মোঃ আব্দুল্লাহ্, জেলা প্রতিনিধি, খুলনা।
১২:৩৮ এম
খুলনার তেরখাদায় বাড়ির সামনে মাফিক সরদার (৪০) নামে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, মোকামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে পৌঁছালে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত মাফিক সরদারকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর একটি পা, একটি হাত ও কোমরে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাফিক সরদার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকার আবুল সরদারের ছেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে সুইজারল্যান্ড ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে চিহ্নিত করেছে। শুক্রবার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে প্রদত্ত এক লিখিত জবাবে জানায়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় এই রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি গণহত্যার অভিযোগে আইসিজের দেওয়া প্রথম রায়।
মন্ত্রণালয় জানায়, ‘রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের ন্যায়বিচার নিশ্চিত এবং অপরাধের দায়বদ্ধতা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় এই রায়কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করে সুইজারল্যান্ড।’
এছাড়া, আদালতের সিদ্ধান্ত মেনে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি।
তবে, মিয়ানমারের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়া কিংবা আইসিজের রায় বাস্তবায়নে সহায়তার বিষয়ে সুইজারল্যান্ডের পরিকল্পনা জানতে চাওয়া হলে, মন্ত্রণালয় সরাসরি কোনো উত্তর দেয়নি।
এর আগে বৃহস্পতিবার, সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজেকে জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা হিসেবে উল্লেখ করে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিশ্বব্যবস্থা বজায় রাখার অন্যতম কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে। একই সঙ্গে, রায়ের আওতাভুক্ত বাধ্যবাধকতা মেনে চলতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানায়।
মিয়ানমারের বিরুদ্ধে সুইজারল্যান্ডের আগে থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে অস্ত্র নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ দমন-পীড়নে ব্যবহার হতে পারে এমন পণ্য রপ্তানিতে বিধিনিষেধ, সম্পদ জব্দ এবং নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।
২০০০ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রথম মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে সুইজারল্যান্ড। ২০১২ সালে অধিকাংশ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও অস্ত্র নিষেধাজ্ঞা বহাল থাকে। পরে ২০১৮ সালে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয় এবং ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর আর্থিক ও ভ্রমণসংক্রান্ত নতুন বিধিনিষেধ আরোপ করে দেশটি।
গত বৃহস্পতিবার, আইসিজে রায় দেয় যে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।
আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া, ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে পরবর্তী কার্যক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। মিয়ানমারকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অগ্রগতি জানাতে আদালত দুই বছরের সময় দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেট্রোরেলকর্মী শাহরিয়ার শাহেদ ফেসবুকে আলাদা সময়ে দুটি পোস্ট করেছিলেন। প্রথম পোস্টে তিনি লিখেছিলেন, ‘ক্লান্ত মেট্রো’, এবং দ্বিতীয় পোস্টে ছিল ‘মেট্রো নিচে কোথায় যাচ্ছে?’। উভয় পোস্টের সঙ্গে ১০ থেকে ১৫ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত ছিল। এই পোস্টগুলির জন্য শাহেদের বিরুদ্ধে ‘দি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ অনুযায়ী রাজধানীর তুরাগ থানায় মামলা দায়ের করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তাঁর অসুস্থ মা রিনা বেগম এই দুঃসংবাদ শুনে মারা যান।
পুলিশের তদন্ত-সংশ্লিষ্টরা জানাচ্ছেন, একটি ছোট বিষয় আইনের মারপ্যাঁচে অনেকদূর পর্যন্ত গড়িয়েছে। শাহেদ সরল মনে পোস্টগুলো দিয়েছেন বলে মনে হচ্ছে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এতে অতি অমানবিকতার উদাহরণ সৃষ্টি হয়েছে।
মামলার বাদী, মেট্রোরেলের তৎকালীন নিরাপত্তা কর্মকর্তা জুবায়ের হোসেন এজাহারে উল্লেখ করেন, অভিযুক্ত শাহরিয়ার শাহেদ একটি আউটসোর্সিং অফিসের অ্যাটেনডেন্ট। তিনি তুরাগের দিয়াবাড়ীতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এমআরটি লাইন-৬ ডিপোর ভেতরে ঢোকার সুযোগ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। এরপর সেগুলো তাঁর ফেসবুক আইডি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করেন, যা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি সৃষ্টি করে। পরে ২১ জুলাই মেট্রোরেল কর্তৃপক্ষ বিষয়টি শনাক্ত করে এবং শাহেদের পোস্টগুলোর স্ক্রিনশট সংরক্ষণ করে। তাঁকে আটকে রেখে তুরাগ থানা পুলিশকে জানানো হয় এবং সেদিন রাত সাড়ে ১০টার দিকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
১৪ দিন কারাবাসের পর জামিন পান শাহেদ। তিনি সমকালকে জানান, ডিপোর ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তা তিনি জানতেন না। তাই ভিডিও ফেসবুকে দিলে কোনো সমস্যা হবে বলে মনে হয়নি। তাঁর উদ্দেশ্য ছিল না। একটি ভিডিও ছিল, যা দেখানোর জন্য তিনি পোস্ট করেছিলেন। তিনি বলেন, "একটি ভিডিও ছিল দিনশেষে মেট্রো ডিপোতে ফিরছে। সেটি দেখে আমার মনে হয়েছিল, মানুষ যেমন সারাদিন কাজ করে বিকেলে ক্লান্ত হয়ে বাসায় ফেরে, মেট্রোও তেমনি ফিরেছে।" তিনি আরও বলেন, "মেট্রো চলাচল করে উড়ালপথে, কিন্তু ডিপো নিচে। তাই ডিপোতে ঢোকার সময় মেট্রো নিচের দিকে যায়।" এই কারণে তাঁর এত বড় ক্ষতি হবে, তা তিনি বুঝতে পারেননি।
তিনি জানান, ঘটনার চার মাস আগে তাঁর মা রিনা বেগমের ওপেন হার্ট সার্জারি হয়। চিকিৎসক তাঁকে চাপমুক্ত রাখতে বলেছিলেন। গ্রেপ্তারের খবর মাকে জানানো হয়নি। কিন্তু জামিন পাওয়ার পর যখন পুলিশ তদন্তের জন্য বাসায় যায়, তখন রিনা বিষয়টি জানতে পারেন। এতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং ১৯ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।
শাহেদ বলেন, "ছোট্ট একটা ভুলে চাকরি গেল, কারাগারে গেলাম, মাকে হারালাম। মাকে তো ফিরে পাব না, অন্তত এই মামলার ‘ঝামেলা’ থেকে মুক্তি চাই।"
এ বিষয়ে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক মন্তব্য করেন, পোস্ট দুটিতে রাষ্ট্রীয় গোপন কোনো তথ্য প্রকাশ হয়েছে বলে মনে হচ্ছে না। তদন্ত করে দেখা দরকার, এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা। তিনি বলেন, "মেট্রোরেল কর্তৃপক্ষের নিরাপত্তার বিষয়টিতে এত গুরুত্ব দেওয়া অতিরঞ্জিত মনে হচ্ছে।" তিনি আরও বলেন, "এ ক্ষেত্রে ছেলেটিকে সতর্ক করা বা শোকজ দেওয়ার পর্যায়েই রাখা যেত। মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো, ফলশ্রুতিতে মায়ের মৃত্যু– এটা অতি অমানবিকতার উদাহরণ তৈরি করেছে।"
তিনি জানান, মেট্রোরেল কর্তৃপক্ষ চাইলে অভিযোগটি প্রত্যাহার করে তাঁকে কাজে ফেরাতে পারে। তারা বরং এই দৃষ্টান্ত স্থাপন করুক। পাশাপাশি পুলিশ দ্রুততম সময়ে তদন্তে সত্যটি তুলে আনুক।
তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, "আমার কাছে ছেলেটিকে ওরকম (অপরাধ-সংশ্লিষ্ট) মনে হয়নি। বিষয়টি এত সিরিয়াস কিছু ছিল না।" তিনি মনে করেন, শাহেদ সরল মনে ওই পোস্ট দিয়েছিলেন। কিন্তু মেট্রোরেল কর্তৃপক্ষ মামলা দিলে তো তা না নেওয়ার সুযোগ নেই।
মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই আবু হাসান জানান, শাহেদ একটু বোকাসোকা। এ ধরনের পোস্ট দেওয়া যে ঠিক না, সেটি তাঁর জানা ছিল না। এখন মামলা যেহেতু হয়েছে, তদন্ত চলমান। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন পাওয়ার পর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এ বিষয়ে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক শাওগাতুল আলমের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করে ও মেসেজ পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি। পরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, মামলার তদন্ত চলমান থাকায় এ নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ