ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন বড়থা বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৫ রাজশাহী


নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন বড়থা বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৫ রাজশাহী

এসআরবি প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি আভিযানিক দল গত ১০/১১/২০২৬ খ্রিঃ তারিখ ২০০০ ঘটিকার সময় নওগাঁ জেলার ধামুরহাট থানাধীন আড়ানগর ইউনিয়ন বড়থা বাজার এলাকা গ্রামস্থ বসতবাড়ি হতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ (৫৭), পিতা-মৃত আবুল কাশেম, সাং-দক্ষিন শ্যামপুর, থানা- ধামুরহাট, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ৬৭ (সাতষট্টি) পিচ, নগদ ৭০০০/- টাকা এবং মাদক কাজে ব্যবহৃত টি মোবাইলসহ নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামালনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার ধামুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার

বুলবুল আহম্মেদ ( বুলু)
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
তাং- ১১-১১-২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীতে ১০ নভেম্বর হতে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে বুধবার  (১১ নভেম্বর) মহানগরীর ১৩,২০ ও ২২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালিত হবে।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে  স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল, ঝোপঝাড়সহ মশার প্রজনন স্থানে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৩০টি ওয়ার্ডের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে  এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

নগরীর ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রশাসকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, প্রশাসকের এমন জনবান্ধন কাজগুলো নিয়মিত ও ধারাবাহিকভাবে চলমান থাকুক।
 
নগরীর ২২ নং ওয়ার্ডের আরেক বাসিন্দা শান্তু কুমার বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় রাসিক প্রশাসকের এমন উদ্যোগ নগরবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। নগরবাসীর কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা।

এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্যারের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম গতকাল থেকে আবারো শুরু করা হয়েছে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগ, মশক শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান জানালেন অপর্ণা রায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান জানালেন অপর্ণা রায়

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "দেশের যেকোনো সংকটময় মুহূর্তে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এগিয়ে এসে সমস্যার সমাধান করেছে।" বর্তমান জাতীয় প্রেক্ষাপটে সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

বুধবার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করা হয়।

সভায় গৌতম মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তরা শোবিজের স্বত্বাধিকারী স্বপন চৌধুরী, সমীর কুমার বসু, সমীর সরকার, অনিক সাহা তন্ময়, তনুব্রত দত্ত, বঙ্কিম চন্দ্র, বনিল রায়, সীমান্ত দাস, মনসুর আহমেদ খান ও খোকন প্রমুখ।

অপর্ণা রায় সভায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখার জন্য পূজা উদযাপন ফ্রন্টের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেল খাতের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে: আতিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


রেল খাতের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে: আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মন্তব্য করেছেন যে, রেল খাতে যারা দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন এবং বছরের পর বছর লোকসানী প্রতিষ্ঠানে পরিণত করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নতুন বাংলাদেশে দুর্নীতির সঙ্গে কোনো আপস গ্রহণযোগ্য হবে না।

বুধবার চট্টগ্রামের সিআরবি চত্বরে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল)-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘যেখানেই রেল, সেখানেই বিআরইএল’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিআরইএল চট্টগ্রাম অঞ্চল এই সমাবেশের আয়োজন করে।

বিআরইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি মো. মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বিআরইএল একটি আদর্শিক, জবাবদিহিমূলক, গঠনমূলক ও কল্যাণমূলক সংগঠন হিসেবে কাজ করছে। সংগঠনটির কল্যাণমূলক কার্যক্রম শুধু শ্রমিকদের জন্য নয়, বরং আপামর মুক্তিকামী মানুষের জন্য। রেল খাতের উন্নয়ন, জনসাধারণের সেবা নিশ্চিত করা এবং রেলকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই সংগঠনটির লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশে সরকার আসে, সরকার যায়; কিন্তু রেলের ভাগ্যের পরিবর্তন হয় না। সাধারণ মানুষ রেল থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না। বছরের পর বছর রেল অলাভজনক অবস্থায় পড়ে আছে। একইভাবে পরিবর্তন হয়নি রেলশ্রমিকদের ভাগ্যেরও। ফ্যাসিবাদী আমলে একজন রেলমন্ত্রী কালো বিড়াল ধরার কথা বলে নিজেই কালো বিড়ালের তালিকায় নাম উঠিয়েছিলেন এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন।

রেল খাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যারা রেলকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের একজন মন্ত্রীর ঠিকাদারের দেওয়া ‘উপহারের টাকা’ নেওয়ার বৈধতা নিয়ে বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা। নতুন বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে আতিকুর রহমান বলেন, সরকারের মধ্যে জবাবদিহি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রীকে আইনের আওতায় আনতে হবে। জনগণের করের টাকায় উন্নয়নকাজের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী আমলের দলবাজি ও অনিয়মের সংস্কৃতি চলতে দেওয়া যাবে না। রেলওয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দলবাজির পরিণতি কী হতে পারে, তা অতীত থেকে শিক্ষা নিতে হবে। রেলওয়েকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বিআরইএল কেন্দ্রীয় সভাপতি আক্তারুজ্জামান, পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, বিআরইএলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবিএম এহতেশাম উদ্দিন এবং কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুল আলম, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের ইলিয়াস হোসাইন, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের কামরুল হুদা এবং ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের তৌসিফ সুলতান রফি। অনুষ্ঠানে বিআরইএলের কেন্দ্রীয় ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং রেলওয়ের আবাসন ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান। তাঁরা রেলওয়ের বাসাবাড়ির অবৈধ দখলদার উচ্ছেদ, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং স্থান ও আয়তনভিত্তিক বাসাভাড়া নির্ধারণের আহ্বান জানান।

এ ছাড়া নিয়োগবিধি সংশোধন করে দ্রুত জনবল নিয়োগ, পদোন্নতি নিশ্চিত করা এবং রেলওয়ের সব পর্যায়ে দুর্নীতি বন্ধের দাবি জানান বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে জেলা প্রশাসনের কাছে ৪৩০টি কম্বল হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


ঝালকাঠিতে জেলা প্রশাসনের কাছে ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠি, ১১ নভেম্বর, ২০২৬ : বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ ৪৩০টি কম্বল জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে, যা শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে।

আজ বুধবার দুপুর ১২টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে কম্বলগুলো হস্তান্তর করেন সংস্থাটির জেলা পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, ‘আশা’র বরিশাল বিভাগের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন, জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. জাকির হোসেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশিষ কুমার মন্ডল, সাপোর্ট ইঞ্জিনিয়ার এ.টি.এম. আব্দুল্লাহ, ব্র্যাঞ্চ ম্যানেজার মো. লুৎফর রহমান ও কলি আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, বরং এটি সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের মানবিক দায়িত্ব।

বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন উদ্যোগ সরকারের পাশাপাশি শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, শীতের শুরুতেই অসহায় মানুষের জন্য ‘আশা’র এই উদ্যোগ প্রশংসনীয়।

সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

জেলা প্রশাসনের মাধ্যমে কম্বলগুলো প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%