১১:৩৭ পি.এম
নারায়ণগঞ্জের বন্দরে সৌদি আরবগামী একজন প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, বিদেশগামী পাসপোর্ট, বিমানের টিকিট, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে বন্দর থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে পশ্চিম হাজীপুর এলাকার বাসিন্দা রকিবুল হাসান তারেক বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে রকিবুল হাসান তারেক নিজ বাড়ি থেকে বের হন। পশ্চিম হাজীপুর জামে মসজিদের সামনে ভাড়া করা গাড়ির জন্য অপেক্ষার সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে আসে এবং তাকে ও তার সাথে থাকা স্বজনদের আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে।
এক পর্যায়ে ওই দুর্বৃত্তরা রকিবুলকে মারধর করে। এরপর তার বিদেশগামী পাসপোর্ট, বিমানের টিকিট, ট্রাভেল ব্যাগ, নগদ ৯০০ সৌদি রিয়াল, ২ হাজার ৫০০ টাকা, একটি স্বর্ণের নাকফুল এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
আরও পড়ুন: বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে হাবিবুল্লাহ-মাহফুজ, আংশিক কমিটি ঘোষণা
বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) জামাল উদ্দিন বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন