মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৭ পি.এম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তিন বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ অন্তর মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। শিশুটির বাবা এ ঘটনায় বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, ভুক্তভোগী শিশুটির পরিবার এবং মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার ওই গ্রামে গত রোববার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত অন্তর মিয়া শিশুটিকে ডেকে নিজ ঘরে নিয়ে যান। ঘরে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, শিশুটির মা দুপুরের খাবার খাওয়ানোর জন্য তাকে খুঁজতে গিয়ে ডাকাডাকি শুরু করেন। মায়ের ডাক শুনে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে পালিয়ে যায়। পরে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে শিশুটি তার মাকে ঘটনার কথা জানায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজন অভিযুক্তকে খুঁজতে শুরু করেন।
পরে বিকালে পাশের একটি বাজারে স্থানীয় লোকজন অন্তর মিয়াকে দেখতে পেয়ে আটক করেন। এ সময় তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
সোমবার রাত পৌনে ১১টার দিকে শিশুটির বাবা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং সেখানে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করে দেশের দুর্বল অর্থনীতি এবং ভঙ্গুর সমাজ থেকে মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট চত্ত্বরে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি বলেন, তিনি প্রতিশোধের রাজনীতি পছন্দ করেন না।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। অসংখ্য নেতাকর্মীকে জেলের অন্ধকারে পাঠানো হয়েছে। নির্বাচনে আমার মঞ্চে এবং বাড়িতে হামলা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তিনি উল্লেখ করেন, তিনি কাউকে গ্রেপ্তার করানোর জন্য ফোন করেননি। রাজবাড়ীকে শান্তিপূর্ণ রাজনীতি করার জায়গা হিসেবে তিনি দেখতে চেয়েছিলেন। কাজী কেরামত আলী, কাজী এরাদত আলী, আকবর আলী মর্জি, ফকির আব্দুল জব্বারকে অনেকবার অনুরোধ করা হয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। যারা অন্যায় করেছে, তারা এখন জেলে রয়েছে। এতে তাদের কোন দোষ নেই। তাদের অপরাধের জন্য অনেকেই এখন জেলে এবং পালিয়ে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে পাশের দেশে পালিয়ে গিয়ে এখন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। গোপালগঞ্জসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। রাজবাড়ীতে কোনো প্রকার বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। দেশে উন্নয়ন শুরু হয়েছে। এখন পাশের দেশে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এদেশের জনগণ তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তাদের প্রতিহত করে আইনের আওতায় সোপর্দ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া এলাকায় সঞ্জয় পাইক নামে এক ব্যক্তির বিরুদ্ধে সুদের কারবার ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের মধ্যে কান্তদাস, মনীন্দ্র দাস ও হারুন খানসহ আরও কয়েকজন রয়েছেন। তাদের দাবি, আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার পরও স্ট্যাম্প ও চেক ফেরত দেওয়া হয়নি। এ নিয়ে তারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগীরা দ্রুত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলা প্রশাসক, দুমকি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে এ বিষয়ে সঞ্জয় পাইকের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ