান ও ওহিদুর রহমান বলেন, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নড়াইলের লোহাগড়া কলেজপাড়ায় তাদের বসতঘরসহ শ্রেষ্ঠা-শাকিরা বিজ্ঞান ক্লাব ভাঙচুর করা হয়েছে। টিনের চালা, বেড়া ও বৈদ্যুতিক বোর্ড ভেঙে ফেলা হয়েছে এবং লোহাগড়া মৌজার ৩৫৪ দাগের প্রায় ৯ শতক জমি দখলের চেষ্টা করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, তাদের পৈতৃক সম্পত্তি এখনও আইন অনুযায়ী বণ্টননামা বা বাঁটোয়ারা করা হয়নি। কিন্তু অভিযুক্ত মাহমুদ আলম, লিয়াকত হোসেন লিকু এবং তাহানূর সম্পূর্ণ অন্যায়ভাবে বায়নাপত্রের অজুহাতে তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন। বেআইনি ভাবে, বাড়িঘর এবং বিজ্ঞান ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন জাহিদুর ও ওহিদুর রহমান।

আরও পড়ুন: শাবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সেলসম্যানের বিরুদ্ধে

অন্যদিকে, অভিযুক্তপক্ষের লিয়াকত হোসেন লিকু অভিযোগ অস্বীকার করে বক্তব্য দেন, এই জমির মালিক জাহিদুর ও ওহিদুর নন। জমির মালিক হচ্ছে তাদের বোন। আমরা সেই বোনের কাছ থেকে জমি কিনেছি। অথচ, তারা থানায় অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, জমি দখলের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, কোনো পক্ষকেই তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কিশোরী নুসরাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কিশোরী নুসরাত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি কিশোরী সৈয়দা নুসরাত জাহান (স্নেহা)৷

নিউইয়র্কের ‘নলেজ অ্যান্ড পাওয়ার একাডেমি’ স্কুল থেকে ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি ‘ভেলেডিক্টোরিয়ান’ (সেরা শিক্ষার্থী) হওয়ার গৌরব অর্জন করেছেন।

 

একই সাথে, স্কুলের শিক্ষায়তনিক ও সার্বিক কার্যক্রমে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নুসরাত মার্কিন ‘প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। এ ছাড়া, সিভিক অ্যাম্বাসেডর ও সিনেট অ্যাওয়ার্ডসহ মোট সাতটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন এই কিশোরী।

 

সৈয়দা নুসরাত জাহানের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া খন্দকার বাড়িতে অবস্থিত। তিনি নিউইয়র্কের পরিচিত কমিউনিটি অ্যাকটিভিস্ট, শিক্ষক ও সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ এবং জোবায়েদা জেসমিন সোহেলি দম্পতির ছোট মেয়ে। নুসরাতের এই অসামান্য সাফল্যে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে, মেধাবী এই শিক্ষার্থী জানান, ‘আমি ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশ এবং প্রবাসের অবহেলিত মানুষের সেবা করতে চাই। শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য।’

 

মেয়ের এই অনন্য সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বাবা সৈয়দ আজাদ। তিনি বলেন, ‘আমার বড় মেয়ে সৈয়দা নূর-ই জান্নাতও এর আগে অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছে। মূলত বড় বোনের সাফল্য ও অনুপ্রেরণাই ছোট মেয়ের এই অর্জনের পথ সুগম করেছে।’ সন্তানদের সুন্দর মানবিক গুণাবলি নিয়ে বড় হতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সমস্যা সমাধানের কার্যকর ফোরাম হওয়া উচিত সংসদ: বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


জনগণের সমস্যা সমাধানের কার্যকর ফোরাম হওয়া উচিত সংসদ: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদকে জনগণের সমস্যা সমাধানের প্রধান কার্যকর ফোরাম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি এই আহ্বানটি জানিয়ে বলেছেন, সংসদ রাজনৈতিক সংঘাত বা ‘বিনোদনের’ স্থান নয়। বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম হতে হবে যেখানে জনগণের সমস্যা নিয়ে আলোচনা এবং তাদের সমাধানের দায়িত্বশীল আচরণ হবে।

আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থে সরকার যে কোনো ইতিবাচক উদ্যোগে বিরোধী দল সমর্থন দেবে।

অন্যদিকে, তিনি জনগণের অধিকার বা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী কোনো পদক্ষেপের বিরোধিতা অব্যাহত রাখার কথা তুলে ধরেন।

তিনি দাবি করেন, 'আমরা এমন একটি দায়িত্বশীল সংসদ চাই, যেখানে জনগণের সমস্যা নিয়ে আলোচনা হবে এবং তার সমাধান খুঁজে বের করা হবে। সংসদ যেন বিনোদনের জায়গা না হয়; এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।'

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দলের উত্থাপিত বেশ কয়েকটি প্রস্তাব চূড়ান্ত বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি অপ্রদর্শিত অর্থ বৈধ করার (কালো টাকা সাদা করার) প্রস্তাব প্রত্যাহারকে স্বাগত জানান এবং বলেন, এই বিষয়ে বিরোধী দল শুরু থেকেই দৃঢ় অবস্থান নিয়েছিল।

এছাড়া, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত অগ্রিম কর প্রত্যাহারের সিদ্ধান্তকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে মনে করেন।

আমদানিকৃত সাইকেলের যন্ত্রাংশের ওপর শুল্ক কমাতে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারির সরকারি আশ্বাসকেও তিনি স্বাগত জানান। তিনি বলেন, সাইকেল শিল্প কর্মসংস্থান সৃষ্টি করে, রপ্তানিতে ভূমিকা রাখে এবং মূলত নিম্নআয়ের মানুষের প্রয়োজন পূরণ করে।

তবে, বিরোধী দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত না হওয়ায় হতাশা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। এর মধ্যে অন্যতম ছিল দেশের অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব, যাতে আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন সহজ হয়, এবং অর্থবছরের শেষদিকে তড়িঘড়ি ব্যয়ের প্রবণতা কমে।

তিনি অভিযোগ করেন, উন্নয়ন ব্যয়ের বড় অংশ অর্থবছরের শেষ কয়েক মাসে সম্পন্ন হওয়ায় বর্ষাকালে অপচয়, অদক্ষতা ও সরকারি অর্থের অপব্যবহার ঘটে।

বিরোধীদলীয় নেতা বছরে শেষে সম্পূরক বাজেটের ওপর নির্ভর না করে প্রতি তিন থেকে চার মাস অন্তর বাজেট মূল্যায়নের প্রস্তাব দেন।

তিনি মনে করেন, এতে সংসদের তদারকি ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বড় বাজেট প্রণয়ন নয়; বরং তা সঠিকভাবে বাস্তবায়ন এবং দুর্নীতি প্রতিরোধ করা।

ডা. শফিকুর রহমান বলেন, 'জাতীয় লক্ষ্য ও পরিকল্পনা থাকলে বড় বাজেট কোনো সমস্যা নয়। প্রকৃত চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা এবং দুর্নীতি। এগুলো মোকাবিলা না করতে পারলে জনগণ বাজেটের প্রকৃত সুফল পাবে না।'

সাংবিধানিক সংস্কারের বিষয়েও তিনি বলেন, বিরোধী দল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের আন্দোলন অব্যাহত রাখবে।

তিনি জানিয়েছেন, 'আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করব। আমাদের আন্দোলন হবে সুসংগঠিত, নিয়মতান্ত্রিক ও অহিংস।'

রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি দাবি করেন, 'কোনো সরকার একা স্থিতিশীল সমাজ গড়ে তুলতে পারে না। সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।'

সংসদীয় কার্যক্রম প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দলের সদস্যদের বিতর্কে আরও বেশি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং কার্যপ্রণালীগত ভারসাম্যহীনতা দূর করতে হবে, যাতে সংসদীয় গণতন্ত্র অর্থবহ হয়।

তিনি সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দে সমতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ সব নাগরিকের, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়।

ডা. শফিকুর রহমান নির্বাচনকালীন প্রতিশ্রুতি অনুযায়ী তার দল শুল্কমুক্ত গাড়ির সুবিধা কিংবা সরকারি আবাসিক প্লট ব্যক্তিগত মালিকানার জন্য গ্রহণ করেনি। তবে তিনি স্পষ্ট করেন, সংসদ সদস্যদের দায়িত্ব পালনের সময় সরকারি বাসভবনে অবস্থান করা স্থায়ী মালিকানার বিষয় নয়।

তিনি জুলাই গণ-আন্দোলন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষ করে জুলাই জাদুঘর ও জুলাই ফাউন্ডেশনের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সমালোচনা করেন এবং দাবি করেন, তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

প্রবাসী কর্মীদের বিষয়ে তিনি বিশেষ করে মালয়েশিয়াগামী শ্রমিকদের অভিবাসন ব্যয় কমানোর দাবি জানান এবং বিদেশগামী কর্মীদের শোষণকারী রিক্রুটিং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেছেন, 'প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদের ভেতরে ও বাইরে আমরা সোচ্চার থাকব। দরিদ্র মানুষের শোষণের বিরুদ্ধে আমরা কখনো নীরব থাকব না।'

ডা. শফিকুর রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষেও জোরালো সমর্থন জানিয়ে বলেন, তিস্তা অববাহিকার লাখো মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছে এবং তারা একটি স্থায়ী সমাধানের দাবিদার।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। একসঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।

তিনি পুনর্ব্যক্ত করেন, তার দল শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতি অব্যাহত রাখবে এবং সহিংসতা ও সংঘাতের রাজনীতি পরিহার করবে।

তিনি বলেন, 'আমাদের রাজনীতি হবে যুক্তিনির্ভর, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ। গঠনমূলক রাজনীতির মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।'

ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের ন্যায়নিষ্ঠা, স্বাধীনতা ও দায়িত্বশীলতার সঙ্গে ওয়াচডগের ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকার ও বিরোধী দলের গঠনমূলক ভূমিকা যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরবে। এ সময় সংসদে বিরোধী দলের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের বার্তা

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন উড়োজাহাজ (এয়ার ফোর্স ওয়ান) উপহারের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমির তামিম একজন অসাধারণ ভদ্রলোক।’

আলজাজিরা সংবাদ মাধ্যম জানায়, বুধবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নতুন এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় ট্রাম্প এই মন্তব্য করেছেন।

ট্রাম্প জানিয়েছেন, বর্তমান এয়ার ফোর্স ওয়ান প্রায় ৩৫ বছর পুরোনো। তিনি বলেন, ‘আমির তামিম একজন অসাধারণ ভদ্রলোক। আমি তার দেশের জন্য একটি অবদান রাখতে চাই।’

তিনি আরও জানান, ‘এটি খুবই সুন্দর একটি উদ্যোগ। আমরা প্রায় পাঁচ মাসের মধ্যেই এটিকে প্রেসিডেন্টের নিরাপত্তা মান অনুযায়ী প্রস্তুত করতে পারব।’

এই বিমানটি নিরাপত্তার দিক থেকে পুরোপুরি উপযোগী করা হবে। ট্রাম্প বলেন, ‘বিমানটি দেখে আপনারা মুগ্ধ হবেন।’

মার্কিন বিমানবাহিনী জানায়, বিমানটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ কোটি ডলার (৪০০ মিলিয়ন ডলার)। বিমানটির সংস্কারে মার্কিন প্রশাসনের প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বিমানটি প্রেসিডেন্টের যাতায়াতের আগে পরীক্ষা উড্ডয়ন বা কমিশনিং ফ্লাইট সম্পন্ন করবে। এসব পরীক্ষার মাধ্যমে বিমানটির নতুন সংযোজন ও পরিবর্তনগুলো যাচাই করা হবে।

বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতায় বড় ধরনের উন্নয়ন করা হয়েছে। বিমানবাহিনী দাবি করছে, পূর্বে ব্যবহৃত এই বিমানের সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি দূর করা হয়েছে। তবে বিমানের অভ্যন্তরীণ নকশায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি, বাইরের অংশে নতুন আকর্ষণীয় লাল, সাদা, নীল ও সোনালি রঙের নকশা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

 সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। এটি নির্বাচনী ইশতিহারের ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ বাস্তবায়নের উদ্দেশ্যে করা হচ্ছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শূন্য পদের পদভিত্তিক তালিকা জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে অনুমোদিত পদের সংখ্যা, কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপি এবং নির্ধারিত ই-মেইল ঠিকানায় সফট কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থাকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্য পদের হালনাগাদ চিত্র প্রস্তুত করা হবে, যা নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%