০৯:৩৬ পি.এম
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভা এলাকার নিজ বাড়ি থেকে ৪৩ বছর বয়সী এক মুসলিম নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনা ঘটে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে। নিহতের পরিবারের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে গত সাত-আট মাস ধরে তিনি চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।
নিহত নারীর নাম বানু বেগম। তিনি ধূপগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়ার কারণে সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি। এই ঘটনার পর থেকে তিনি তীব্র দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন।
আরও পড়ুন: থাইল্যান্ড মিয়ানমারে বিরল মৃত্তিকা খননের রাসায়নিক রপ্তানি বন্ধ করছে
পরিবারের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর কিছু প্রতিবেশী তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে নিয়মিত কটূক্তি করতেন এবং তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন। এমনকি ভোটার তালিকায় নাম না থাকায় তিনি আর কোনো সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন না বলেও তাঁকে ভয় দেখানো হতো।
স্থানীয় সংবাদমাধ্যমকে বানুর ভাই মন্টু আলম জানান, প্রতিবেশীদের এমন মন্তব্যে তাঁর বোন ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং গত সাত-আট মাস ধরে তীব্র বিষণ্নতায় ভুগছিলেন। চিকিৎসা করানো হলেও তাঁর মানসিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে শুক্রবার ঘরের ভেতর তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
আসিমা খাতুন নামে তাঁর আরেক আত্মীয় অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বানু 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প এবং রেশন সুবিধা থেকেও বঞ্চিত হয়েছিলেন। এর পাশাপাশি প্রতিবেশীদের ক্রমাগত কটূক্তি তাঁর মানসিক যন্ত্রণা ও উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছিল।
ঘটনার পর মরদেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে।
আরও পড়ুন: কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই সাবেক পুলিশের নেশা
এ ঘটনায় ধূপগুড়ি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে পরিবারের আনা অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, বানু বেগমের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সিপিআই(এম)। স্থানীয় সিপিআই(এম) নেতা জয়ন্ত মজুমদার অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া এলাকায় ভয় ও বিভাজনের পরিবেশ তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন