১০:৩২ পি.এম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গাছ থেকে তাল কাটার জেরে এক যুবকের বসতবাড়িতে ঢুকে একই পরিবারের সদস্যদের ওপর রামদা, চাপাতি ও লোহার রড নিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় একদল মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত ২০ জুন (শনিবার) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার সময় মঠবাড়িয়া থানাধীন সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের ৫নং ওয়ার্ডে এই নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা এলাকায় কিশোর গ্যাং ও মাদক চক্রের সাথে জড়িত এবং তাদের কয়েকজন বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। এদিকে ঘটনার পর দুই দিন পেরিয়ে গেলেও ক্ষমতাসীন দলের প্রভাবশালী আসামি হওয়ায় পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।
আরও পড়ুন: সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২১৪
এই হামলায় গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার্ড করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী যুবক আবদুল্লাহ আল হাদি (২৬) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২২)।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে গাছ থেকে তাল কাটাকে কেন্দ্র করে চড়কগাছিয়া গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল হাদির পরিবারের সঙ্গে প্রতিবেশী ও পার্শ্ববর্তী এলাকার কিছু যুবকের কথা-কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় প্রতিপক্ষরা হাদির পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
উক্ত বিরোধের জেরে গত ২০ জুন সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, চাপাতি, দা, লোহার রড ও লাঠিসোটা) নিয়ে বেআইনিভাবে হাদির বসতবাড়ির উঠানে প্রবেশ করে গালিগালাজ শুরু করে হামলাকারীরা। বাদী আবদুল্লাহ আল হাদি গালিগালাজ করতে নিষেধ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
হাদিকে বাঁচাতে তার বাবা মোঃ নজরুল ইসলাম (৫৮), মা নিলুফা ইয়াসমিন (৫০) এবং চাচাতো ভাই শাওন (১৭) এগিয়ে এলে তাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। রামদার আঘাতে মা নিলুফা ইয়াসমিনের মাথার দুই পাশে গুরুতর কাটা জখম হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ১নং আসামি দা দিয়ে তার হাতের কবজি, কনুই এবং পিঠে এলোপাতাড়ি কোপায়।
আরও পড়ুন: শিবচরে মাদক বাবসায় বাধা দেওয়ায় যুবককে মারধর; টাকা, স্বর্ণের আংটি ছিনতাইয়ের অভিযোগ
একইভাবে রামদার কোপে চাচাতো ভাই শাওনের মাথা এবং চাপাতির কোপে বাবা নজরুল ইসলামের পিঠ রক্তাক্ত জখম হয়। এছাড়া হামলাকারীরা বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানি করে এবং অন্যান্যদের পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে থেঁতলানো জখম করে। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তদের কয়েকজন এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং তারা মাদকাসক্ত। একই সাথে তারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আবদুল্লাহ আল হাদি গণমাধ্যমকে জানান:
আসামিরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী এবং বর্তমান রানিং ক্ষমতাসীন দলের (বিএনপি) রাজনীতির সাথে জড়িত। তারা প্রকাশ্য ঘুরে বেড়ালেও ক্ষমতার দাপটের কারণে থানা পুলিশ তাদের আটক করছে না।"
আরও পড়ুন: ঝালকাঠিতে জেলা প্রশাসকের গণশুনানি: নাগরিকদের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা
মামলার এজাহারভুক্ত প্রধান আসামিরা হলেন:
১. মোঃ বাদল চৌকিদার (৩৫), পিতা-সুলতান চৌকিদার
২. মোঃ ইমরান শরীফ (২০), পিতা-জাহাঙ্গীর শরীফ
৩. মোঃ মিলন শরীফ (১৯), পিতা-শহিদ শরীফ
আরও পড়ুন: ৭নং জগদল ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সক্রিয় জমির হোসেন ও সুমন মিয়া
৪. মোঃ আরাফাত (১৯), পিতা-সেলিম বেপারী
৫. মোঃ রাকিব (২০), পিতা-সিদ্দিক
৬. মোঃ রিফাত (২২), পিতা-জাহাঙ্গীর শরীফ
৭. মোঃ রাকিব বেপারী (১৯), পিতা-নান্না বেপারী।
আরও পড়ুন: স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন বাবা, ৫০০ গজ টেনেহিঁচড়ে প্রাণ নিল বাস
(এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।)
আহতদের উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে মা নিলুফা ইয়াসমিন ও চাচাতো ভাই শাওনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬ ধারায় (বেআইনি জনতাবদ্ধে অনধিকার প্রবেশ, মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর জখম, হত্যার চেষ্টা ও শ্লীলতাহানি) মামলাটি নথিভুক্ত করেছে। থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আব্দুল হান্নান মোল্লাকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। পুলিশের দাবি, আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কালীগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন