১০:১৭ পি.এম
বিশ্ব বরেণ্য সঙ্গীতাচার্য, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে প্রতিষ্ঠিত ‘সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের’ ভূমি সুরক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আয়োজনে সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সুর সম্রাট ওস্তাদ দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সংগীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থীসহ শহরের বিশিষ্টজনেরা এতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২১৪
মানববন্ধন চলাকালে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আহবায়ক ও সাবেক পিপি অ্যাড. মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন এবং সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বক্তারা বলেন, উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সঙ্গীতের মহাপুরুষ সুসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন। সেখানে তিনি সঙ্গীত চর্চার জন্য দি আলাউদ্দিন সংগীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন সহায়তায় পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি একটি মহল মিথ্যা তথ্য দিয়ে মামলা ও জাল দলিল করে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করছে যা অত্যন্ত নিন্দনীয়।
বক্তারা এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, কোনোভাবেই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি কাউকে দখলের সুযোগ দেয়া হবে না। যে কোনো মূল্যে ভূমি খেকোদের রুখে দেয়া হবে। বক্তারা ভূমি রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
মানববন্ধন থেকে সঙ্গীতাঙ্গনের জমি রক্ষায় আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁর এই সম্পত্তিকে প্রত্নতত্ত্ব সম্পদ ঘোষণা করে এটিকে রক্ষার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের সদস্য ও জেলা অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, জেলা উদীচীর উপদেষ্টা সৈয়দ মো. জামাল ও সভাপতি জহিরুল ইসলাম, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির সদস্য অ্যাড. আবদুন নূর, অ্যাড. মো. নাসির, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম শামীম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ সহকারী অধ্যাপক রাশেদউল্লাহ ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সংস্কৃতি কর্মী, সাংবাদিকসহ প্রগতিশীল পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন