০৮:১৬ এম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে টিএসসি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় টিএসসির পায়রা চত্বর থেকে এ বিশেষ কর্মসূচির সূচনা করা হয়।
"তারেক রহমানের অঙ্গীকার, দেশ থাকবে পরিষ্কার" এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা টিএসসি ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম করার পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনের বিষয়টি নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে
কর্মসূচিতে মো. নাছির উদ্দিন শাওন বলেন, "আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে আমরা একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সেই অনুসারে প্রিয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার এবং সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি, প্রতিটি শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে ক্যাম্পাস ও দেশকে পরিচ্ছন্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।"
তিনি আরো বলেন, এটি কেবল এক দিনের কর্মসূচি নয়; আমাদের পরিকল্পনা হলো ভবিষ্যতে নিয়মিত বিরতিতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন