০৭:৫০ পি.এম
শেরপুরের নালিতাবাড়ীতে ৭ বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে, তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
বুধবার ১১ (নভেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: অর্থ বিভাগের সাময়িক বরখাস্ত কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে ৭ বছর বয়সী ওই শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে রাইসুল হুদা, বোরহান উদ্দিন, জামিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন বাবু। কিন্তু শিশুর পরিবারের কাছে টাকা না থাকায়, তারা অপহরণকারীদের কাছে টাকা পাঠাতে ব্যর্থ হন।
পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজারে ওই শিশুকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর, ওই শিশু অপহরণকারী রাইসুলকে চিনতে পারে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর রাইসুল অপহরণের কথা স্বীকার করে তার সহযোগীদের নাম প্রকাশ করে। এ ঘটনায়, ওইদিনই শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ৪ জনসহ অজ্ঞাতনামা আরো ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে, নালিতাবাড়ীর থানার এসআই মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার এ সাজার রায় ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা
আসামিদের মধ্যে উপস্থিত রাইসুল ও জামিরুলকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন