০৬:৪২ পি.এম
দেশের পেনশনভোগীদের ভোগান্তি কমানোর জন্য এবং পেনশন কার্যক্রমকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু হতে যাচ্ছে।
এই সিস্টেমের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসর নেওয়ার পর তাদের পেনশন ফাইল কোন দপ্তরে কোন অবস্থায় রয়েছে, তা ঘরে বসেই অনলাইনে জানতে পারবেন।
সোমবার (২২ জুন) রাজধানীর কাকরাইলে সিএজি কার্যালয়ে এই সিস্টেমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
সভায় জানানো হয়, অবসর-উত্তর (পোস্ট-রিটায়ারমেন্ট) কার্যক্রম সফলভাবে অটোমেশন বা কম্পিউটারাইজড করার পর এবার অবসর-পূর্ব (প্রি-রিটায়ারমেন্ট) কার্যক্রমকে ডিজিটাল করতে ওপিটিএমএস তৈরি করা হয়েছে। ফলে পেনশন আবেদন জমা দেওয়ার পর একজন পেনশনভোগী অনলাইনের মাধ্যমে তার ফাইলের সর্বশেষ অবস্থান ও প্রক্রিয়াধীন পর্যায় সহজেই ট্র্যাক করতে সক্ষম হবেন।
সিএজি নূরুল ইসলাম ওপিটিএমএসের দ্রুত ও সফল বাস্তবায়নের জন্য হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এবং অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) বাংলাদেশ রেলওয়ে কার্যালয়কে কারিগরি দলের সঙ্গে নিয়মিত সমন্বয় করে কাজ করতে নির্দেশনা দেন।
এ ছাড়া সার্ভিস স্টেটমেন্ট (চাকরির বিবরণী) সংক্রান্ত জটিলতা দূর করা এবং ইএলপিসি (আর্নড লিভ পারমিট সার্টিফিকেট) ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পেনশনভোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদও দেওয়া হয় সভায়।
সিএজি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় ওপিটিএমএস দ্রুত পূর্ণাঙ্গ রূপ লাভ করবে এবং দেশের পেনশনভোগীরা আরও আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ডিজিটাল পেনশন সেবা পাবে।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন