০১:৩৯ পি.এম
হেসুস দে মিগুয়েলের মৃত্যুর ঘটনায় শাস্তি পেলেন হেসুস ওওনো। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এফসি আন্দোরার এই গোলরক্ষককে।
২৫ বছর বয়সী ওওনো গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে টেনেরিফে ফরোয়ার্ড দে মিগুয়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন। ওই ঘটনায় গুরুতর আহত হন দে মিগুয়েল, এবং পরদিন ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যু ঘটে।
শৃঙ্খলা কমিটি জানিয়েছে, তারা রেফারির প্রতিবেদনে উল্লেখিত তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওওনো খেলা চলাকালে "অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পা দিয়ে প্রতিপক্ষের বুকে আঘাত করেন", যার কারণে তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের পরিচালক নিযুক্ত হলেন রাফায়েল নাদাল
কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনার মর্মান্তিক পরিণতি, অর্থাৎ হেসুস দে মিগুয়েল আলামেদার মৃত্যু, সর্বজনবিদিত। বর্ণিত আচরণ এবং এর পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা, যৌক্তিক।”
এদিকে, ঘটনার কারণে বন্ধ হয়ে যাওয়া ম্যাচটি পুনরায় আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। যোগ করা সময়ের সাত মিনিটে সংঘর্ষের পর ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
ফেডারেশন জানিয়েছে, “মর্মান্তিক ঘটনাটি যেখান থেকে ঘটেছিল, সেখান থেকে খেলা পুনরায় শুরু করার প্রয়োজন এ সিদ্ধান্তের মাধ্যমে এড়ানো গেল।”
ঘটনার সময় ম্যাচের স্কোর ছিল ২-২। ফেডারেশনের আরেকটি কমিটি সেই ফলাফলই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, “এই অসাধারণ ও শোকাবহ পরিস্থিতিতে এটিই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।”
আরও পড়ুন: চেলসির মাঠে ১৯৯৯ সালের পর লিডসের ঐতিহাসিক জয়
৪ নভেম্বর ওওনোর পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে এফসি আন্দোরা। সেখানে তিনি বলেন, জীবনের “সবচেয়ে কঠিন সময়” পার করছেন তিনি এবং দে মিগুয়েলের মৃত্যুর কারণে “অপরিসীম কষ্ট” অনুভব করছেন।
বৃহস্পতিবার আন্দোরার কোচ কার্লেস মানসো জানান, ইকুয়েটোরিয়াল গিনির আন্তর্জাতিক গোলরক্ষক ওওনো এখনো সিদ্ধান্ত নেননি তিনি আবার ফুটবলে ফিরবেন কি না।
মানসো বলেন, “বর্তমানে সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। ফেরার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তার রয়েছে। আমাদের কাজ হলো তাকে সব ধরনের সমর্থন দেওয়া এবং পাশে থাকা। আমরা তাকে প্রয়োজনীয় সময় ও ব্যক্তিগত পরিসর দেব। সে ফিরে আসতে চাইলে, কখন ফিরবে কিংবা আদৌ ফিরবে কি না, সেই সিদ্ধান্ত একান্তই তার। যখন সে নিজেকে প্রস্তুত মনে করবে, তখনই এমন সিদ্ধান্ত নেবে।”
আরও পড়ুন: বাংলাদেশ ‘এ’ দল আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনালে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন