ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লোহালিয়া নদীর ওপর সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন এমপি মাসুদ


লোহালিয়া নদীর ওপর সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে সশরীরে উপস্থিত হয়ে দক্ষিণাঞ্চলের জনগণের সম্মান জানানোর উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই আমন্ত্রণটি স্পিকারের মাধ্যমে জানান।

বক্তব্যের শুরুতেই ড. শফিকুল ইসলাম মাসুদ লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণের অগ্রগতি এবং সার্বিক বিষয় সম্পর্কে সড়ক যোগাযোগ মন্ত্রীর দেওয়া জবাবের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ সেতুটির উদ্বোধন আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময়, সেতুটির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে বাউফলে আসার অনুরোধও করেন তিনি।

এছাড়া, দক্ষিণাঞ্চলের নৌপথের বর্তমান সংকটের চিত্রও সংসদে তুলে ধরেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের পর বরিশাল, ভোলা ও পটুয়াখালী অঞ্চলে নৌ-চলাচলভিত্তিক পর্যটন শিল্পের একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি হয়েছে। নদী শুধুমাত্র চলাচলের মাধ্যম নয়; বরং কৃষি, মৎস্য, সেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সরাসরি সম্পর্কিত।

আরও পড়ুন: রিজভী: এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি

তবে, নাব্যতা সংকট এবং শীত মৌসুমে কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের লঞ্চ শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং এই শিল্পটি ধ্বংসের পথে রয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি জানান, পটুয়াখালী, বাউফল ও ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো নাব্যতা সংকটের কারণে প্রায়ই ডুবোচরে আটকা পড়ে এবং গন্তব্যে পৌঁছাতে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সময় লেগে যায়।

বক্তব্যের শেষে, বরিশাল, ভোলা ও পটুয়াখালীসহ সারা দেশের নৌপথের নাব্যতা সংকট নিরসন এবং নৌ-চলাচলকে সহজ ও সচল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী কী উদ্যোগ গ্রহণ করছে, তা জানতে চান সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার মেম্বারদের বাস্টার্ড বলতে পারেন না’, হেলাল খানকে নিয়ে ক্ষুব্ধ জয়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


‘আমার মেম্বারদের বাস্টার্ড বলতে পারেন না’, হেলাল খানকে নিয়ে ক্ষুব্ধ জয়

চিত্রনায়ক জয় চৌধুরী একের পর এক অভিযোগ তুলেছেন চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে। এফডিসিতে প্রবেশ করে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। জয় দাবি করেছেন, হেলাল খানের এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

সম্প্রতি এফডিসিতে ঢুকে হেলাল খান কয়েকজন শিল্পীর ওপর চড়াও হন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার আচরণের সমালোচনা করেছেন অনেকে।

এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা, যারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশগ্রহণ করেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। পরে অভিযোগ ওঠে যে, জাসাসের আহ্বায়ক হেলাল খান জয় ও অন্যান্য শিল্পীদের ওপর চড়াও হন।

এ বিষয়ে গণমাধ্যমকে মঙ্গলবার বিকেলে জয় চৌধুরী মন্তব্য করেন, ‘হেলাল খান সেদিন কেন ওই রকম আচরণ করলেন, আমি ঠিক বুঝলাম না। সেদিন তিনি ১০০ বহিরাগত শিল্পী এনে আমাদের শিল্পীকে বাস্টার্ড বলেছেন। আমাদের শিল্পীকে গালিগালাজ করেছেন। এটা তো তিনি করতে পারেন না। উনি এখন এই আচরণের পর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানা রকম মিথ্যা কথা বলছেন।’

জয় অভিযোগ করেছেন যে, হেলাল খান তাকে মারার হুমকিও দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তিনি অহেতুক খারাপ আচরণ করেছেন। উনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে। যদি এমন হতো উনারা প্রোগ্রাম করছেন আর আমি আড্ডা দিচ্ছি, উনি ডাকতে আসছেন, আমরা যাইনি, তাহলেও কথা ছিল। কেন এসে গায়ে পড়ে এটা করছেন, আমার সঙ্গে করেছেন, মেনে নিলাম। তিনি আমার গুরুজন। কিন্তু উনি বহিরাগত নিয়ে এসে আমার সমস্ত মেম্বারকে বাস্টার্ড বলতে পারেন না। আমার মেম্বারদের মারার হুমকি দিতে পারেন না।’

শিল্পীদের আত্মসম্মানবোধের বিষয়টিও তুলে ধরেছেন জয়। তিনি বলেন, ‘করোনা থেকে শুরু করে নানা প্রতিকূল অবস্থায় উনাদের তো পাওয়া যায়নি। সে সময় আমরা যা করেছি, সামান্য যদি উনাদের পেতাম। আজ তিনি হুট করে এসে অর্ডার করছেন, আমরা শিল্পীরা কারও কাছে মাথা বিক্রি করে দিইনি। আমাদের শিল্পীদের একটা আত্মসম্মানবোধ আছে। কে কী সিদ্ধান্ত নেবে শিল্পীরা, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়।’

এদিকে জয় চৌধুরী জানিয়েছেন, হেলাল খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জয়। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। হেলাল খানের নেতৃত্বাধীন ওই প্ল্যাটফর্মে কাজ করতে অনীহা প্রকাশ করেছেন এই চিত্রনায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে বিদ্যালয়ের নৈশপ্রহরীর রুমে দুই নারী, নিয়োগ বাতিলের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


চরফ্যাশনে বিদ্যালয়ের নৈশপ্রহরীর রুমে দুই নারী, নিয়োগ বাতিলের নির্দেশ

ভোলার চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্রামকক্ষে দুই নারী থাকার কারণে দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাসের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আনুমানিক ২টার সময় বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন নামাজ পড়তে মসজিদে যান। এই সুযোগে নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাস বিদ্যালয়ের বিশ্রামকক্ষে অজ্ঞাতপরিচয় দুই নারীকে প্রবেশ করান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই কর্মচারী ও দুই নারী সেখান থেকে চলে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার দিনই প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্ত দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাসের নিয়োগসংক্রান্ত চুক্তি বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষার সুনাম ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনার পর থেকে দপ্তরি কাম নৈশপ্রহরী আত্মগোপনে রয়েছেন।

চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি এবং ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান আমার দেশ-কে বলেন, ‘অভিযুক্ত দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল দাসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছি।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ের মুক্ত সাংস্কৃতিক পরিসর: নৈতিকতার দ্বিচারিতার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


নারীর স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ের মুক্ত সাংস্কৃতিক পরিসর: নৈতিকতার দ্বিচারিতার আলোচনা

সমাজে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, যৌন হয়রানি ও নির্যাতনের মতো গুরুতর অপরাধ প্রতিনিয়ত ঘটছে, কিন্তু এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিবাদ ও নৈতিক অবস্থান সব সময় সমানভাবে দৃশ্যমান হয় না। অনেক সময় ক্ষমতা, প্রভাব, সামাজিক অবস্থান কিংবা ব্যক্তিস্বার্থের কারণে মানুষ নীরব থাকে। অথচ পরীমনি, মোনামি কিংবা আমাদের মতো নারীদের পোশাক, ব্যক্তিগত জীবন ও সাংস্কৃতিক অভিব্যক্তি নিয়ে সমাজের একাংশের নৈতিক উদ্বেগের কোনো শেষ নেই। এই বৈপরীত্য আমাদের সামাজিক মূল্যবোধের গভীর অসংগতিকে সামনে নিয়ে আসে।

সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এই প্রবণতাকে 'Selective Moral Policing' এবং 'Gendered Surveillance' ধারণার আলোকে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ, নৈতিকতার প্রয়োগ এখানে সর্বজনীন নয়; বরং ক্ষমতার কাঠামো ও লিঙ্গভিত্তিক সামাজিক প্রত্যাশা দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষত নারীর শরীর, পোশাক, চলাফেরা ও আনন্দের ওপর সামাজিক নজরদারি প্রতিষ্ঠার প্রবণতা পিতৃতান্ত্রিক সংস্কৃতির একটি পরিচিত বৈশিষ্ট্য। ফলে যৌন নির্যাতনের মতো কাঠামোগত সমস্যার বিরুদ্ধে প্রতিবাদের চেয়ে নারীর ব্যক্তিগত স্বাধীনতা নিয়ন্ত্রণের তৎপরতা অনেক সময় বেশি দৃশ্যমান হয়ে ওঠে।

এখানে একটি মৌলিক প্রশ্ন আছে: একজন শিক্ষক নারী, না পুরুষ—এটি এত বড় করে দেখার কী আছে? শিক্ষকতা একজন মানুষের পেশাগত পরিচয়, তার সমগ্র অস্তিত্ব নয়। একজন শিক্ষকও একজন স্বতন্ত্র মানুষ; তার পরিবার আছে, ব্যক্তিগত পরিসর আছে, আনন্দ ও বিনোদনের প্রয়োজন আছে। পরিবারের সঙ্গে আনন্দ করা, নাচ উপভোগ করা কিংবা সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া তার পেশাগত মর্যাদাকে খর্ব করে না। একজন শিক্ষককে সারাক্ষণ গুরুগম্ভীর, নির্বিকার ও সামাজিকভাবে আরোপিত কোনো আদর্শ প্রতিমূর্তি হয়ে থাকতে হবে—এমন প্রত্যাশা ব্যক্তিসত্তার বহুমাত্রিকতাকে অস্বীকার করে। পেশাগত নৈতিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে ব্যক্তির বৈধ ব্যক্তিগত স্বাধীনতাকে গুলিয়ে ফেলা যায় না।

১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের প্রসঙ্গেও আবেগ, অনুমান কিংবা রাজনৈতিক অবস্থানের পরিবর্তে অধ্যাদেশের প্রকৃত ভাষ্য ও আইনি ব্যাখ্যার ভিত্তিতে আলোচনা হওয়া প্রয়োজন। নাচ বা সাংস্কৃতিক পরিবেশনা নিষিদ্ধ—এমন কোনো বিধান অধ্যাদেশে রয়েছে কি না, তা নির্দিষ্ট আইনি ভিত্তিতে প্রমাণ করতে হবে। বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান বিতরণ বা সনদ প্রদানের প্রতিষ্ঠান নয়; এটি মুক্তচিন্তা, সাংস্কৃতিক বহুত্ববাদ, সৃজনশীলতা, ভিন্নমত ও ব্যক্তিস্বাধীনতার বিকাশের পরিসর। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের তাৎপর্য কেবল প্রশাসনিক স্বাধীনতায় সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা ও সাংস্কৃতিক বিকাশের পরিবেশ।

আরো গভীরভাবে দেখলে, এখানে প্রশ্নটি কেবল নাচের অনুমতি কিংবা একজন শিক্ষকের ব্যক্তিগত আনন্দের নয়। প্রশ্নটি হলো—আমরা কি এমন একটি সমাজ চাই, যেখানে মানুষের পেশাগত পরিচয়, বিশেষত নারীর পরিচয়, তার ব্যক্তিস্বাধীনতার ওপর সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অজুহাত হয়ে উঠবে? আমরা কি এমন এক নৈতিকতার চর্চা করছি, যেখানে অপরাধের চেয়ে অপরাধ নিয়ে কথা বলা মানুষের পরিচয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? যেখানে যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে মানুষ দ্বিধাগ্রস্ত, সেখানে নারীর সাংস্কৃতিক অভিব্যক্তি নিয়ে এত তীব্র নৈতিক প্রতিক্রিয়া কেন?

নৈতিকতা কখনোই ক্ষমতাবানদের দায়মুক্তি এবং নারীর স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হতে পারে না। নৈতিকতার সারবত্তা প্রকাশ পায় দুর্বল ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোয়, যৌন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ায়, দুর্নীতির প্রতিবাদে এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করার মধ্যে।

একজন শিক্ষককে তার জ্ঞান, দায়িত্ব, পেশাগত সততা ও অবদানের ভিত্তিতে মূল্যায়ন করুন; তার ব্যক্তিগত আনন্দের মুহূর্ত দিয়ে নয়। একজন নারীকে তার চিন্তা, কাজ, যোগ্যতা ও মানবিক পরিচয়ে বিচার করুন; তার পোশাক কিংবা সাংস্কৃতিক অভিব্যক্তি দিয়ে নয়।

একটি সভ্য সমাজ মানুষের আনন্দকে অপরাধে পরিণত করে না; বরং মানুষের মর্যাদা ও স্বাধীনতা রক্ষার জন্য তার নৈতিক শক্তি ব্যয় করে। যে সমাজে দুর্নীতি ও যৌন নির্যাতনের বিরুদ্ধে নীরবতা থাকে, অথচ নারীর নাচ নিয়ে নৈতিকতার আদালত বসে, সেই সমাজের নৈতিকতাকেই প্রশ্ন করা প্রয়োজন। কারণ স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা নৈতিকতার উদ্দেশ্য নয়; অন্যায়, নিপীড়ন ও বৈষম্য থেকে মানুষকে মুক্ত রাখাই নৈতিকতার প্রকৃত দায়।

লেখক: সহযোগী অধ্যাপক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতারবাড়ী বন্দরের নির্মাণকাজে ৩৬ লাখ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন: নৌপরিবহনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


মাতারবাড়ী বন্দরের নির্মাণকাজে ৩৬ লাখ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন: নৌপরিবহনমন্ত্রী

সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬: মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলেছে। নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন যে, ইতোমধ্যে প্রায় ৩৬ লাখ ঘনমিটার ড্রেজিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী বলেন, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের তিনটি প্রধান প্যাকেজের মধ্যে দুটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-১)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রকল্পের প্রথম প্যাকেজ ‘বন্দর নির্মাণের সিভিল ওয়ার্কস’-এর অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, নির্মাণকাজ শুরুর জন্য প্রকল্প কর্তৃপক্ষ গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান পিটি জেভিকে নোটিশ টু প্রসিড (এনটিপি) দিয়েছে।

তিনি আরও বলেন, ভূমি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে। বর্তমানে জিওটিউব বাঁধ নির্মাণ, ড্রেজিং, এ ও বি এলাকায় বালু ভরাট এবং সিডিএমের কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৬ লাখ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন হয়েছে।

সরঞ্জাম, টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) ও নিরাপত্তাব্যবস্থা-সংক্রান্ত দ্বিতীয় প্যাকেজের ২-এ অংশের বিষয়ে মন্ত্রী বলেন, জাপানের মিতসুই ইঅ্যান্ডএস এবং টেক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়ামের ঠিকাদাররা বিভিন্ন সরঞ্জামের নকশা ও কারিগরি অঙ্কন প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে।

তিনি জানান, সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা যাচাইয়ের জন্য ২০২৬ সালের ৪ থেকে ১১ এপ্রিল জাপানে কারখানা পরিদর্শন করা হয়।

নৌযান এবং ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস)-সংক্রান্ত দ্বিতীয় প্যাকেজের ২-বি অংশের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, গত ২ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ে জাইকার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ওই বৈঠকে ২-বি প্যাকেজের ক্রয়প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য দরপত্রের মেয়াদ ও বিড সিকিউরিটি বাড়ানোর বিষয়ে দরদাতাদের মতামত নেওয়া হয় এবং দরপত্রের কাজের পরিধি কমানোর (ডিস্কোপিং) সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ৮ হাজার ২০০ টিইইউ ধারণক্ষমতার বড় কনটেইনারবাহী জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে সক্ষম হবে।

সমুদ্রবন্দর স্থাপনে বিলম্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বন্দরের কার্যক্রম এগিয়ে চলছে। সমুদ্রবন্দর স্থাপনের প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। তাই বন্দর স্থাপনে কোনো বিলম্ব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%