ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বিদেশি সহায়তা ছাড়াই সাফের সম্প্রচার, বাংলাদেশের সক্ষমতার নতুন পরীক্ষা


বিদেশি সহায়তা ছাড়াই সাফের সম্প্রচার, বাংলাদেশের সক্ষমতার নতুন পরীক্ষা

মাঠের লড়াই কেবল ফুটবলারদের নয়, বরং পর্দার আড়ালেও বাংলাদেশের সক্ষমতা প্রমাণের লড়াই চলছে। প্রথমবারের মতো সাফ টুর্নামেন্টের সম্পূর্ণ সম্প্রচার প্রযোজনার দায়িত্ব বাংলাদেশি টেকনিক্যাল ও ক্রিয়েটিভ কর্মীরা গ্রহণ করেছেন। বিদেশি প্রোডাকশন টিমের সহায়তা ছাড়া এই আয়োজন সম্পন্ন হচ্ছে। পুরো আয়োজনের হেড অব প্রোডাকশন এবং টিভি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইরফান মুহাম্মাদ আল আমীন। তিনি শুধু এই সাফ টুর্নামেন্টেই নয়, বরং সর্বশেষ ক্রিকেট বিপিএল ও পরবর্তী বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের হেড অব প্রোডাকশন হিসেবেও পরিচিত হয়েছেন।

ফুটবল মাঠে বাংলাদেশের সামর্থ্য নিয়ে আলোচনা প্রায়ই হয়ে থাকে। কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো সম্ভাবনার গল্প শোনা যায়। কিন্তু মাঠের বাইরেও বাংলাদেশের ক্রীড়া সম্প্রচারশিল্প নীরবে নিজেদের সক্ষমতার জায়গা তৈরি করছে, এবারের সাফ টুর্নামেন্টের সম্প্রচার তার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

আন্তর্জাতিক ফুটবলের একটি টুর্নামেন্টের সম্প্রচার করা মানে শুধুমাত্র ক্যামেরায় খেলার দৃশ্য ধারণ করে টেলিভিশনে দেখানো নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল এক কর্মযজ্ঞ। মাঠের বিভিন্ন প্রান্তে ক্যামেরা স্থাপন, একাধিক ক্যামেরার দৃশ্য সমন্বয়, লাইভ ডিরেকশন, গ্রাফিকস, রিপ্লে, সাউন্ড, সম্প্রচার ব্যবস্থাপনা—সবকিছু মিলিয়ে একটি জটিল প্রযুক্তিনির্ভর আয়োজন। সামান্য সমন্বয়হীনতাও দর্শকের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: আজ টিভিতে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্ট ও নেশন্স লিগের খেলা

এবার সেই পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন বাংলাদেশের সম্প্রচারকর্মীরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সম্প্রচারে বিদেশি কোনো প্রোডাকশন টিমের সহায়তা নেওয়া হয়নি। পরিকল্পনা থেকে শুরু করে মাঠের সম্প্রচার পরিচালনা—সবখানেই কাজ করছেন দেশীয় পেশাজীবীরা।

দেশে এই প্রথম ফুটবলে ভিএআরের উপস্থিতি এবং এর সফল সঞ্চালনার জন্য সাফ কর্তৃপক্ষ আস্থা রেখেছে ইরফান মুহাম্মাদ আল আমীনের ওপর। তিনি দেশীয় প্রোডাকশন টিমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন।

প্রযুক্তির পেছনে মানুষের দক্ষতা

একটি ফুটবল ম্যাচের সম্প্রচারে দর্শক সাধারণত ৯০ মিনিটের খেলা দেখেন। কিন্তু সেই ৯০ মিনিটকে পর্দায় প্রাণবন্ত করে তুলতে অসংখ্য মানুষের কাজ লাগে। ডিরেক্টর, হেড অব প্রোডাকশন, প্রোডাকশন ম্যানেজার, কো-অর্ডিনেটর, কমেন্ট্রি প্যানেল, ক্যামেরাম্যান, প্লে-আউট অপারেটর, প্রোডাকশন কন্ট্রোল রুমের কর্মী, গ্রাফিকস অপারেটর, রিপ্লে অপারেটর, ভিশন মিক্সার, সাউন্ড ইঞ্জিনিয়ার, অডিও ও অন্যান্য টেকনিক্যাল টিম—প্রত্যেকের কাজের মধ্যে নিখুঁত সমন্বয় থাকা প্রয়োজন।

আরও পড়ুন: রোনালদোবিহীন পর্তুগালকে ৪-১ গোলে উড়িয়ে দিল ডেনমার্ক

কোন মুহূর্তে কোন ক্যামেরা অনএয়ার হবে, গোলের পর কোন অ্যাঙ্গেল দেখানো হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের রিপ্লে কীভাবে তুলে ধরা হবে, মাঠের আবহ ও দর্শকদের প্রতিক্রিয়া কীভাবে সম্প্রচারে যুক্ত হবে—এসব সিদ্ধান্ত নিতে হয় মুহূর্তের মধ্যে।

এ ধরনের প্রযোজনায় শুধু যন্ত্রপাতিই নয়, প্রয়োজন অভিজ্ঞতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং পুরো টিমের সমন্বিত দক্ষতা। এবারের সাফে বাংলাদেশের প্রোডাকশন টিমের জন্য সেটিই বড় চ্যালেঞ্জ।

বিদেশিনির্ভরতা থেকে নিজস্ব সক্ষমতার পথে

আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রচারে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের অভিজ্ঞ প্রোডাকশন হাউস ও বিশেষজ্ঞ টিম কাজ করে আসছে। বাংলাদেশের সম্প্রচারশিল্পও বিভিন্ন পর্যায়ে বিদেশি প্রযুক্তি ও অভিজ্ঞতার সহযোগিতা পেয়েছে। সেই বাস্তবতায় বিদেশি প্রোডাকশন সহায়তা ছাড়াই একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচার প্রযোজনার দায়িত্ব নেওয়া রীতিমতো চ্যালেঞ্জের।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু বাংলাদেশে

এটি কেবল একটি টুর্নামেন্ট সম্প্রচার নয়, বরং স্থানীয় জনবলের অভিজ্ঞতা তৈরি হচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবল কিংবা অন্যান্য বড় ক্রীড়া আয়োজনের সম্প্রচার প্রযোজনায় বাংলাদেশি প্রতিষ্ঠান ও পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে পারে এ অভিজ্ঞতা।

বিশেষ করে নতুন প্রজন্মের সম্প্রচারকর্মীদের জন্য এটি হতে পারে হাতে-কলমে শেখার একটি বড় ক্ষেত্র। আন্তর্জাতিক মানের প্রোডাকশন পরিচালনার অভিজ্ঞতা অর্জন করে দেশীয় কর্মীরা ভবিষ্যতে আরও বড় আয়োজনের দায়িত্ব নেওয়ার আত্মবিশ্বাস পাবেন।

বাংলাদেশের নতুন সম্ভাবনা

বাংলাদেশে ক্রীড়া সম্প্রচারের পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে দক্ষ জনবল, প্রযুক্তিগত অবকাঠামো এবং লাইভ প্রোডাকশনের অভিজ্ঞতা। ক্রীড়াভিত্তিক সম্প্রচারমাধ্যমের নিয়মিত কাজ সেই অভিজ্ঞতা তৈরিতে ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: সন্দ্বীপে ১৬ ডিসেম্বর ক্রিকেট উৎসব, অংশ নেবে ৮ দল

সাফের পুরো প্রোডাকশন দেশীয় টিমের হাতে তুলে নেওয়া সেই অভিজ্ঞতারই একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ।

দিন শেষে দর্শকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলাটি সুন্দর, নিরবচ্ছিন্ন ও মানসম্মতভাবে উপভোগ করা। আর সেই সম্প্রচারের পেছনে যদি বাংলাদেশি কর্মী থাকেন, তবে দেশ গর্বিত হবে। দেশীয় কর্মীদের এ অক্লান্ত পরিশ্রম উজ্জীবিত করবে অন্যান্য দেশীয় কর্মীকেও।

এই আয়োজন নিয়ে আশাবাদী পুরো প্রোডাকশন টিম। টুর্নামেন্টের ডিরেক্টর ইরফান আমীন বলেন, এটি কেবল একটি সম্প্রচার আয়োজন নয়, বরং বাংলাদেশের সম্প্রচারশিল্পের সক্ষমতা তুলে ধরারও একটি সুযোগ।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টের পুরো প্রযোজনা দেশীয় জনবল দিয়ে পরিচালনা করা নিঃসন্দেহে অনেক বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে এটি প্রমাণেরও সুযোগ যে, প্রয়োজনীয় পরিকল্পনা, প্রযুক্তি, দক্ষতা ও দলগত সমন্বয় থাকলে বাংলাদেশি পেশাজীবীরাও বড় আন্তর্জাতিক আয়োজনের সম্প্রচার দক্ষতার সঙ্গে সামলাতে পারেন।

আরও পড়ুন: ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

এই উদ্যোগের ইতিবাচক দিক হলো, এর মাধ্যমে দেশীয় সম্প্রচারকর্মীদের দক্ষতা আরও বিকশিত হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের প্রযোজনায় বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন ইরফান আমীন।

তিনি আশা করেন, বিদেশি সহায়তা ছাড়াই পুরো টুর্নামেন্টের প্রযোজনা পরিচালনার এই অভিজ্ঞতা শুধু বর্তমান আয়োজনের সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি ভবিষ্যতের জন্যও একটি বিনিয়োগ ও উদাহরণ হবে।

বাংলাদেশের ক্রীড়া সম্প্রচারকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার এই যাত্রায় ইরফান আমীন ও তাঁর দলের লক্ষ্য দর্শকদের আন্তর্জাতিক মানের সম্প্রচার উপহার দেওয়া এবং বাংলাদেশের সক্ষমতাকে আরও উঁচুতে তুলে ধরা।

আরও পড়ুন: ম্যাচটি শুরু থেকেই কঠিন ছিল: কোচ ডুলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা উত্তর জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন, অধ্যাপক আবদুল মতিন আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪১ এম


কুমিল্লা উত্তর জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন, অধ্যাপক আবদুল মতিন আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে উত্তর জেলা আমির হিসেবে অধ্যাপক আবদুল মতিন নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম শহীদ।

এছাড়াও, ১৯ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত মজলিশে শূরার অধিবেশনে শূরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে নতুন কমিটির দায়িত্বশীলদের নির্বাচন ও মনোনয়ন চূড়ান্ত করা হয়। অধিবেশনের সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক আবদুল মতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিচালক মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য একেএম শামসুদ্দিন।

ঘোষিত নতুন কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, মুফতি আমিনুল ইসলাম ও অধ্যাপক একেএম আনোয়ার হোসাইন।

অধিবেশন শেষে নবনির্বাচিত নেতারা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ এম


ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা মোজাম্মেল হক ভূঁইয়া মেম্বারকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। তিনি ৫ নম্বর দুলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ইউপি সদস্য হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এই ঘটনার পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক এবং সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল হক ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখবেন না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেওয়া এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি মৎস্য খামারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় খামারের একটি টিনশেড ঘর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া, মাদক পরিবহনে ব্যবহৃত তাদের দুটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮), যিনি দুলালপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক। অপরজন একই উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের নূরে আলম ভূঁইয়া (৪০)।

এদিকে, জেলা যুবদলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতারা। তাদের মতে, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে দলীয় নেতাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত যুবদলসহ জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকর্মীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ এম


নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুজন গ্রেফতার

নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এম হক বাবু এবং দলটির ঢাকা মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেনকে থানায় সোপর্দ করেন কয়েকজন।

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় ছাত্রদলের কয়েকজন তাদের আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, অভিযুক্তরা নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ এম


কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন (এওআইসি) যা এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু আন্দোলনের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত “ফ্রম মাউন্টেইনস টু সি : ব্রিংইং এশিয়া-প্যাসিফিক ইয়ুথ প্রায়োরিটিজ টু দ্য ইউএনএফসিসিসি” শীর্ষক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার তরুণ প্রতিনিধিরা, যারা আঞ্চলিক জলবায়ু অগ্রাধিকার তুলে ধরেন এবং বৈশ্বিক জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

২০২৬ সালে আয়োজক সংগঠক সিক্ত বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশের মোট ১২টি যুব সংগঠনের সহায়তায় বাংলাদেশে ‘রিজিওনাল কনফারেন্স অব ইয়ুথ (আরসিওয়াই) এপ্যাক ২০২৬’-এর অর্জন ও অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে উঠছে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন। এটি এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন, নেটওয়ার্ক এবং জলবায়ু অধিকারকর্মীদের একটি আঞ্চলিক জোট হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য হলো জলবায়ু ন্যায়বিচার, আঞ্চলিক সংহতি, তরুণ নেতৃত্ব এবং সম্মিলিত জলবায়ু কার্যক্রমকে এগিয়ে নেওয়া।

এশিয়ার বিভিন্ন দেশে তরুণরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তবে অনেক সংগঠন বিচ্ছিন্নভাবে কাজ করছে এবং তারা প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অর্থায়ন, আঞ্চলিক যোগাযোগ ও জলবায়ু নীতিনির্ধারণে কার্যকর অংশগ্রহণের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের অন্যতম উদ্দেশ্য হলো এই সীমাবদ্ধতা দূর করে তরুণদের উদ্যোগগুলোকে একটি স্থায়ী আঞ্চলিক প্ল্যাটফর্মে যুক্ত করা।

জোটটির প্রধান লক্ষ্যগুলো

এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু নেটওয়ার্কগুলোর মধ্যে সংযোগ ও সহযোগিতা তৈরি।

ইউএনএফসিসিসি আলোচনা এবং জাতীয় জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের অগ্রাধিকার ও দাবি তুলে ধরা।

তৃণমূল পর্যায়ের যুব সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক, আইনি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা।

যৌথ প্রচারণা, আন্তর্দেশীয় উদ্যোগ এবং সমন্বিত প্রকল্প ও অর্থায়নের সুযোগ তৈরি।

অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও তরুণদের নেতৃত্বাধীন ক্লাইমেট পলিসি প্রভাবিত করা।

প্রস্তাবিত কাঠামো ও পরিচালনা প্রক্রিয়া

এশিয়ান ইয়ুথ কোয়ালিশন একটি সদস্যভিত্তিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হওয়ার পরিকল্পনা করেছে। এর প্রস্তাবিত কাঠামোতে থাকবে একটি সচিবালয়, নির্বাচিত স্টিয়ারিং কমিটি এবং সদস্য সংগঠনসমূহ।

প্রস্তাব অনুযায়ী, সাত থেকে নয়টি সদস্য সংগঠনের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি জোটের কার্যক্রম পরিচালনা করবে এবং পাঁচটি বিষয়ভিত্তিক ও উপ-আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপের কাজ সমন্বয় করবে। সচিবালয় সামগ্রিক সমন্বয়, অংশীদারত্ব, সম্পদ ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করবে।

প্রতি বছর উন্মুক্ত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। সদস্য সংগঠনগুলো নিজ নিজ দেশে কার্যক্রম পরিচালনা করবে এবং আঞ্চলিক পর্যায়ে যৌথ উদ্যোগ, নীতিগত অবস্থান, দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় অংশ নেবে।

জোটটির চূড়ান্ত পরিচালন কাঠামো, সদস্যপদ নীতিমালা ও প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব আরসিওয়াই এপ্যাক-এর সহ-আয়োজক এবং প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে এওয়াইসি গভর্ন্যান্স চার্টার-এ চূড়ান্ত করা হবে।

আঞ্চলিক সংহতি থেকে সম্মিলিত উদ্যোগ

এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়াজুড়ে তরুণদের জলবায়ু আন্দোলনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে শুধু সম্মেলন বা আন্তর্জাতিক জলবায়ু আয়োজনের সময় নয়, বরং বছরজুড়েই তরুণদের মধ্যে সহযোগিতা ও কার্যকর যোগাযোগ অব্যাহত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, আদিবাসী জনগোষ্ঠী, নারী নেতৃত্বাধীন সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বাধীন বা তাঁদের নিয়ে কাজ করা সংগঠনসহ প্রান্তিক ও কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর যুব সংগঠনগুলোর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে।

এই জোটের মাধ্যমে এশিয়ার তরুণদের একসঙ্গে কাজ করার, অভিজ্ঞতা বিনিময়ের এবং জলবায়ু ন্যায়বিচারের জন্য সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।

আয়োজকদের মতে, এশিয়ান ইয়ুথ কোয়ালিশন কেবল একটি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নয়ঃ এটি তরুণদের আন্দোলনকে সংযুক্ত করা, সম্মিলিত কণ্ঠকে শক্তিশালী করা এবং আঞ্চলিক সংহতিকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার একটি প্রচেষ্টা।

এশিয়ান ইয়ুথ কোয়ালিশন-এর প্রত্যয় হলো ‘আমাদের অঞ্চল। আমাদের কণ্ঠস্বর। আমাদের সম্মিলিত ভবিষ্যৎ’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%