ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সৌদি আরবে হুতিদের হামলার কারণে বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল


সৌদি আরবে হুতিদের হামলার কারণে বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

হুতিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার ফলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রবিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য জানান। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।

এদিকে, শনিবার মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিসর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুতিরা রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে। তারা এর আগে সতর্কতা দিয়েছিল যে, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায়, তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর পর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এই বড় হামলার ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ভূমিধসের পর পাঁচ জেলায় সতর্কতা, গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ এম


নেপালে ভূমিধসের পর পাঁচ জেলায় সতর্কতা, গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ

নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসের ফলে নদীর প্রবাহ বন্ধ হয়ে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে একাধিক বাড়িঘর এবং অবকাঠামো ভেসে গেছে। ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে নদীর তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার পর্যন্ত এ ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামে ভূমিধসের কারণে বুধি গণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়। এর ফলে নদীর পানির স্তর বৃদ্ধি পেয়ে ভাটির দিকে বন্যা দেখা দেয়।

গোর্খা জেলার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, নদীর ভাটির দিকে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বন্যার পানিতে কিছু বাড়ি এবং দুটি ঝুলন্ত সেতু ভেসে গেছে। একটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় গোর্খা, তানাহুন, চিতওয়ান, পূর্ব নওয়ালপরাসি এবং পশ্চিম নওয়ালপরাসি জেলার নদীতীরবর্তী জনবসতিগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উদ্ধার তৎপরতায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

উদ্ধারকাজে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি হেলিকপ্টার থেকেও নজরদারি চালাচ্ছেন।

আগের ভয়াবহ বন্যার স্মৃতি

নেপালে নতুন করে বন্যার এ ঘটনায় আগস্টের ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি ফিরে এসেছে। সে সময় হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় অন্তত ১ হাজার ৪৫৭ জন নিহত হন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ ছিলেন। ওই বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি, সড়ক, সেতু এবং জলবিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বুধি গণ্ডকী নদী ত্রিশূলী নদীর একটি উপনদী। ফলে নদীর প্রবাহে আকস্মিক পরিবর্তন এবং বন্যার পানি ভাটির জনবসতিতে নতুন ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট জেলাগুলোতে সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

নতুন বন্যায় প্রাণহানির খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। উদ্ধারকারী দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আরব নিউজ ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা আদালতে মুক্তি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ এম


অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা আদালতে মুক্তি পেলেন

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তরুণদের দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার আহ্বান জানানোর অভিযোগে আটক তিন নেতাকে আদালত মুক্তি দিয়েছে।

মুক্তি পাওয়া তিন ব্যক্তির মধ্যে রয়েছেন ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিৎ দীপক, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল অনলাইন প্রচারণার মাধ্যমে।

বিস্তারিত আসছে....

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি বাহিনী ৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ এম


ইসরাইলি বাহিনী ৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে

পশ্চিম তীরের উত্তরাঞ্চলের রাসল আহমার এলাকার ৪৭টি ফিলিস্তিনি পরিবারকে রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নিজেদের ঘরবাড়ি ছাড়ার জন্য আলটিমেটাম প্রদান করেছে ইসরাইলি বাহিনী। এই নির্দেশটি শনিবার (১০ অক্টোবর) দেওয়া হয়, যা ২৭ দিনের কঠোর অবরুদ্ধ অবস্থার পর এসেছে এবং এর সময়সীমা আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় শেষ হবে।

এ কারণে ওই পরিবারের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা ‘আল-বায়দার’-এর প্রধান হাসান ম্লেইহাত জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে চলা সড়ক অবরোধের ফলে ওই অঞ্চলের বাসিন্দারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।

এই হুমকির প্রেক্ষাপটে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিজেদের জমি ও জীবিকা রক্ষা নিয়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তিনি মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে এই অমানবিক পরিস্থিতির অবসান ঘটাতে অবিলম্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বরে রাসল আহমারের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগের শেষ রাস্তাটিও বন্ধ করে দেয় ইসরাইলি সেনাবাহিনী। এর আগে গ্রামের অন্যান্য যাতায়াতের পথগুলোতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা থায়ের বিশারাত জানিয়েছেন, গত তিন বছর ধরে এই কড়াকড়ি ধাপে ধাপে বাড়ছিল এবং সম্প্রতি ইসরাইলি বাহিনী শেষ রাস্তাটিতে বড় গর্ত খুঁড়ে যোগাযোগের সমস্ত পথ চিরতরে বন্ধ করে দেয়। এর ফলে পুরো গ্রামটি এখন গর্ত, প্রাচীর এবং সামরিক জোনের বেড়াজালে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোলনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে প্রায় ১৪ হাজার ৭৪২টি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী, যার ফলে প্রাণ হারিয়েছেন ৬৬ ফিলিস্তিনি।

চলমান এই আগ্রাসনের ধারাবাহিকতায় এবার রাসল আহমার গ্রামের সাধারণ মানুষও উচ্ছেদের মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহানগর পুলিশের অভিযানে ২২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৪

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ এম


বরিশাল মহানগর পুলিশের অভিযানে ২২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৪

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে ২২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অভিযোগ ও মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ২২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক-সংক্রান্ত ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলায় আটজন, অন্যান্য আইনে পাঁচজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে দুজনকে গ্রেপ্তার করা হয়।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীতে মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক-সংক্রান্ত অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিএমপি। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাদক-সংক্রান্ত তথ্য জানাতে যোগাযোগের নম্বর:

☎️ 01320-064000
☎️ 01320-064044

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%