০৬:৩৯ পি.এম
নবায়নযোগ্য জ্বালানি খাতে পারদর্শী জনবল গড়ে তুলতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (টিএমইডি) এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জিআইজেড (জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সোসাইটি) এই চুক্তি সই করেছে। এর মাধ্যমে ‘টিভিইটি ইন দ্য ফিল্ড অব রিনিউএবল এনার্জি’ (টিভিইটি৪আরই) নামের প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পথ সুবিস্তৃত হলো।
বুধবার ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
জানুয়ারি ২০২৬-এ বাংলাদেশে টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য জার্মানির ২১ দশমিক ৭৭ মিলিয়ন ইউরোর প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে। এর পূর্বে গত ১১ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাথে প্রকল্পটির সমঝোতা স্মারক সই হয়েছিল। সর্বশেষ বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রকল্পটির মাঠপর্যায়ের কাজ শুরু করার জন্য একটি আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হলো।
অনুষ্ঠানে টিএমইডি সচিব মো. দাউদ মিয়া এনডিসি বলেন, এই চুক্তিটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশ এবং জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন অংশীদারিত্বের একটি দৃষ্টান্ত।
তিনি আরো উল্লেখ করেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতের শক্তিশালীকরণ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করে আসছে।
তিনি বলেন, টিভিইটি৪আরই প্রকল্পটি সবুজ দক্ষতার ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করবে। পাশাপাশি এটি উচ্চপর্যায়ের নীতিকে বাস্তবমুখী এবং দীর্ঘমেয়াদি কারিগরি সক্ষমতায় রূপান্তরিত করার মাধ্যমে দেশের জনশক্তিকে ভবিষ্যৎ শ্রমবাজারের উপযোগী করে তুলবে। এতে দেশের জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।
আরও পড়ুন: বিএনপি সব ধর্মের মানুষের সমন্বয়ে উন্নত রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী
তিনি জানান, প্রকল্পটি ‘বাংলাদেশ টিভিইটি বাস্তবায়ন পরিকল্পনা ২০২৫-২০৩০’-এর লক্ষ্য ও অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানে জিআইজেডের পক্ষ থেকে তাদের কৌশলগত কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয়। একইসঙ্গে টিভিইটি৪আরই এবং ‘প্রফেশনাল এডুকেশন ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি’ (প্রিসাইস) প্রকল্প কিভাবে সমন্বিতভাবে সবুজ দক্ষতা বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করবে, তা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, টিএমইডির অতিরিক্ত সচিব (উন্নয়ন) শামসুর রহমান খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ইয়ানিস হুসেন উপস্থিত ছিলেন। পরে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন