০৯:০৭ পি.এম
মৃত্যুর তিন বছর পর চিত্রনায়িকা পারভীন আক্তার অন্তরার দেহাবশেষ কবর থেকে তোলা হয়েছিল। তার মা আমেনা খাতুন অভিযোগ করেছিলেন যে, মেয়েকে হত্যা করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে দেহাবশেষ তুলে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
গত সপ্তাহে, ১৫ নভেম্বর অন্তরার জন্মদিন ছিল। এই দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয়ের স্মৃতি ফিরে এসেছে, পাশাপাশি মৃত্যুকে ঘিরে উত্থাপিত পুরোনো প্রশ্নও সামনে এসেছে।
২০১৪ সালের ৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢালিউডের একসময়ের জনপ্রিয় এই নায়িকা মারা যান। সেদিন হাসপাতালে নেওয়ার আগে কী ঘটেছিল? মেয়ের মৃত্যুর পর কেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আমেনা খাতুন?
আরও পড়ুন: সুজাতার সঙ্গে দুই সিনেমায় কাজ করছেন সাহেলা আক্তার
চাঁদপুর থেকে ঢাকায় আসা পারভীন আক্তার লাকি চলচ্চিত্রে পরিচিতি পান অন্তরা নামে। ছোটবেলায় ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নবাবের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়ও দেখা যায় তাকে জোসনার শৈশবের চরিত্রে। তবে নায়িকা হিসেবে তার পরিচিতি তৈরি হয় তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমার মাধ্যমে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মেহেদী। সিনেমার ‘পাগল মন রে’ গানটি তখন ছড়িয়ে পড়ে দেশের আনাচকানাচে। রাতারাতি পরিচিতি পান অন্তরা।
এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। ‘প্রেমের কসম’ সিনেমায় অন্তরার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মাহফুজ আহমেদের। এ ছাড়া নাঈম, মান্নাসহ সে সময়ের একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ২০০০ সালের পর থেকে চলচ্চিত্রে তার ব্যস্ততা কমতে থাকে। ব্যক্তিগত জীবনেও আসে পরিবর্তন। প্রথম বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যান অন্তরা। একসময় মানসিকভাবে ভেঙেও পড়েন বলে জানা যায়।
চলচ্চিত্রে কাজ করতে গিয়েই একসময় এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় অন্তরার। ওই ব্যবসায়ী তাকে বিয়ের প্রস্তাব দেন। সংসার গড়ার আশায় ২০১০ সালে আবার গাজীপুরের ব্যবসায়ী শফিকুল হক খোকনকে বিয়ে করেন অন্তরা। বিয়ের পর ঢাকার বড় মগবাজারে সংসার শুরু করেন তারা। চলচ্চিত্রের ব্যস্ততা ছেড়ে সংসারেই মনোযোগী হন অন্তরা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও তাদের দাম্পত্য জীবনে যে জটিলতা তৈরি হচ্ছিল, তা তখন অনেকেরই জানা ছিল না।
অন্তরা পরে জানতে পারেন শফিকুলের আগের সংসার রয়েছে। তার সন্তানও ছিল কয়েকজন। অন্তরা নিজের আগের বিয়ের কথা স্বামীকে জানালেও শফিকুলের আগের সংসারের বিষয়টি বিয়ের সময় গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন অন্তরা। স্বামীর আগের সংসারে গিয়ে সতিনের সঙ্গে বসবাস করতে চাননি তিনি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এই নিয়ে নিয়মিত ঝগড়াও হতো। এরপর ২০১৪ সালের জানুয়ারিতে হঠাৎ খবর আসে, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিত্রনায়িকা অন্তরা। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তার মা।
আরও পড়ুন: ঢাকায় ফরাসি শিল্পী ভিনসেন্ট মুনের সংগীত ও চলচ্চিত্রের অনন্য অভিজ্ঞতা
অন্তরার মৃত্যুকে কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তার মা। তার অভিযোগ ছিল, মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি; বরং তাকে নির্যাতন করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুর আগে কী ঘটেছিল, কীভাবে তিনি অসুস্থ হলেন—এসব তথ্যও পরিবারের কাছ থেকে আড়াল করা হয়েছিল বলে গণমাধ্যমে দাবি করেন তিনি।
অন্তরার মায়ের অভিযোগ অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও শফিকুল কাউকে তার মেয়ের কাছে যেতে দেননি। এমনকি মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ময়নাতদন্তের প্রতিবেদনও তাকে দেখানো হয়নি বলে দাবি করেন তিনি। প্রথম দিকে এসব অভিযোগ খুব একটা গুরুত্ব পায়নি। স্বাভাবিক নিয়মেই আজিমপুর কবরস্থানে দাফন করা হয় অন্তরাকে। এমনকি এফডিসিতেও তার মরদেহ নেওয়া হয়নি শেষ শ্রদ্ধা জানানোর জন্য।
চলতে থাকে মামলা। অন্তরার মৃত্যুর প্রায় তিন বছর পর ২০১৭ সালে মামলায় আসে নতুন মোড়। আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে তার মরদেহের দেহাবশেষ তোলা হয়। পরে তা পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য। ঘটনাটি তখন চলচ্চিত্র অঙ্গন ও গণমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেয়। মৃত্যুর এত দিন পর দেহাবশেষ পরীক্ষা করে কি জানা সম্ভব হবে অন্তরার মৃত্যুর প্রকৃত কারণ? তাকে হত্যা করা হয়েছিল, নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছিল—সেই প্রশ্ন সামনে আসে।
তদন্তের এই পর্যায়ে অন্তরার আগের সংসারের মেয়ের বক্তব্যও আলোচনায় আসে। তার অভিযোগ ছিল, অন্তরার সঙ্গে শফিকুলের বিরোধ চলছিল। মায়ের মৃত্যুর দিন হাসপাতালে নেওয়ার আগে বাসায় তার ওপর নির্যাতন করা হয়েছিল। পরে ঘরে গিয়ে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। এরপর তাকেই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হয়। অন্তরার পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, হাসপাতালে নেওয়ার পর শফিকুল নিজের পছন্দের হাসপাতালে তাকে ভর্তি করান। চিকিৎসাধীন থাকার সময়ও পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে তার যোগাযোগ সীমিত ছিল। এসব অভিযোগ অন্তরার মৃত্যুকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়ে দেয়।
আরও পড়ুন: ৩৫ বছর আগের বন্ধুকে ভোলেননি ঐশ্বরিয়া রায়
সেই সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল ইসলাম বলেছিলেন, ‘ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
চিত্রনায়িকা অন্তরার প্রকৃত নাম পারভীন আক্তার লাকি। ১৯৭৯ সালের ১৫ নভেম্বর তার জন্ম। ২০১৪ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন অন্তরা। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়। পরে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি পান।
ক্যারিয়ারে নাঈম ও মান্নার মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে অভিনয় করেছেন অন্তরা। তার অভিনীত ‘প্রেমের কসম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অভিনেতা মাহফুজ আহমেদের। এ ছাড়া ‘লেডি র্যাম্বো’, ‘আমার মা’, ‘দোলন চাঁপা’, ‘শয়তান মানুষ’, ‘ফজর আলী আসছে’ ও ‘নাগনাগিনীর প্রেম’ তার উল্লেখযোগ্য সিনেমা।
আরও পড়ুন: সংস্কৃতির চর্চা পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে: সংস্কৃতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন