০৯:১৮ এম
চট্টগ্রামের রাউজানে প্রবাসীর ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. জয়নাল আবেদীন (৫২) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঘটনাটি সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার সেবাখোলা এলাকায় ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার করে এবং টাকা উদ্ধার করে। এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) ভুক্তভোগী মো. আহম্মদ উল্লাহ বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: গোলাপের গণসংযোগে সরগরম খয়রাবাদ: মডেল বাকেরগঞ্জ গড়ার প্রতিশ্রুতি
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, হলদিয়া এলাকার কাতারপ্রবাসী মো. রাসেলের বসতবাড়ি নির্মাণের জন্য ইট কেনার পরিকল্পনা ছিল। এজন্য তার চাচাতো ভাই মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬) সোমবার ব্যাংক হিসাব থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি মো. রোহান (১৮) ও মো. আরফাত (২২) নামের দুজনকে সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় একটি ইটভাটার উদ্দেশ্যে রওনা দেন।
বিকেল সাড়ে তিনটার দিকে তাদের গাড়িটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি দল গাড়ির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে সাব্বিরকে জিম্মি ও মারধর করে তার কাছে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরের সিকদার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ছিনতাই হওয়া বাকি ৬ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলের অভিযান চলছে।
আরও পড়ুন: শেরপুরে শাহীন শিক্ষা পরিবারের উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন