শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৩৪ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বর্তমান পরিস্থিতি এবং ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্যে রাজনৈতিক ঐক্য গড়ার উদ্দেশ্যে ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে আলোচনা করতে চায়। দলটি সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাবও দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংলাপের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানায় যে, সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজন করতে হবে।
অন্যদিকে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ডাকে আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। জামায়াত ১১ দলীয় ঐক্যের ব্যানারে জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংলাপের দিনক্ষণ সম্পর্কে বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে।
গোলাম পরওয়ার বলেন, সংলাপের দিনক্ষণ নির্ধারণ হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপে এনসিপি থাকার বিষয়টি তাদের জানানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড় রয়েছি। এছাড়া, সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, যেহেতু আমাদের দাবি দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রবিবার একসঙ্গেই বসব।
প্রধান শর্ত জুলাই সনদ বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক এবং সংলাপ দুটি ভিন্ন বিষয়। সংলাপের জন্য নিরপেক্ষ ভেন্যু প্রয়োজন। সেখানে দাবির বিষয় এবং ঐকমত্যে আসার বিষয় থাকে। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রধান শর্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলে অধিকাংশ সমস্যার সমাধান হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, যোগাযোগ ও আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে নয়, জোটগতভাবে সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপে অংশগ্রহণ হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারে সংলাপে বসব।
এই দুই সংলাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে, এবং এটি কোনো মামলা ছাড়াই ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এ সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই পোস্টে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার সাভার এলাকার নিজ বাসা থেকে লিটনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।
বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত তথ্যের সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে জানিয়েছেন যে, আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের বিরুদ্ধে কোনো মামলা নেই। এরপরও তাকে বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। তিনি এই ঘটনার বিষয়টিকে হয়রানিমূলক বলে দাবি করেছেন।
তথ্য সংগ্রহের পর জানা গেছে যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে লিটন সেরনিয়াবাত নিজ উপজেলা আগৈলঝাড়া ছেড়ে সাভারে অবস্থান করছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবসময় সক্রিয় ছিলেন। কিন্তু তাকে কারা, কী কারণে এবং কোন আইনি প্রক্রিয়ায় নিয়ে গেছে, সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন যে, আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের গ্রেপ্তারের বিষয়ে তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবদল নেতা ও সাবেক তুখোড় ছাত্রনেতা মো. আজিজুল হক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে, আজিজুল হকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, যুবদল নেতা শহিদুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম মামুন, সাহেব আলী ঘরামি, মো. সাদ্দাম হোসেন, মো. মেহেদি হাসান, মুন্না সিকদার, মো. আজাদ, মো. শাওন, মিঠু ও গোলাম রাব্বিসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে এক প্রতিক্রিয়ায় আজিজুল হক বলেন, "বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁদের নেতৃত্বে জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আমড়া আশাবাদী। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাঁই। দেশ ও দলের স্বার্থে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" তিনি নবনির্বাচিত জেলা নেতৃত্বের সফলতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল বিমানবন্দরের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টায় বাধা দেওয়ার কারণে শ্রী মিঠু হালদার নামক এক আনসার সদস্যকে গুরুতরভাবে আহত করা হয়েছে। আহত মিঠু হালদারকে ঘাস কাটার কাঁচি দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঘটনাটির সাথে জড়িত অভিযুক্ত রুহুল আমিনকে সিভিল এভিয়েশন নিরাপত্তা কর্মীরা আটক করেছে।
এটি ঘটেছিল শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭ টার দিকে। অভিযুক্ত রুহুল আমিন বরিশালের উত্তর রহমতপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। আহত আনসার সদস্য মিঠু হালদার পিরোজপুরের নাজিরপুর উপজেলার ধীরেন্দ্র হালদারের পুত্র।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমানবন্দরের ভেতরে ঘাস কাটার কাজের সময় রুহুল আমিন বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করেন। আনসার সদস্য মিঠু হালদার বাধা দিলে ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন তাকে কাঁচি দিয়ে আঘাত করেন। পালানোর চেষ্টা করার সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। আহত আনসার সদস্যকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ২০২৬-২৭ অর্থ বছরের বিভিন্ন খাতের বাজেট বরাদ্দের টাকা ভুয়া বিল ভাউচার ব্যবহার করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, ওই কার্যালয়ের সদ্য সাবেক পরিসংখ্যান কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মনিরুল হক বিদ্যুৎ বিল, কম্পিউটার সামগ্রী ক্রয়, কম্পিউটার মেরামত, মনহারি পণ্য এবং বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের জন্য সরকারি বরাদ্দের টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
এর আগে, নৌযান শুমারি কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার খাবার টাকার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে গত ১৮ অক্টোবর তাকে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়। ২৯ অক্টোবর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় ত্যাগ করার পর বরাদ্দের টাকা আত্মসাতের বিষয়টি আলোচনায় আসে।
দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, অফিস পরিচালনার জন্য চলতি অর্থ বছরে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থ বিভাগ। বরাদ্দ ছাড়ের ৭ দিনের মধ্যে মনহারি বাবদ ৩০ হাজার, কম্পিউটার সামগ্রী বাবদ ১৮ হাজার, অনুষ্ঠান ও উৎস বাবদ ১৪ হাজার, বিদ্যুৎ বিল বাবদ ৬ হাজার, কম্পিউটার মেরামত বাবদ ৪ হাজার, আসবাবপত্র মেরামত বাবদ ৩ হাজার এবং বইপত্র বাবদ ১৭শ টাকা সহ বিভিন্ন খাতের বরাদ্দের টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করেন মনিরুল হক।
নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত অফিস পরিচালনার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দের টাকা দিয়ে পুরো অর্থ বছর অফিস পরিচালনা করতে হবে। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে একসাথে ভুয়া বিল ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, চলতি অর্থ বছরে পরিসংখ্যান অফিসে কোনো অনুষ্ঠান বা উৎসব অনুষ্ঠিত হয়নি। এমনকি পরিসংখ্যান দিবসও উপজেলায় অনুষ্ঠিত হয়নি। এরপরেও অনুষ্ঠান ও উৎসব খাতের ১৪ হাজার টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করা হয়। যার পুরো টাকাই আত্মসাৎ করেন মনিরুল।
অপরদিকে, প্রতি অর্থবছরে বিদ্যুৎ বিলের বরাদ্দের টাকা উত্তোলন করা হয়। তবে প্রায় তিন বছরের ৮,৩১৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। প্রতি অর্থ বছরেই বিদ্যুৎ বিলের বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও বছরের পর বছর ধরে বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ না করে টাকা আত্মসাৎ করেন। বার বার পল্লী বিদ্যুৎ অফিস থেকে নোটিশ দেওয়া হলেও তিনি বিল পরিশোধ করেননি। সবশেষ ২০২৬-২৭ অর্থ বছরে বিদ্যুৎ বিল বাবদ ৬ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে উত্তোলন করেন। তবে সেই বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ না করেই বদলি জনিত কারণে কর্মস্থল ত্যাগ করেন। এবিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার বিদ্যুৎ ৬ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেন। এখনও ২৩১৭ টাকা বাকি রয়েছে। এদিকে, মনহারি খাতের ৩০ হাজার, কম্পিউটার সামগ্রী খাতের ১৮ হাজার, কম্পিউটার মেরামত বাবদ ৪ হাজার সহ বিভিন্ন খাতের টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠেছে।
পুরো এক বছরের টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে একদিনে উত্তোলনের বিষয়ে জানতে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গেলে কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী রাবেয়া বেগম ও চেইনম্যান আনোয়ার হোসেন বলেন, ‘বরাদ্দের টাকা উত্তোলনের বিষয়ে আমড়া কিছু জানি না। যিনি দায়িত্বে ছিলেন তিনিই ভালো বলতে পারবেন।
বরাদ্দের টাকা আত্মাসাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিরুল হক বলেন, কোনো টাকা আত্মসাৎ করিনি। কিছু বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। পরে গত মঙ্গলবার তা পরিশোধ করে দিয়েছি। এ বিষয়ে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক নাজমুল হক বলেন, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। যদি আত্মসাতের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ