মোঃ রাসেল সরকার (স্টাফ রিপোর্টার)
০৫:০৭ পি.এম
চক্ষুস্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক সৃষ্টি করেছে সিরাজগঞ্জ। দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে সিরাজগঞ্জকে ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (ঢাকা)-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. সাঈদ মেহবুব উল কাদির, সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, ওএসবির মহাসচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন নিউটন এবং সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক আল মামুন।
সংশ্লিষ্টরা জানান, জেলার মানুষের মধ্যে ছানি রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও অস্ত্রোপচারের আওতা বাড়ানোর মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে জেলার ছানি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে ঘোষণা চক্ষুস্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ উদ্যোগের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও উন্নত চক্ষু চিকিৎসার আওতায় আসবে এবং ছানি রোগের কারণে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিজয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দিগরাজ নৌ ঘাঁটিতে যুদ্ধজাহাজ দেখতে সাধারন মানুষ ভিড় করে।
প্রতিবছরের মতো এবারও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সারাদেশে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মোংলায় শিশু, নারী, পুরুষসহ নানা বয়সি মানুষের উপস্থিতিতে নৌবাহিনীর জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন।
জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বানৌজা বিজয় জাহাজের সক্ষমতা, ব্যবহৃত প্রযুক্তি, নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ পরিচালনা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত অবহিত করেন। আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ দেখার সুযোগ থাকে না। তাই সন্তানদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেম জাগ্রত করতে তারা এখানে নিয়ে এসেছেন।
জাহাজটি ঘুরে দেখে দর্শনার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর অবদান কাছ থেকে জানতে পারা সত্যিই গর্বের বিষয়।
বানৌজা বিজয় জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ বলেন, দেশের নাগরিকদের নৌবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে এবং জনগণের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই নৌবাহিনীর জাহাজের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ অঞ্চলসহ সারাদেশে নানা আনুষ্ঠানিকতা ও কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন নৌঘাঁটি, জাহাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্মৃতিস্তম্ভে দোয়া, গার্ড অব অনার, সম্মাননা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও ছাত্র-জনতা একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষা করেছেন।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করার জন্য সুগভীর ষড়যন্ত্র চলছিল। বাংলাদেশের সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করার চেষ্টা অব্যাহত ছিল।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা, জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্ম ও ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মাধ্যমে সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সেনাবাহিনীর জন্য গর্বের বিষয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ