১১:২৫ পি.এম
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর যুব বিভাগ। শুক্রবার বিকেলে নগরীর আলুপট্টি এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রাজশাহী মহানগরের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম। সেখানে মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারও বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ সেলিম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
সভাপতির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে মাদকের বিস্তার বেড়েছে এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলও মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা নিয়ে সমালোচনা করেন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার সংসদে এক নেতার মদ-সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে মাদকবিরোধী কঠোর অবস্থানের আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর, যুব বিভাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন