ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ট্রাম্পের দাবি, ইরানের পিকঅ্যাক্সে ১০ মিনিটে হামলা সম্ভব


ট্রাম্পের দাবি, ইরানের পিকঅ্যাক্সে ১০ মিনিটে হামলা সম্ভব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পাহাড়সহ অন্যান্য দুটি পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, এসব স্থাপনা ধ্বংস করতে তাদের মাত্র ১০ মিনিট সময় প্রয়োজন হবে।

শনিবার (৩১ অক্টোবর) পাম সমুদ্র সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তিনি বলেন, "আমরা তাদের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছি। তবে আমাদের এখনো, আমি বলব এক থেকে দুটি স্থাপনা দেখতে (হামলা চালাতে) হবে। তবে আমরা এটি মাত্র ১০ মিনিটে করতে পারব।"

আরও পড়ুন: ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, মুসলিমদের বাংলাদেশে পাঠানোর আশঙ্কা

"আপনার পিকঅ্যাক্স পাহাড়ের দিকে দেখতে পারেন, আমাদের ওই পাহাড়টি নিয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা যা খুব দ্রুত সময়ে করতে পারব।"

পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান তাদের পারমাণবিক উপকরণ পিকঅ্যাক্স পাহাড়ের নিচে গোপন স্থানে রেখেছে। তবে এটি শুধুমাত্র তাদের অনুমান।

গত দুই বছরে যুক্তরাষ্ট্র ইরানে দুটি হামলা চালালেও পিকঅ্যাক্স পাহাড়কে লক্ষ্যবস্তু করেনি। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে দীর্ঘদিন ধরে পরামর্শ দিয়ে আসছেন যে, তাদের এ পাহাড়ে হামলা চালানো উচিত।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরও পড়ুন: জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন? সময়সীমা ফুরিয়ে আসলেও চলছে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে ২৯০ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ এম


আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে ২৯০ জন গ্রেপ্তার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আবারও রাজপথে নেমেছে লাখো মানুষ ফ্রান্সে। শনিবার, দেশটির বিভিন্ন শহরে তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্যারিস ও লিওনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থী সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলোর জোটের দাবি অনুযায়ী, শনিবারের বিক্ষোভে দেশজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষ অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্যারিসে উপস্থিত ছিলেন দুই লাখ। তবে ফ্রান্সের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সারা দেশে বিক্ষোভকারীর সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজার, যেখানে প্যারিসে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নেন।

প্যারিসে বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ থাকলেও, শনিবারের মূল কর্মসূচির শেষের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে ময়লার পাত্র ও রাস্তার আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

বিক্ষোভের কারণে দেশের গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে। প্যারিসের গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএটিপি তাদের ওয়েবসাইটে জানায়, শনিবার শহরের ৪০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে ওঠে যে, শ্বাস নিতে কষ্ট হওয়ায় সংবাদকর্মীদের নিরাপদ স্থানে সরে যেতে হয়।

লাউডস্পিকারে ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ। অন্যথায় আরও কাঁদানে গ্যাস ছোড়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় আহত ব্যক্তিদের চিকিৎসাকর্মীরা সরিয়ে নেন। অন্যদিকে, কয়েকজন বিক্ষোভকারী পুলিশের সামনে হাত তুলে নিজেদের শান্তিপূর্ণ অবস্থান জানান দেন।

প্যারিসের উপকণ্ঠে কালো পোশাক ও মুখোশ পরা কয়েক ডজন ব্যক্তি হাতুড়ি দিয়ে ফুটপাতের পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অন্তত একটি অগ্নিসংযোগকারী বস্তু নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভে দেশজুড়ে অন্তত ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে, জেনে নিন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ এম


এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে, জেনে নিন নিয়ম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। তারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আবেদন প্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম প্রকাশ করেছে। আবেদনটি অনলাইনে করতে হবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

অসন্তুষ্ট শিক্ষার্থীরা রোববার (১ নভেম্বর ২০২৬) থেকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন শুরু করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে—

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির শত্রু আমারও শত্রু, সতর্কতা আওয়ামী লীগের নেতাদের জন্য: মির্জা আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ এম


বিএনপির শত্রু আমারও শত্রু, সতর্কতা আওয়ামী লীগের নেতাদের জন্য: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন, "বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু।"

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মির্জা আব্বাস উল্লেখ করেন, ‘আমরা শুনছি, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছে। সাফ কথা—বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। যদি দলের ভেতরের কেউ এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির এই নেতা আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক শক্তির সমর্থন না পেয়ে একটি শ্রেণি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এমন অপচেষ্টা বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। তারা রাজনীতি করুক, তাতে কোনো বাধা নেই। তবে কেউ অপকর্মে জড়ালে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না। শক্ত হাতে তা প্রতিহত করা হবে।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘অনেকেই অনেক কিছু ভাবছেন। কিন্তু বিএনপি এখনও মাঠে নামে নাই। আজকে ছোট্ট পরিসরে এবং বৃষ্টির মধ্যে এই সভায় মানুষের যে বাঁধভাঙা সাড়া ও আবেগ দেখা গেছে, তা থেকে বুঝে রাখুন—ঢাকা শহরে বিএনপি মাঠে নামলে কী হবে।’

তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনও বিএনপির বন্ধু হতে পারে না। বিএনপির নাম ভাঙিয়ে কেউ নিজের অবস্থান বা পরিচয় বদলানোর চেষ্টা করলে দল তাদের ছাড় দেবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া, তাপমাত্রা বাড়তে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া, তাপমাত্রা বাড়তে পারে

রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রবিবার (১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২ মিলিমিটার।

শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় ঘটবে ভোর ৬টা ৬ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%