শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০৮ পি.এম
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য আটজন আসামির মধ্যে আছেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এর আগে, বুধবার রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। জানা গেছে, এ সময় দুটি ছাগলও পুড়ে মারা যায়।
এ ঘটনায় সংসদ সদস্য অভিযোগ করেছেন যে, পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার নির্বাচনে জোটগত প্রার্থী দেবে না এনসিপি-খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঠিত আহŸায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে লক্ষীপাশাস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর কালিয়া উপজেলার মাধবপাশা এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এনসিপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি। জোটগত ভাবে ১১ দলীয় প্রার্থী হবে না। এতে এনসিপির সাংগঠনিক পরিচিতি বাড়বে। দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণা এগিয়ে যাবে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে। এছাড়া স্থানীয় অন্যান্য নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। আমরা নতুন দল হিসেবে জনগণের মাঝে আস্থা অর্জন করতে পেরেছি। সাংগঠনিক ভাবে দল এগিয়ে যাচ্ছে। নতুন দল হিসেবে আমরা জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করছি। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের আন্তরিক ভাবে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে হবে।
এনসিপির নড়াইল জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং লোহাগড়া উপজেলা আহবায়ক শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এনসিপির জেলা কমিটির যুগ্মআহবায়ক আবুল বাশার, উজ্জল মোল্যা, যুগ্মসদস্য সচিব সোহাগ হোসেন, রফিকুল ইসলাম পিকুল, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম ইরফানুল বারী উজ্জল, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরে সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শাহীন শিক্ষা পরিবার আয়োজিত বার্ষিক ‘শাহীন বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মেধা তৈরিতে,মেধা বিকাশে, মেধাবী মূল্যায়নে শাহীন শিক্ষা পরিবার সচেষ্ট, এই প্রতিপাদ্যকে সামনে রেখে
শুক্রবার (১৩ নভেম্বর) সকালের দিকে শেরপুরের পৌর শহরের সজবরখিলা শাহীন স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় শেরপুর জেলার ১২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
উক্ত বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়।
এসময় শাহীন স্কুল শেরপুর শাখার পরিচালক মাজারুল ইসলাম হিমেল জানান, “অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
আয়োজক কর্তৃপক্ষ জানায়, আগামী ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ গারুলিয়া ইউনিয়নের খয়রাবাদ বাজারে গণসংযোগ করেছেন।
সকাল ১০টার দিকে তিনি বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন, স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন, খোঁজখবর নেন এবং নির্বাচনে পাশে থাকার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, আমি জান্নাতুল ফেরদৌস গোলাপ, গারুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান মইদুল ইসলাম নয়নের সহধর্মিনী। আমার স্বামী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার অনুপ্রেরণায় আমার পথ চলা।
তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমি নির্বাচনে অংশ নেবো এবং আধুনিক ও মডেল উপজেলা গড়তে সর্বাত্মক চেষ্টা করবো। আমি অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।
গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। অনেকেই তাঁকে স্বাগত জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুর, ১৩ নভেম্বর ২০২৬ : বিজিবি অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি নিয়মিত টহল জোরদার, সতর্ক অবস্থান গ্রহণ এবং গোয়েন্দা নজরদারি সহ বিশেষ অভিযান পরিচালনা করছে।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক, প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীনে প্রায় ৯৯ কিমি: সীমান্তে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে দিন-রাত বিজিবি সতর্ক অবস্থানে থেকে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে। এসব এলাকায় গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপন শুরু হয়েছে। একই সাথে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে, যাতে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশের অপচেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি উল্লেখ করেন, যদি কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, তবে তাকে আইনের আওতায় আনা হবে। বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে যাতে দেশের সীমান্ত দিয়ে কেউ অবৈধভাবে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় বিজিবি সদস্যদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় যদি কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তি চলাচল করে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে অথবা কোনো সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হয়, তাহলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য তিনি সীমান্তে বসবাসরত জনসাধারণের সাথে মত বিনিময় বৈঠক শুরু করছেন। বৈঠকের মাধ্যমে দেশের স্বার্থে সীমান্তবাসীদের বিজিবি সদস্যদের সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ