ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি বন্ধ


দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি বন্ধ

দীপাবলি (কালীপূজা) উপলক্ষে আজ সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে, বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড এবং খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে, যদিও দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপাবলি উপলক্ষে আজ সোমবার ভারতীয় পেট্রাপোলের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। এই কারণে চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চুয়াডাঙ্গা ছাত্রদল নেতার

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, "দীপাবলী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ সোমবার পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।" তিনি আরও জানান, এ বিষয়ে চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানিয়েছেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি ইউনিয়নের প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ নামে নামকরণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


প্রতি ইউনিয়নের প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ নামে নামকরণের নির্দেশ

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার বিভাগ দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ককে ‘গ্রাম পুলিশ সড়ক’ নামকরণের নির্দেশনা প্রদান করেছে।

এছাড়া, ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণের মাধ্যমে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর তারিখে একটি চিঠির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ওই মহাসমাবেশে গ্রামীণ অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ককে ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণকৃত গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আসবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সামাজিক বনায়ন থেকে প্রাপ্ত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবেশের উন্নয়নে ব্যয় করা হবে।

স্থানীয় সরকার বিভাগ চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে, তারা নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে এ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।

এই নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


ইসরাইলের ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি ভরাডুবির সম্মুখীন হয়েছে। সিবিএস নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে ট্রাম্প নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে ভোটারদের ইসরাইলবিরোধী মনোভাবকে উল্লেখ করেন। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, মার্কিন নাগরিকরা ইসরাইলের কারণে যুক্তরাষ্ট্রের ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়ে পড়ায় এখন বিরক্ত ও ক্ষুব্ধ।

আরাগচি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই বুঝতে পেরেছেন, বেশির ভাগ মার্কিন নাগরিকই ইসরাইলের কর্মকাণ্ডে বিরক্ত ও ক্ষুব্ধ। তবে কেন এমনটি হচ্ছে, তা নিয়ে তাকে বেশ বিভ্রান্ত বলেই মনে হচ্ছে।’

এরপর তিনি আরও ব্যাখ্যা করেন, ‘ইসরাইল মার্কিন প্রশাসনগুলোকে কৌশলে প্রভাবিত করে একের পর এক অন্তহীন যুদ্ধে জড়িয়ে ফেলছে—এতে মার্কিন নাগরিকেরা স্পষ্টতই ক্লান্ত ও বিরক্ত। তারা আর এসব সহ্য করতে রাজি নন। আমাদের অঞ্চলও আর এসব যুদ্ধ চায় না।’

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ

পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ, চারদিকে গভীর অরণ্য আর নিচে গভীর ভয়ংকর খরস্রোতা ঝিরি। কোথাও খাড়া পাহাড় বেয়ে নামতে হয়, কোথাও এগোতে হয় পিচ্ছিল পাথর ধরে। কোথাও আবার পাহাড়ের গা ঘেঁষে সরু পথ ধরে চলতে হয় জীবনের ঝুঁকি নিয়ে।

এমন দুর্গম এক জনপদ বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকা। ওই এলাকার পদ্মমুখ ঝিরির প্রায় ৪০০ ফুট দীর্ঘ খুমপথ পারাপারে একটি সেতুর দাবি সেখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের। সেতু না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তাদের।

স্থানীয়রা বলছেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও এখনো নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এ উপজেলায় অন্তত ১৫টি পাহাড়ি গ্রামের বাসিন্দারা। তাদের কাছে শিক্ষা, চিকিৎসা, নিরাপদ যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহনের সুযোগ এখনো অনেকটাই অধরা।

প্রশাসনিক তথ্য ও নথিপত্র অনুযায়ী, থানচি বান্দরবান জেলার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচীন জনপদ। ১৯১৭ সালে রাঙামাটি জেলার বান্দরবান মহকুমার অধীনে রুমা, বলিপাড়া ও থানচি ইউনিয়ন নিয়ে থানা গঠিত হয়। ১৯৭৬ সালে থানচি থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে থানাকে উপজেলায় উন্নীত করা হয়।

বর্তমানে উপজেলায় রেমাক্রী, তিন্দু, থানচি সদর এবং বলিপাড়া ইউনিয়ন। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, থানচি উপজেলার মোট চার হাজার ৮৭২টি পরিবারের জনসংখ্যা ২৯ হাজার ৭৯০ জন।

বাসিন্দারা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠী মারমা, ম্রো (মুরং), ত্রিপুরা, বাঙালি, খুমি, বম, চাকমা ও খিয়াংসহ বিভিন্ন সস্প্রদায়ের প্রায় ৩০ হাজার মানুষের অধিকাংশই গভীর অরণ্যঘেরা দুর্গম পাহাড়ের ভেতর বসবাস করেন। তাঁরা আধুনিক যোগাযোগ ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম এখনো পাহাড়ের গায়ে জুমচাষ। বাপ-দাদার এই পেশা ধরে রেখে পাহাড়ে জীবনযাপন পরিবারগুলোর।

তারা জানান, প্রতিবছর নিজেদের উদ্যোগে পদ্মমুখ ঝিরিতে বাঁশের সাঁকো নির্মাণ করে কোনোমতে যাতায়াত করছেন। বর্ষায় ঝিরির পানিপ্রবাহ বাড়লে সেই সাঁকোও হয়ে ওঠে বিপজ্জনক। কখনো পানির স্রোত এতটাই ভয়ংকর হয় যে, পারাপার বন্ধ হয়ে যায়। তাই পদ্মমুখ এলাকায় একটি টেকসই সাঁকো কিংবা স্থায়ী সেতু নির্মাণের দাবি তাদের।

সাম্প্রতিক সময়ে থানচি সদর থেকে দেড়-দুই ঘণ্টার দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পদ্মমুখ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মঝিরির খুমপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খাড়া পাহাড়ের গা ঘেঁষে সরুপথ, নিচে গভীর খাদের ঝিরি। কোথাও পাথরের ওপর দিয়ে, কোথাও বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো ধরে চলাচল করছেন স্থানীয়রা। নেই কোনো স্থায়ী সেতু কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা।

বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর সরকার শত শত পিআইও সেতু নির্মাণ করলেও তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় পদ্ম ঝিরির খুমপথে একটি স্থায়ী সেতু নেই। এতে দুটি মৌজার অন্তত ১৫টি প্রামের মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর কযেক হাজার মানুষকে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা উজিরাম ত্রিপুরা ও খুবাইতি ত্রিপুরাসহ অনেকের ভাষ্য, প্রতিবছর নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করতে হয়। বাঁশ পচে গেলে কিংবা পানির স্রোতে ভেঙে গেলে আবার নতুন করে সাঁকো নির্মাণ করতে হয়। এতে অর্থ ও শ্রম ব্যয় হলেও স্থায়ী নিরাপত্তা মেলে না।

তারা বলেন, পাহাড়ে বসবাস করেন বলে তাদের জীবনযাত্রা এমনিতেই কঠিন। তার ওপর একটি ঝিরি পার হতে প্রতিদিন ঝুঁকি নিতে হয়। স্থায়ী সেতু হলে দুর্ভোগ অনেকটা কমবে।

জুমিয়া চাষিদের ভাষ্য, পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। দুর্গম পথ ও ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে সময় ও পরিবহন ব্যয় বাড়ছে, অনেক ক্ষেত্রে কৃষিপণ্য সময়মতো বাজারজাত করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য উহ্লামং মারমা বলেন, থানচি সদর থেকে পদ্ম ঝিরি প্রায় ১৫ কিলোমিটার দূরে। এই পথ দিয়ে ঝুঁকি নিয়ে অনেক পর্যটক চলাচল করেন। তার পরও নিরাপদে যাতায়াতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, অর্থ সংকটের কারণে ইউনিয়ন পরিষদের পক্ষে টেকসই সাঁকো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পদ্ম ঝিরির খুমপথে দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের জরুরি পদক্ষেপ কামনা করছি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, পদ্ম ঝিরিতে খুমের একপাশ বেয়ে চলাচলের পথটি স্থানীয়দের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে স্থানীয়দের আবেদন করতে বলা হয়েছে।

প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন করে আগামীতে প্রকল্প বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ স্বাক্ষরিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ স্বাক্ষরিত হবে

বাংলাদেশের ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার জন্য সৌদি আরবের সঙ্গে চূড়ান্ত দ্বিপক্ষীয় হজ চুক্তি আজ সোমবার স্বাক্ষরিত হতে যাচ্ছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করবেন।

আজকের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আগামী হজ মৌসুমে বাংলাদেশের হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার জন্য দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এদিকে রবিবার (৮ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজের কোটা ৮৩ হাজার ৫০০ জনে বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। ২০২৭ সালের হজের জন্য সৌদি সরকার শুরুতে একই পরিমাণ কোটা বরাদ্দ দেয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%